‘আমি নই, গার্দিওলাই গুরুত্বপূর্ণ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসি বার্সেলোনার ‘সোনার ডিম পাড়া হাঁস’। তাঁকে হাতছাড়া করার কথা বার্সেলোনা দূর কল্পনাতেও কখনো ভাবে না। ভাবে যে না, এই তথ্যেই সেটা প্রমাণিত, অন্য আর দশজন ফুটবলারকে ঘিরে ক্লাব বদলের গুঞ্জন ছড়ালেও মেসিকে নিয়ে কখনোই নয়। এতেই স্পষ্ট, মেসি বার্সেলোনায় কতটা গুরুত্বপূর্ণ।কিন্তু মেসি বলছেন, ‘আমি নই, গার্দিওলাই আমার চেয়ে গুরুত্বপূর্ণ। এখানে আসার পর থেকে তিনি সবকিছুই বদলে দিয়েছেন। তিনি আসার পর আমরা অনেক কিছু জিতেছি। আমি বলব, গার্দিওলা আমাদের পরিকল্পনার মূল অংশ।’সাড়ে তিন বছরে বার্সেলোনাকে ১৩টি শিরোপা জেতানো গার্দিওলার চুক্তিটা শেষ হয়ে যাবে আগামী গ্রীষ্মেই। ক্লাবের পক্ষ থেকে চুক্তি নবায়নের প্রস্তাব দিয়ে রাখলেও ৪১ বছর বয়সী কোচ রাজি হচ্ছেন না। মেসি আশাবাদী, থেকে যাবেন গার্দিওলা, ‘আমরা প্রত্যেকেই তাঁর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। আমি মনে করি, তিনি থেকে যাবেন। এটা ক্লাব, সমর্থক, সর্বোপরি আমাদের জন্যই ভালো হবে।’ গার্দিওলার যোগ্য উত্তরসূরি খুঁজে পাওয়াটাও কঠিন হবে বলেই মনে করেন মেসি।কোচের জয়গান গাইতে গিয়ে বার্সেলোনার আর্জেন্টাইন তারকা দিয়েছেন একটা ব্যক্তিগত প্রশ্নের জবাবও। তাঁকে ঘিরে জমে ওঠা সর্বকালের সেরার আলোচনাটায় জল ঢাললেন এই বলে, ‘আমি সর্বকালের সেরা হওয়ার জন্য খেলি না।’গত বুধবার বেয়ার লেভারকুসেনের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে মেসি একাই করেছেন পাঁচ গোল। গত শনিবার রেসিং সান্তানদারের বিপক্ষেও দলের দুটি গোলই তাঁর। এই গোল দুটি নিয়ে মৌসুমে ৪৩ ম্যাচে ৫০ গোল মেসির। বার্সেলোনার হয়ে মোট গোল হয়ে গেছে ২৩৫টি। আর পাঁচটি হলেই ছুঁয়ে ফেলবেন বার্সার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা সিজার রদ্রিগেজকে।যা ফর্ম, রদ্রিগেজকে পেছনে ফেলে বার্সার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়াটা শুধুই সময়ের ব্যাপার। কিন্তু মেসির কথা, ‘আমি কোনো তারিখ নির্ধারণ করিনি, এত দিনের মধ্যে এটা আমাকে করতেই হবে। আমি সর্বকালের সেরা ফুটবলার হওয়ার জন্য খেলি না। আমি প্রথমত আমার দলের জন্য খেলি। তারপর সমর্থকদের জন্য। নিজের ব্যাপারটি তারও পরে।’ ওয়েবসাইট।