'আমি তো অবসর নিয়ে ফেলিনি!'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০৯টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ৩৫.২৯ গড়ে রান করেছেন ৬৩১৭। পাঁচ বছর ধরে জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই ছিলেন এত দিন। কিন্তু এবার বাদ পড়ে গেলেন বিসিএল থেকে। চারটি দলের জন্য নির্বাচকদের বাছাই করা সেরা ৮০ জনেও নিজের নাম না দেখে চোখ ভিজেছে রাজিন সালেহর

রাজিন সালেহ
রাজিন সালেহ

 বিসিএলের চার দলের ৮০ জন খেলোয়াড়ের মধ্যেও আপনি নেই। বাদ পড়ে নিশ্চয়ই খুব খারাপ লাগছে?
রাজিন সালেহ: খারাপই লাগছে...খুব খারাপ। অন্তত প্রথম শ্রেণীর ক্রিকেট খেলতে পারব আশা করেছিলাম। কল্পনাও করিনি সিলেট দলে থাকব না। কী বলব...। ফজরের নামাজের পর ইন্টারনেটে প্রতিদিন প্রথম আলো পড়ি। আজকের (গতকাল) পত্রিকাটা পড়ে চোখে পানি এসে গেছে। কোথাও আমার নাম নেই!
 কেন বাদ পড়লেন বলে মনে করেন?
রাজিন: জানি না। হয়তো পারফরম্যান্সের কারণে। কিংবা আমার বয়স বেশি। কিন্তু এসবই যদি বিবেচ্য হবে, তাহলে তো খেলোয়াড় তালিকায় আরও অনেকেরই নাম থাকার কথা নয়। সাম্প্রতিক সময়ে ভালো পারফর্ম করেনি এমন অনেকেই তো সুযোগ পেল। তারা কী করে এল? সিলেট-চট্টগ্রাম মিলে একটা দল হবে, আর সেখানে আমার জায়গা হবে না!
 নির্বাচকেরা বলেছেন দল গঠনের সময় নাকি খেলোয়াড়দের ভবিষ্যৎ সম্ভাবনার কথাও মাথায় রেখেছেন তাঁরা...
রাজিন: সেটাই যদি হয় তাহলে আমি বাদ পড়েও খুশি। তবে এটাও তো ঠিক, আমাকে না রাখলেও জাতীয় দলে আর ফিরে আসার সম্ভাবনা নেই এমন অনেক ক্রিকেটারের নামই আছে তালিকায়। সেগুলো কোন বিবেচনায় এল? তারা কীভাবে ডাক পায়!
 নিজের ক্যারিয়ার নিয়ে আপনার ভাবনাটা এখন কী?
রাজিন: জাতীয় দলে খেলব, এটা আর আমি ভাবি না। তাই বলে খেলাই ছেড়ে দিতে হবে! আমি পেশাদার ক্রিকেটার। যেখানে টাকা আছে খেলব। বিসিএলেও টাকা আছে। তবে বিসিএলে বাদ পড়ায় টাকা পাব না বলে খারাপ লাগেনি। এটা আসলে আমার আত্মসম্মানে লেগেছে। প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রায় সাড়ে ৬ হাজার রান আমার। আমি কেন এই পর্যায়ের একটা টুর্নামেন্ট খেলতে পারব না। আমি তো অবসর নিয়ে ফেলিনি!
 জাতীয় দলে অনেক দিন ধরে নেই। প্রথম শ্রেণীর ক্রিকেট থেকেও বাদ পড়ে যাচ্ছেন। ক্যারিয়ারটা এভাবেই শেষ হয়ে যাচ্ছে বলে মনে হয়?
রাজিন: আমি সেভাবে চিন্তা করছি না। আমার বিশ্বাস আমি অন্তত প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলতে পারি এবং অনেকের চেয়ে ভালোভাবেই পারি। জাতীয় দলের কথা চিন্তা করে নির্বাচকেরা নতুনদের ডাকতেই পারেন। তাই বলে আমাকে খেলা ছেড়ে দিতে হবে কেন?
 খেলা-টেলা নেই। সময় কাটাচ্ছেন কীভাবে?
রাজিন: দেখি জাতীয় লিগ হয় কি না। তবে সিলেটে আমরা কয়েকজন নিয়মিত প্র্যাকটিস করি। নিজেরা টাকা খরচ করে নিজেদের মধ্যে ৫০ ওভারের ম্যাচ খেলি। আজও (গতকাল) একটা খেলেছি। ঘাসের উইকেটে। এখন তো নিজেকে নিজের প্রশ্ন করতে ইচ্ছে করছে—কেন এসব করি? সিলেটে এখনো আমাদের ব্যাকআপ খেলোয়াড় তৈরি হয়নি। আমরা কয়েকজন খেলি বলেই ক্রিকেটটা টিকে আছে এখানে।
 বাদ পড়া নিয়ে নির্বাচকদের কারও সঙ্গে কথা হয়েছে?
রাজিন: প্রধান নির্বাচক ফারুক ভাইকে ফোন দিয়েছিলাম, উনি ধরেননি। সুমন (হাবিবুল বাশার) ভাইয়ের ফোন বন্ধ। তবে বোর্ড পরিচালক সুজন ভাইকে (খালেদ মাহমুদ) ফোনে পেয়েছি। উনি বললেন, ‘আমি কী করব বল...?’