‘আমি তোমাদেরই একজন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেলসিতে ফিরবেন, এটা জানাই ছিল। নয় বছর আগে এই ক্লাবে এসেই বলেছিলেন, ‘আমিই স্পেশাল ওয়ান’।হোসে মরিনহোর চেলসিতে ফেরা যেন আপন ঠিকানায় পা রাখার মতোই। স্টামফোর্ড ব্রিজে এসে তাই স্মৃতিকাতরতা ভাসিয়ে দিল পর্তুগিজ কোচকে। হয়ে পড়লেন আবেগাগ্লুত, ‘এখন আমি বলতে পারি, আমি তোমাদেরই একজন।’গত পরশু চেলসি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ইংলিশ এই পরাশক্তির নতুন কোচ খুলে দিয়েছেন হূদয়ের বন্ধ দুয়ার, ‘ফুটবলে আমি কখনো দুটি জিনিস গোপন করার চেষ্টা করিনি। চেলসি ও ইন্টার মিলানের প্রতি আমার আবেগ। এখন চেলসিই বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে।’ইন্টারে থাকতে দুবার চেলসির মুখোমুখি হয়েছিলেন মরিনহো। ২০১০ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে, হোম অ্যান্ড অ্যাওয়ে দুই ম্যাচেই জয় তাঁর। কিন্তু ওই সময়টা অন্য রকমই ছিল মরিনহোর ভাষায়, ‘চেলসির বিপক্ষে খেলা অনেক কঠিন ছিল। ২০০৪ সালে আমি যে প্রতিজ্ঞা করেছিলাম (চেলসিতে সাফল্য এনে দেওয়া), এখনো সেটিই করছি। তবে সেই আমি আর এই আমির মধ্যে অনেক পার্থক্য। আমি নিজেকে শুধু চেলসির ম্যানেজার ভাবছি না। এই প্রথম আমি একটা ক্লাবে ফিরেছি, যে ক্লাবকে আমি আসলেই ভালোবাসি।’আবেগের পারদ আরও চড়ে বসল মরিনহোর কণ্ঠে, ‘আমি মনে করি, এখানকার মানুষও আমাকে ভালোবাসে। জীবনে তো আপনি এটাই চাইবেন। জীবনটা সুন্দর, কিন্তু ছোট। আপনি কী চাইছেন, সেটি আপনাকেই খুঁজে বের করতে হবে।’ইংল্যান্ডে ফেরার আভাস অনেক দিন থেকেই দিয়ে আসছিলেন। স্পেন যে তাঁকে টানে না, সেটিও গোপন রাখেননি। মরিনহো বলছেন, ‘এটা সহজ সিদ্ধান্ত ছিল। আমি আমাদের বস, মানে রোমান আব্রাহিমোভিচের সঙ্গে দেখা করলাম। পাঁচ মিনিটে সংক্ষিপ্ত কিন্তু বাস্তব কিছু প্রশ্ন করলাম তাঁকে। এর পরই আমরা সিদ্ধান্তে চলে এলাম।’রিয়াল ছাড়তে পেরে কতটা ভারমুক্ত, দিলেন সেই ইঙ্গিতও, ‘বিদায়ের মুহূর্তটি কঠিন ছিল। তবে সবকিছু যদি ঠান্ডা মাথায় ভাবেন, তাহলে এটি আমার জন্য দারুণ এক ব্যাপারই।’২০০৪ সালে যখন এসেছিলেন চেলসিতে, তত দিনে পোর্তোকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়ে নিজের জাদু দেখিয়ে দিয়েছেন মরিনহো। এরপর অনেক ঝড়ঝাপটা সামলাতে হয়েছে। এখন মরিনহো নিজেই বলছেন, ‘আমি আগের মতোই আছি। কিন্তু অনেক বেশি পরিণত। চেলসিতে লম্বা সময় থাকার প্রস্তুতি নিয়েই আমি এসেছি।’ এএফপি, রয়টার্স।