পাকিস্তানের হয়ে খেলেছেন ৮টি টেস্ট, ৭৯টি ওয়ানডে আর ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ। তবে ইমরান নাজিরের নামটা খুব পরিচিত বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও। ঢাকা লিগে বেশ কবারই খেলতে এসেছেন। খেলেছেন শারজায় অনুষ্ঠিত পিসিএলে, এবার এনসিএল টি-টোয়েন্টি ক্রিকেটে খেলছেন ঢাকা ডায়নামাইটসের হয়ে। কাল টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচ শেষে এসব নিয়েই কথা বললেন পাকিস্তানি ওপেনার বাংলাদেশে তো এর আগেও এসেছেন। এ নিয়ে কতবার হলো?ইমরান নাজির: অনেকবারই এসেছি। সাত-আটবার তো হবেই। প্রথম খেলতে আসি কলাবাগানের হয়ে। অনেক ছোট ছিলাম তখন। এখানকার ঘরোয়া ক্রিকেটে খেলাটা উপভোগ করেন?ইমরান: খুবই উপভোগ করি। ভালো ক্রিকেট হয় এখানে, ক্রিকেটাররাও ভালো। খেলায় প্রতিদ্বন্দ্বিতা আছে। আর আমি মনে করি আমার এখানে খেলাটা এখানকার তরুণ ক্রিকেটারদের জন্যও ভালো। আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে কী ভাবছেন? অনেক সম্ভাবনা নিয়ে এলেও দলেও তো নিয়মিত হতে পারলেন না...ইমরান: আমার বয়স এখন ২৯-৩০ হবে..., এখনো তো বুড়ো হয়ে যাইনি। সামনে অনেক সময় আছে। আশা করি, তাড়াতাড়িই আবার দলে ফিরব। শারজায় অনুষ্ঠিত পিসিএলে ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়াটাও নিশ্চয়ই খুব আনন্দের...ইমরান: ভালো খেলাটা সব সময়ই উপভোগ্য, আনন্দের। আর পিসিএল ভালো একটা টুর্নামেন্ট ছিল। উপভোগও করেছি। শারজায় কিছুটা বাড়তি মনোযোগ দিয়ে খেলেছি আমি, হয়তো সে কারণেই ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছি। এই টুর্নামেন্টেও ভালো খেলার আপ্রাণ চেষ্টা করব। শারজা আর এখানকার উইকেটের মধ্যেও খুব একটা পার্থক্য নেই। তবে সব দিন তো আর একরকম যায় না। নিজেকে ভালো খেলতে হবে, এটাই শেষ কথা। টি-টোয়েন্টি ক্রিকেটটা তো আপনার ব্যাটিংয়ের সঙ্গে খুব ভালো যায়, তাই না?ইমরান: (হাসি) আমি অন্তত তা মনে করি না। সবাই বলে, আমি নাকি টোয়েন্টি-টোয়েন্টির খেলোয়াড়। তবে আমার কাছে টেস্ট ক্রিকেটটাই ভালো লাগে। ওয়ানডেও খেলেছি অনেক। কেমন ব্যাটিং করব, সেটি আসলে নির্ভর করে আমি কী ধরনের ক্রিকেট খেলছি তার ওপর। দল হয়তো অনেক সময় চায় আমার ব্যাটিংটা টি-টোয়েন্টিতে ব্যবহার করতে, কারণ জোরে মারাটা আমি ভালোই পারি। তবে এটাও বলছি, আমি টি-টোয়েন্টি স্পেশালিস্ট নই। টি-টোয়েন্টি ক্রিকেটটা তাহলে সেভাবে উপভোগ করেন না?ইমরান: না না, তা না। টি-টোয়েন্টি ক্রিকেট আমি খুবই উপভোগ করি। কারণ আমি একজন মারকুটে ব্যাটসম্যান। টি-টোয়েন্টি আমার ভালোই লাগে, একইভাবে ওয়ানডে খেলতেও ভালো লাগে। আজ (গতকাল) প্রথমে হেলমেট পরে নেমেও পরে সেটা খুলে ব্যাট করলেন। সৈয়দ রাসেল কি এতটাই আস্তে বল করছিলেন?ইমরান: (হাসি) আমি আসলে ভেবেছিলাম ওরা তখন স্পিনার আনবে। আর বল আস্তেও হচ্ছিল। আপনারা তো জানেনই ওর বোলিং সম্পর্কে।