'আমি তো নিজের খেলাটা খেলেছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমল রায়
অমল রায়

নিজের ১২তম ডেভিস কাপের মধ্যে এটিকেই সবচেয়ে বাজে টুর্নামেন্ট বলছেন। তবে অমল রায় নিজের কাজটা করলেও দলের অন্য সদস্যরা অনভিজ্ঞ হওয়ায় এবারের ডেভিস কাপে বাংলাদেশ ভালো করতে পারেনি। সমস্যাটা কোথায়? দুবাই থেকে ফোনে সেসব নিয়েই বললেন অনেক দিন ধরেই বাংলাদেশের টেনিসের সেরা খেলোয়াড়
 শেষ গ্রুপ ম্যাচেও তো কাল (পরশু) বাহরাইনের কাছে হেরে গেলেন। টুর্নামেন্টটা খারাপ গেল কেন বাংলাদেশের?
অমল রায়: এর চেয়ে আর ভালো আপনি কী আশা করবেন! চার ম্যাচের মধ্যে একটি জয় বাকি তিন ম্যাচেই আমরা হেরেছি। আসলে দলে আমি ছাড়া অন্যরা অনভিজ্ঞ। জামিল ভূঁইয়া, বিপ্লব রাম, আনোয়ার হোসেনদের এটিই প্রথম ডেভিস কাপ। কাজেই তাদের কাছে বেশি তো চাওয়া যায় না।
 তার মানে অভিজ্ঞতার অভাব অনুভব করেছেন
অমল: দলটা অভিজ্ঞ হলে ভালো হতো। ডেভিস কাপের মতো টুর্নামেন্টে আসলে অভিজ্ঞতা দরকার। একই সঙ্গে বলব, নতুনদের জন্য এটা সুযোগও। তারা এসে জানল ডেভিস কাপ কী? এটা কীভাবে খেলতে হয়। সেদিক থেকে নতুন খেলোয়াড় আসার একটা ভালো দিকও আছে।
 কিন্তু যে তুর্কমেনিস্তানের কাছে আগের পাঁচবারই বাংলাদেশ জিতেছে, সেই দলের কাছে এবার কেন ৩-০-তে হারতে হলো?
অমল: এটি ছিল টুর্নামেন্টে আমাদের প্রথম ম্যাচ। আমরা দুবাই এসেছি ঠিক ম্যাচের আগের দিন। উচিত ছিল আরও দু-তিন দিন আগে আসা। এখানে এসে কিছু বুঝে ওঠার আগেই কোর্টে নেমে পড়তে হলো। তাই ফল খারাপ হয়েছে। তা ছাড়া আমাদের প্রস্তুতিও যথেষ্ট ছিল না।
 এক-দেড় মাস তো অনুশীলন করে গেছেন। একেবারেই তো বিনা প্রস্তুতিতে দল পাঠানো হয়নি...
অমল: হ্যাঁ, তা ঠিক। কিন্তু এটাও যথেষ্ট নয়। শুধু অনুশীলন করলে হবে না। টুর্নামেন্ট খেলতে হবে। আমরা তো টুর্নামেন্ট খেলার সুযোগ পাই না। এ ধরনের টুর্নামেন্টে আসার আগে আপনাকে প্রচুর ম্যাচ খেলে আসতে হবে। সে সুযোগটা তো আমরা পাইনি।
 আপনার নিজের পারফরম্যান্সে নিজে খুশি?
অমল: দেখুন, ২০০২ থেকে ডেভিস কাপের এশিয়া-ওশেনিয়া অঞ্চলে দেশের হয়ে খেলছি আমি। এটি আমার ১২তম ডেভিস কাপ। এবারও কিন্তু আমি চারটি এককের মধ্যে তিনটি জিতেছি। দুটি দ্বৈতে খেলে একটিতে জয় পেয়েছি। আমি তো নিজের খেলাটা খেলেছি। নিজের পারফরম্যান্সে আমি অখুশি নই। তবে দলীয়ভাবে আমার খেলোয়াড়ি জীবনে সবচেয়ে বাজে ডেভিস কাপ এটিই।
 গতবার গ্রুপ তিন থেকে অবনমিত হয়ে এবার গ্রুপ চারে খেলেছে বাংলাদেশ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সর্বনিম্ন গ্রুপ চারেই থেকে যেতে হচ্ছে।
অমল: চেষ্টা তো করেছি। দল না পারলে কিছু করার নেই। দ্বিতীয় টাইয়ে ইরাককে ২-১-এ হারিয়ে আশাটা বাঁচিয়ে রেখেছিলাম। কিন্তু সিঙ্গাপুর ও বাহরাইনের কাছে ২-১ ব্যবধানে হার সব শেষ করে দিয়েছে। বাহরাইন ম্যাচে আমি এককে জিতলেও অন্য একক এবং দ্বৈতে হেরেছি আমরা। কাজেই গ্রুপ তিনে ফেরা হলো না।
 একসময় তো গ্রুপ দুইয়েও বাংলাদেশ খেলেছে। তাহলে কি বাংলাদেশের টেনিস ক্রমেই নিচে নামছে?
অমল: আমি খেলা শুরুর আগে গ্রুপ দুইয়ে বাংলাদেশ খেলেছে। আমি সর্বোচ্চ তিনেই খেলেছি। আমাদের এগোতে হলে প্রচুর টুর্নামেন্ট খেলার পাশাপাশি বাইরে ক্যাম্প করতে হবে। অন্য দলগুলোর কাছে শুনেছি, ওরা এখানে আসার আগে প্রচুর ম্যাচ খেলেছে এবং দু-তিন মাস বিদেশে ক্যাম্পও করেছে। আমরা তো এমনটা এখনো ভাবতেও পারি না।