'আমি বৈপ্লবিক পরিবর্তনের পক্ষে নই'

বার্সেলোনায় ১৫ বছরের ক্যারিয়ারে যা কিছু জেতা সম্ভব সবই জিতেছেন। কার্লোস পুয়োল স্পেনের হয়ে জিতেছেন বিশ্বকাপ এবং ইউরোও।তবে স্প্যানিশ সেন্টারব্যাক জিততে পারলেন না হাঁটুর সঙ্গে যুদ্ধে। হাঁটুর চোটেই গত মে মাসে ফুটবলকে বিদায় বলা কার্লোস পুয়োল বিশ্বকাপ ফাইনালে এসেছিলেন স্পেনের প্রতিনিধি হয়ে। ব্রাজিলেই ফিফাডটকমকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন স্পেন, বার্সেলোনা ও নিজের ভবিষ্যৎ নিয়ে
l বিশ্বকাপে স্পেনের বাজে পারফরম্যান্স, সবাইকে বিস্মিত করে প্রথম রাউন্ড থেকেই বিদায়। এগুলোকে কীভাবে ব্যাখ্যা করবেন?
কার্লোস পুয়োল: আমাদের উচ্চাশা ছিল তাই এই বিদায় মেনে নেওয়া কঠিন। যেহেতু দূর থেকে দেখেছি তাই আমার জন্য ব্যাপারটা আরও বাজে ছিল। সবকিছুই দেখছি কিন্তু দলকে সাহায্য করতে পারছি না, খুব অসহায় বোধ করেছি। ছোটখাটো কিছু জিনিসই পার্থক্য গড়ে দিয়েছে। হল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে আমরা সহজেই ২-০ গোলে এগিয়ে যেতে পারতাম। কিন্তু উল্টো ১-১ হয়ে গেল। বিরতির পর ওরা (হল্যান্ড) ভালো খেলল, তবে আমরা গোলটি (দ্বিতীয়) দিতে পারলে গল্পটা অন্য রকম হতে পারত। এ রকম বড় ব্যবধানে হারলে পরের ম্যাচে নিজেদের ফিরে পাওয়াটা কঠিন হয়ে যায়। এরপর আমরা অনেক দিন ধরেই ভালো খেলা চিলির কাছেও হেরে গেলাম।
l এখান থেকে লা রোজাদের কীভাবে সামনে এগোনো উচিত বলে আপনি মনে করেন?
পুয়োল: আমি বৈপ্লবিক পরিবর্তনের পক্ষে নই। প্রায় সবকিছুই জেতা কোনো দল যখন বছর খানেক কিছু জিততে পারে না তখন লোকজন পরিবর্তনের কথাই তোলে। আমার কাছে আগের জয়ের অভিজ্ঞতাগুলো বেশ গুরুত্বপূর্ণ। পুনর্গঠন-প্রক্রিয়াটা হিসাব করে করতে হবে। আগের অর্জনগুলোকে ফেলে দেওয়া যাবে না। আমাদের গ্রেট সব খেলোয়াড় আছে। এদের অনেকেই হয়তো শেষ বড় কোনো টুর্নামেন্ট খেলে ফেলেছে। আমাদের উচিত ওদের ও কোচকে ভবিষ্যৎ নিয়ে ভাবার সুযোগ দেওয়া। হঠকারী কিছু করা উচিত হবে না। আমি এখনো বিশ্বাস করি বর্তমান দলটা অসাধারণ, সামনের বছরগুলোয়ও দারুণ সব খেলোয়াড় উঠে আসবে।
l ব্যক্তিগতভাবে তো আপনিও একটা যুগের অবসান করলেন। গত মে মাসে অবসর নিলেন, সিদ্ধান্তটা কীভাবে হলো?
পুয়োল: গত দুই মৌসুমে আমি সব ধরনের চেষ্টাই করেছি। দু-দুবার অস্ত্রোপচার করিয়েছি, আরও কত ধরনের চিকিৎসা নিয়েছি, কিন্তু হাঁটুটা আর ঠিক হলো না। কঠিন হলেও অবসরের সিদ্ধান্ত সঠিকই ছিল। শরীরের একটা অঙ্গ সাড়া দিচ্ছে না, এটা হতাশাজনক ব্যাপার। আপনি কিছু করতে চাচ্ছেন কিন্তু পারছেন না, অনুভূতিটা একই সঙ্গে বিষাদের, রাগের ও হতাশার। আমি এখন নতুন ধরনের চিকিৎসা নিচ্ছি। তবে এটা আবার খেলার জন্য নয়। স্বাভাবিক জীবনে ফেরার জন্যই এই চেষ্টা। এখন তো সিঁড়ি বেয়ে ওঠাটাই বেশ কষ্টের।
l ব্রাজিলে কামড়-কাণ্ডের পর লুইস সুয়ারেজকে বার্সেলোনার দলে টানার ব্যাপারে আপনার মন্তব্য কী?
পুয়োল: সুয়ারেজ যা করেছে সেটার পক্ষে কোনো যুক্তি হয় না। তবে মাথা গরম করে ফেললে এমনটা হতেই পারে। যা-ই হোক, সে এটার জন্য ক্ষমা চেয়েছে। সে অসাধারণ এক ফুটবলার, চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং বেশি বেশি গোলও করতে পারে। আমি মনে করি বার্সার মানসম্পন্ন আক্রমণভাগে সে আরও কিছু যোগ করতে পারবে। লুইসকে নিয়ে আমরা আরও শক্তিশালী হব।
l বার্সেলোনার জন্যও সময়টা পরিবর্তনের। অনেক বড় খেলোয়াড় চলে গেছেন, যাঁদের মধ্যে আপনি ও ভিক্টর ভালদেসসহ দুজন অধিনায়ক আছেন। ক্লাব কীভাবে মানিয়ে নেবে?
পুয়োল: এটা ঠিক, ইতিহাস সৃষ্টিকারী খেলোয়াড়েরা চলে যাচ্ছে, কিন্তু এটাই তো জীবন। এ রকম সময় আসবেই। কখনো চোটের কারণে, যেমন আমি। কখনো বা পরিবর্তন চাওয়াতে, যেমন ভিক্টর। আমরা যখন প্রথম এখানে এলাম, অন্যরা চলে গিয়েছিল। চক্রটা চলবেই। সবচেয়ে বড় ব্যাপার হলো খেলোয়াড়দের চেয়ে দলের গুরুত্বই বেশি।