‘আমি পেলে নই’
নেইমারের মধ্যে অনেকেই খুঁজে ফিরছে পেলের ছবি। অনেকে আবার এখনই পেলের সঙ্গে এই ১৯ বছর বয়সীর তুলনাও করতে শুরু করেছে। ক্লাব বিশ্বকাপ খেলতে ক্লাব সান্তোসের সঙ্গে নেইমার এখন জাপানে। সেখানেও সান্তোসের ব্রাজিলিয়ান তারকার দিকে ছুটে গেল এমন প্রশ্ন। কিন্তু নেইমারের কাছে পেলে অনন্য, ‘তিনি একজন এবং একমাত্র, তিনি ফুটবলের রাজা।’ পেলের মানে পৌঁছানোটাও নেইমারের কাছে স্বপ্নের সমান, ‘তাঁর পর্যায়ে যেতে পারাটা হবে বিশেষ কিছু, আমার মনে হয় না তা পারব।’সান্তোস সরাসরি ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে। আগামী বুধবার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ জাপানের কাশিওয়া রেসল কিংবা মেক্সিকোর মন্টেরে। ফাইনালে উঠতে পারলে সম্ভাব্য প্রতিপক্ষের নাম বার্সেলোনা। টুর্নামেন্ট এবং নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে নেইমার বললেন, ‘এখানে আমার প্রমাণের কিছু নেই। আমি চাই, দলে অবদান রাখতে এবং দলকে শিরোপা জেতাতে।’যে পেলে তাঁর চিরনমস্য, সেই তিনিই কিনা দিন কয়েক আগে বলেছেন মেসির চেয়ে নেইমার অনেক ভালো। এখানেই পেলের চেয়ে একটু আলাদা হয়ে গেলেন ব্রাজিলের তরুণ স্ট্রাইকার এবং আরও একবার জানিয়ে দিলেন, বার্সা জাদুকর মেসিই এখন বিশ্বের সেরা খেলোয়াড়। এএফপি।