‘আমি প্রস্তুত’ জানালেন কাকা
বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৪৫ মিনিট খেলেছেন। পরদিন কোচ কার্লোস দুঙ্গাও বলেছিলেন, দুশ্চিন্তার কিছু নেই। তার পরও যাঁরা সংশয়ে ছিলেন, তাঁদের কাল চিন্তামুক্ত করলেন কাকা স্বয়ং। জানিয়ে দিলেন, ইনজুরি নিয়ে ভাবনার কিছু নেই, বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচেই খেলবেন তিনি।‘প্রতিদিনই আমার উন্নতি হচ্ছে। ইনজুরি নিয়ে আমি এখন মোটেও ভাবছি না। এখনো পর্যন্ত আমি পরিকল্পনামতোই সবকিছু করছি এবং বিশ্বকাপে আমাদের প্রথম ম্যাচের সময় আমি খুব ভালো অবস্থায় থাকব’—কাল সংবাদ সম্মেলনে বলেছেন কাকা। কুঁচকি ও বাঁ পায়ের ইনজুরিতে রিয়াল মাদ্রিদের হয়ে এ মৌসুমের প্রায় পুরোটাই মাঠের বাইরে কাটাতে হয়েছে তাঁকে, মিস করেছেন ব্রাজিলের অনুশীলনের প্রথম দিকটাও। ২৮ বছর বয়সী মিডফিল্ডারও স্বীকার করেছেন, ইনজুরিটা ঘাবড়ে দিয়েছিল তাঁকে, ‘আমি সত্যিই চিন্তিত হয়ে পড়েছিলাম। কিছুই করতে পারছিলাম না, কিন্তু এখন অনেক ভালোভাবে নড়াচড়া করতে পারছি। আমার নিবিড় চিকিৎসা চলছে। প্রথম ম্যাচের এখনো ১০ দিন বাকি, সে পর্যন্ত আমি সুস্থ হয়ে উঠব।’ ব্রাজিলের দলীয় চিকিৎসকও জানিয়েছেন, কাকার কুঁচকির ইনজুরি এখন আর কোনো সমস্যা নয়, বাঁ পায়ের ইনজুরিটাও প্রথম ম্যাচে মাঠে নামা থেকে আটকাতে পারবে না তাঁকে। বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ ১৫ জুন, উত্তর কোরিয়ার বিপক্ষে।২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলে ছিলেন কাকা, তবে ম্যাচ খেলা হয়নি একটিও। গত বিশ্বকাপে খেলেছেন, কিন্তু আলোটা বেশি ছিল রোনালদিনহো, রোনালদো, আদ্রিয়ানো, রবার্তো কার্লোসদের ওপর। কিন্তু ব্রাজিলের এই দলের প্রাণভোমরা তিনি, বলতে গেলে দলের একমাত্র মহাতারকাও। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ১০ নম্বর জার্সিটাও উঠছে তাই ২০০৭ সালে ফিফার বর্ষসেরা ফুটবলারের গায়ে। অধিনায়কের আর্মব্যান্ড থাকবে লুসিওর বাহুতে, কিন্তু আক্রমণভাগে নেতৃত্ব দিতে হবে তাঁকেই। কাকা জানালেন, তিনি প্রস্তুত, ‘আমি দলের নেতৃস্থানীয় একজন হওয়ার জন্য প্রস্তুত, প্রস্তুত দায়িত্ব নেওয়ার জন্য। এ ধরনের দায়িত্ব আমি সব সময়ই নিয়েছি।’ ওয়েবসাইট।