‘আমি নির্দোষ’, দাবি বাটের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর ইংল্যান্ডের বিপক্ষে আলোচিত স্পট ফিক্সিং কেলেঙ্কারির শুনানিতে নিজেকে পুরোপুরি নির্দোষ বলে দাবি করেছেন সালমান বাট। দুই পেসার মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরকে পরিকল্পিতভাবে প্রতারণা করার কোনো নির্দেশও তিনি দেননি বলে লন্ডনের কোর্টে দাবি করেছেন পাকিস্তানের সাবেক এই টেস্ট অধিনায়ক।গত বছরের সেপ্টেম্বরে লন্ডন পুলিশের সঙ্গে সালমান বাটের একটা কথোপকথন সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে গতকাল বিচারকদের শোনানো হয়। সেখানে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে বাট বলেছিলেন, ‘আমি কখনোই আমির বা আসিফকে প্রতারণা করতে বলিনি। তাদের মতো খেলোয়াড়কে যেকোনো দলই পেতে চাইবে। যখন আমরা দল নির্বাচন করি, তখন অবধারিতভাবে তাদের নাম দুটিই প্রথমে এসেছিল।’ কিন্তু জুয়ারি মাজহার মজিদ যেভাবে তিনটি নো বলের কথা ম্যাচের আগেই বলে দিয়েছিলেন, সেটাকে একটা ‘অদ্ভুত কাকতালীয় ঘটনা’ বলে উল্লেখ করেছেন সালমান বাট। অনৈতিকভাবে কোনো টাকা লেনদেন করেননি বলেও দাবি করেছেন তিনি। বলেছেন, ‘দেশের বিরুদ্ধে প্রতারণা করার জন্য কেউই আমাকে প্ররোচিত করতে পারে না। আমি ক্রিকেট খেলাটা খুব ভালোবাসি। আর এই খেলাটা আমি খেলি দেশের প্রতি ভালোবাসা থেকে। আমি প্রায় ১০ বছর ধরে পাকিস্তানের পক্ষে বিভিন্ন পর্যায়ে ক্রিকেট খেলেছি। কেউই আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করতে পারেনি।’ ইএসপিএন।