
বোর্ড চাইলে দায়িত্ব চালিয়ে যাবেন নিউজিল্যান্ড সিরিজ পর্যন্ত। তবে বিসিবিতে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন কাউন্সিলর আকরাম খান প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়াতে পদত্যাগপত্র জমা দিয়েছেন এরই মধ্যে। অনেক ভূমিকায় অবদান রাখার পর এবার বোর্ড পরিচালক হয়েও ক্রিকেটের জন্য কিছু করতে চান তিনি
আপনি প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছেন বলে শোনা যাচ্ছে। বিষয়টা খুলে বলবেন?
আকরাম খান: ১৮ সেপ্টেম্বর আমি বোর্ড সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি। আমাকে বলা হয়েছে, বোর্ড সভার পর জানানো হবে পদত্যাগপত্র গৃহীত হলো কি না। কাল (আজ) বোর্ড সভা আছে।
বিসিবির নির্বাচনে অংশ নিতেই কি পদত্যাগ করলেন?
আকরাম: নির্বাচন যে করব, সেটা তো আগেই বলেছি। নির্বাচন করতে খুবই আগ্রহী আমি।
আজ একটা সভা করেছেন নির্বাচক কমিটির। কোচ ও ক্রিকেট পরিচালনা কমিটির প্রধানও ছিলেন সভায়। কী নিয়ে ছিল সেটা?
আকরাম: আসলে দলে অনেক চোট-সমস্যা আছে, নিউজিল্যান্ড সিরিজের আগে আরও অনেক কিছুই আছে আলোচনার। যেমন মাশরাফির ব্যাপারটা, ওর ব্যাপারে আমরা কী করব, চট্টগ্রামে অনুশীলনের ব্যাপার—এসব আলোচনা হয়েছে।
প্রধান নির্বাচক হিসেবে এটাই তাহলে শেষ সভা আপনার...
আকরাম: কালকে (আজ) সম্ভবত আমার পদত্যাগপত্র গৃহীত হবে। মনে হয়, এটাই শেষ। তবে একটা কথা আমি বলেছি, যেহেতু নান্নু ভাই (আরেক নির্বাচক মিনহাজুল আবেদীন) হজে যাচ্ছেন, সুমন (হাবিবুল বাশার) একা হয়ে যাচ্ছে, সে ক্ষেত্রে বোর্ড চাইলে আমি দেশের ক্রিকেটের স্বার্থে নিউজিল্যান্ড সিরিজ পর্যন্ত চুক্তি ও বেতন ছাড়াই কাজ করতে রাজি আছি।
প্রধান নির্বাচকের পদ তো অনেক সম্মান আর দায়িত্বের। সেটা ছেড়ে নির্বাচন করতে চাচ্ছেন কেন?
আকরাম: আসলে নির্বাচন করে আমি তো বোর্ডেই থাকতে চাচ্ছি। যদি জিততে পারি, তাহলে দেশের ক্রিকেটের জন্য আরও বড় দায়িত্ব পালন করব। তবে অনেক খারাপও লাগছে। অনেক দিন ছিলাম দায়িত্বে, অনেক ভালো একটা পরিবেশ ছিল। এখন অন্য রকম একটা জায়গায় যাচ্ছি। তবে আমার মূল লক্ষ্য হলো বাংলাদেশের ক্রিকেটকে আরও সাহায্য করা। নিজের কিছু পরিকল্পনা আছে, সেসব বাস্তবায়ন করা।
নতুন প্রধান নির্বাচক কে হতে পারেন—সে ব্যাপারে বোর্ডকে কোনো পরামর্শ?
আকরাম: আমাকে বলা হয়েছে, প্রয়োজন হলে আমার মতামত ওনারা নেবেন। তখন আমার কিছু বলার থাকলে আমি বলব।
এত দিন একসঙ্গে কাজ করছেন। আপনার সরে যাওয়ার সিদ্ধান্তটা কীভাবে নিচ্ছেন বাকি দুই নির্বাচক?
আকরাম: তাঁরা হয়তো এখনো ঠিকমতো বুঝতে পারছেন না কী করবে বা কী বলবে। তবে তাঁদের কাছে আমি কৃতজ্ঞ, দুজনই আমাকে অনেক সহায়তা করেছেন। সময়টা অনেক ভালো কেটেছে তাঁদের সঙ্গে। আশা করি, ভবিষ্যতে তাঁরা আরও ভালো করবেন।
আপনার কাউন্সিলর হওয়ার প্রক্রিয়া নিয়ে বিতর্ক আছে। মামলা-মোকদ্দমাও নাকি হতে পারে...
আকরাম: আমি আগেও বলেছি, এখনো বলছি গঠনতন্ত্র মেনেই আমি সবকিছু করেছি। সবকিছু আইন মেনে করেছি। আমি মনে করি এখানে কোনো অনিয়ম করা হয়নি।
নির্বাচক হিসেবে সবচেয়ে বড় অর্জন বলবেন কোনটাকে?
আকরাম: আমাদের সময় আমরা বেশ কয়েকজন ভালো ক্রিকেটার পেয়েছি। নাসিরকে আমরাই সুযোগ দিয়েছিলাম, গত দুই বছরে খুব ভালো পারফর্ম করছে ও। দল হিসেবেও বাংলাদেশ অনেক ভালো খেলেছে। এশিয়া কাপ বাংলাদেশে ক্রিকেটের জন্য ছিল টার্নিং পয়েন্ট। সবকিছু ঠিকঠাক চললে বাংলাদেশের ক্রিকেট আরও এগিয়ে যাবে।
খেলোয়াড়, অধিনায়ক, নির্বাচক, প্রধান নির্বাচক, ম্যানেজারও ছিলেন একবার অনূর্ধ্ব-১৯ দলের। এবার হয়তো বোর্ড কর্মকর্তাও হবেন। তো কোন ভূমিকাটা বেশি চ্যালেঞ্জিং ছিল?
আকরাম: দল নির্বাচনের কাজটাই অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। কারণ দল নির্বাচন নিয়ে সব সময়ই বিতর্ক থাকে। পরিচালক হতে চাওয়ার পেছনে বড় কারণ, আমার কিছু পরিকল্পনা আছে বাংলাদেশ ক্রিকেট নিয়ে। ওই কাজগুলো আমি করতে চাই। তা ছাড়া ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ের পর চট্টগ্রামে এক সংবর্ধনায় বলেছিলাম, চট্টগ্রামের ক্রিকেটের জন্য কিছু করতে চাই। বোর্ড পরিচালক হলে হয়তো সেটাও সম্ভব হবে।