‘আমি টেস্ট খেলোয়াড় নই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে আফ্রিদির অধিনায়কত্বে মুগ্ধ এখন তাঁর এককালের নিন্দুকেরাও। অনেকেই তাঁকে টেস্ট দলে ফিরে ওয়ানডে ও টি-টোয়েন্টির মতো টেস্টেরও অধিনায়কত্বের ভার কাঁধে তুলে নেওয়ার পরামর্শ দিচ্ছেন। তবে বরাবরের মতো আফ্রিদি জানিয়ে দিয়েছেন, টেস্ট দলে ফেরার কোনো ইচ্ছা তাঁর নেই। কারণ, টেস্ট খেলার জন্য যে ধরনের দক্ষতার প্রয়োজন, সেটা তাঁর নেই।চিরদিনই মনের কথা অকপটে বলে দেওয়ার জন্য খ্যাতি রয়েছে আফ্রিদির। গত বছর নিরপেক্ষ ভেন্যু ইংল্যান্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে লর্ডস টেস্ট শেষ করেই জানিয়ে দিয়েছিলেন, তিনি আর টেস্ট খেলবেন না। এত অনুরোধ-উপরোধ সত্ত্বেও তিনি বলছেন, টেস্ট দলের অধিনায়কত্ব তো দূরে থাক, ক্রিকেটের ধ্রুপদী ফরম্যাটে খেলার যোগ্যতাই নাকি তাঁর নেই। আত্ম-প্রচারণার যুগে আফ্রিদির মুখ থেকে এমন কথা একটু বেমানানই শোনায়।‘আমি টেস্ট দলের অধিনায়কত্ব নিজের ইচ্ছায় নিইনি। ব্যাপারটি নিয়ে আমার ওপর যথেষ্ট চাপ ছিল। অনেকেই বলছিলেন, যেহেতু আমি ওয়ানডে দলের অধিনায়কত্ব করে সফল হচ্ছি, দলকে একসূত্রে গেঁথেছি, তাই আমি যেন টেস্ট দলেরও অধিনায়কত্বটা নিই।’ বলছিলেন আফ্রিদি। তিনি আরও বলেছেন, ‘আমি কখনোই টেস্ট খেলা উপভোগ করি না। আমি সে ধরনের খেলোয়াড়ই নই।’ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সফরের প্রথম ম্যাচে আজ খেলতে নামবে পাকিস্তান। সিরিজটি শুরু হচ্ছে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। ক্যারিবীয় সিরিজ শুরু হওয়ার আগে পাকিস্তান দল সম্পর্কে তিনি কিছু মন্তব্যও করেছেন। অধিনায়ক হিসেবে তাঁর কাছে মনে হয়েছে, এই দলটির সবচেয়ে বড় দুর্বলতা ব্যাটিং। তাঁর মতে, ‘বিশ্বকাপে আমরা পাওয়ার প্লের সুবিধা ঠিকভাবে নিতে পারিনি। যখন পাওয়ার প্লের সময়ে রানের চাকাটা দ্রুত ঘোরানোর সময় আসে, তখনই আমরা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করি। এটার উন্নতি প্রয়োজন।’দলে একজন খেলোয়াড় হিসেবে নিজের ভূমিকাটা নিয়েও ভাবছেন তিনি। তাঁর মতে, ‘পাকিস্তান দলে এই মুহূর্তে আমি একজন বোলিং অলরাউন্ডার। যে বোলিংটা খুব ভালো করে, ব্যাটিংয়ের দলের প্রয়োজনে জ্বলে ওঠে। আমি এই ভূমিকাটাই উপভোগ করছি। আমার বোলিং বিশ্বকাপে যথেষ্ট কাজে লেগেছে। আমি এটাকে আরও শানিয়ে নিতে চাই। তবে, হ্যাঁ, ব্যাটিংয়ে অফ ফর্মটা আর ভালো লাগছে না। ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজ সফরে কিছু একটা করতেই হবে।’ ওয়েবসাইট।