ওয়ানডে সিরিজ শেষ, তাঁর কাজও শেষ। প্রায় পুরো ক্যারিয়ারে এমনটাই দেখা গেছে। ৬ বছরের ওয়ানডে ক্যারিয়ারে যেখানে ম্যাচ খেলেছেন ৯৬টি, সেখানে ৪ বছরের টেস্ট ক্যারিয়ারে মোটে ৫টি! শুধুই ওয়ানডে বোলারের তকমাটা গা থেকে ঝেড়ে ফেলার আরেকটি সুযোগ পেয়ে আবদুর রাজ্জাক জানালেন টেস্ট দলে জায়গা পাকা করার সর্বোচ্চ চেষ্টাই করবেন তিনি... কত দিন পর আবার সাদা পোশাকে বাংলাদেশের হয়ে মাঠে নামছেন মনে পড়ে?আবদুর রাজ্জাক: হ্যাঁ, ১৬ মাস পর। নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকায় সর্বশেষ খেলেছিলাম (২০০৮ সালের অক্টোবরে)। রাজ্জাকের মতো বোলারকে কেন স্মৃতি হাতড়ে টেস্ট খেলার কথা মনে করতে হচ্ছে?রাজ্জাক: এটা নিয়ে আসলে আমি কোনো মন্তব্য করতে চাই না। টিম ম্যানেজমেন্ট, নির্বাচকেরা যা ভালো মনে করেছেন, তাই করেছেন। আমার কিছু বলার নেই। কিন্তু টেস্টে আপনার পারফরম্যান্সও তো ভালো নয়, ৫ টেস্টে মাত্র ৭ উইকেট, যেখানে ওয়ানডেতে ৯৬ টেস্টে ১৩৮ উইকেট...রাজ্জাক: হ্যাঁ, ভালো নয়। এই ৭ উইকেটের ৫টিই মনে হয় নিউজিল্যান্ডের বিপক্ষে এক টেস্টেই...(আসলে চারটি)। এর কারণ কী, ওয়ানডে ও টেস্টের রাজ্জাক কেন এত আলাদা?রাজ্জাক: আসলে অনেক কারণই আছে। আমি নিজেই অনেকাংশে দায়ী, বেশ কবার বল ছোড়ার অভিযোগ উঠেছে, পুনর্বাসন-প্রক্রিয়া কাটিয়ে আসতে হয়েছে। এসব তো একটা প্রভাব ফেলেই। নিউজিল্যান্ডের বিপক্ষে ওই সিরিজের পরই তো আরেকবার অভিযোগ উঠল। তারপর বোলিংয়ে বেশ কিছু পরিবর্তন আনতে হয়েছে, সব মিলিয়ে তাই ধারাবাহিক হওয়া হয়ে উঠেনি। তা ছাড়া শুরু থেকেই সবাই বলত আমার বোলিংটা ঠিক টেস্টের উপযোগী নয়, এটাও আমার মাথায় কাজ করত। প্রথম প্রথম যখন টেস্ট খেলতাম, আমার নিজেরই মনে হতো, ‘আমি পারব তো!’ আমি ধরেই নিয়েছিলাম টেস্ট এলেই আমাকে বাইরে বসে থাকতে হবে। সর্বকালের সেরা বাঁহাতিদের একজন বিষেন সিং বেদির কাছে কোচিং নেওয়ার পর একবার বলেছিলেন, টেস্টই আপনার মূল লক্ষ্য...রাজ্জাক: আসলে টেস্টই তো একজন বোলারের মূল লক্ষ্য হওয়া উচিত। আসল ক্রিকেট তো ওটাই। বেদির কাছ থেকে অনেক কিছু শিখেছিলাম। একটা টিপস আমার এখনো মনে পড়ে, বেদি বলেছিলেন ‘বোলিং করবে রংধনুর মতো করে, তীরের মতো ফ্ল্যাট নয়। না হলে টেস্টে কখনোই ভালো করতে পারবে না।’ কিন্তু আপনি তা একটু জোরের ওপর সোজা বলই করেন। ইদানীং অবশ্য ফ্লাইট একটু বেশি দিচ্ছেন, আপনার মূল অস্ত্র আর্ম বলটাও কম করছেন...রাজ্জাক: আমি আগে একটু জোরেই বল করতাম, আসলে আস্তে বোলিং করতে পারতাম না। অ্যাকশনের সমস্যায় বোলিংয়ে এখন অনেক পরিবর্তন আনতে হয়েছে। এখন একটু ঝুলিয়ে বল করি, এতে লাভই হয়েছে, ড্রিফটাও পাই, আগে যেটা ছিল না। তাহলে কি আশা করা যায় টেস্টেও এখন রাজ্জাককে নিয়মিত দেখা যাবে?রাজ্জাক: মুখে বলে তো লাভ নেই। মুখে বললাম এই করব, ওই করব, তারপর দেখা গেল পারলাম না, তাহলে তো আর লাভ নেই। আমি শুধু বলতে পারি, সর্বোচ্চ চেষ্টাটাই করব, তারপর যা হওয়ার হবে। এনামুল জুনিয়রকে না নিয়ে একাদশে আপনাকে নেওয়া হলো, দেশের মাটিতে তাঁর রেকর্ডটা কিন্তু অনেক ভালো...রাজ্জাক: এটা নিয়ে আমি কিছু বলব না, টিম ম্যানেজমেন্ট-নির্বাচকদের ব্যাপার। বোলার হিসেবে এনামুলকে কীভাবে মূল্যায়ন করবেন?রাজ্জাক: দেখুন, ভালো বোলার না হলে তো আর এনাম এতগুলো টেস্ট খেলে না, যোগ্য বলেই খেলেছে। ও অনেক ভালো বোলার। ওর মতো বোলারকে বাইরে থাকতে হচ্ছে, তার মানে দল হিসেবেও আমরা এগিয়ে যাচ্ছি। ওয়ানডেতে টানা দুই ম্যাচে কেভিন পেটারসেনকে আউট করেছেন, টেস্টেও নিশ্চয়ই করতে চান?রাজ্জাক: ওর মতো ব্যাটসম্যানের উইকেট কে না চায়, আমিও চাই। দেখা যাক, চেষ্টা তো করবই।