‘আমি ভুল করেছিলাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবাইকে চমকে দিয়ে অবসর নিয়ে ফেলেছিলেন, সেই রেশ কাটতে না-কাটতেই আবার নিয়েছেন ফিরে আসার সিদ্ধান্ত। বোর্ডের কেন্দ্রীয় চুক্তি বাতিল এবং তিন মাসের নিষেধাজ্ঞা পাওয়ার পরদিন রকিবুল হাসান জানালেন তাঁর অবসর, ফিরে আসা আর ভবিষ্যত্ পরিকল্পনা নিয়ে... আবার তো ক্রিকেটে ফিরছেন, কেমন লাগছে?রকিবুল হাসান: ভালো, খুব ভালো লাগছে। দেশের হয়ে খেলতে কে না চায়, এর চেয়ে বড় সম্মানের আর কী আছে? আবার দেশের হয়ে খেলতে পারব ভেবেই ভালো লাগছে। কিন্তু এই সম্মানটা তো নিজের হাতেই ছুড়ে ফেলেছিলেন, সবাইকে অবাক করে দিয়ে অবসর নিয়ে নিলেন...রকিবুল: আসলে আবেগের বশবর্তী হয়ে মানুষ কত কিছুই তো করে। আর মানুষের জীবনে ভুলও হয়। আমি ভুল করেছিলাম, ইমোশনাল হয়ে বড় একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। ইমোশনাল হয়ে এমন সিদ্ধান্ত নিয়ে আমি বড় একটা ভুল করেছিলাম। ভুলটা কখন বুঝতে পারলেন? ফিরে আসার ইচ্ছাটা জাগল কখন?রকিবুল: তিন-চার দিন পরই। আর ক্রিকেট খেলব না ভাবতেই খুব মন খারাপ লাগছিল, কেমন ফাঁকা ফাঁকা লাগছিল। বাবা-মা, ভাইবোনেরা যখন বোঝাল তখন মনে হচ্ছিল, কী করলাম। দেশের প্রতিনিধিত্ব করা একটা বিশাল ব্যাপার, আর আমি সুযোগ পেয়েও নিলাম না, খুব খারাপ লাগছিল। অনেক সাবেক ক্রিকেটার, সাবেক অধিনায়কেরাও ফোন করে কথা বলেছেন। অবসর নেওয়ার কারণটা আসলে কী ছিল, আগে যেমন বলেছিলেন তেমনটাই কি?রকিবুল: হ্যাঁ, তাই। আসলে দল থেকে বাদ পড়লে কার না খারাপ লাগে বলুন? টি-টোয়েন্টির দল থেকে বাদ পড়লাম, ওয়ানডে দলে জায়গা হলো না, মনটা খারাপ হয়ে গিয়েছিল। নিয়মিত ক্রিকেটার হয়েও যদি দলে না থাকি, তাহলে কি ভালো লাগে? খুব বেশি হতাশ হয়ে পড়েছিলাম। আপনি অবসর নেওয়ার পর তো আপনার পরিবারের সবারও মন খারাপ হয়ে গিয়েছিল...রকিবুল: তা তো হবেই, পরিবারের একটা ছেলে দেশের হয়ে খেললে সবারই গর্ব থাকে। অবসর নেওয়ার পর সবাই আমার পাশে ছিল, সবাই অনেক বুঝিয়েছে যে আমার সিদ্ধান্তটা মনে হয় ঠিক না। সতীর্থদের সঙ্গে যোগাযোগ হয়নি?রকিবুল: হ্যাঁ, সবার সঙ্গেই কথা হয়েছে। আমার ফিরে আসার একটা কারণ এটাও। সবাই আমাকে অনেক বুঝিয়েছে, বলেছে ‘তুই অনেক ভালো খেলোয়াড়, কেন ছাড়বি’ এসব।  ফিরে আসার সিদ্ধান্ত নেওয়ার পর কথা হয়নি?রকিবুল: হয়েছে, সবাই বলেছে ভালো করেছিস। বাংলাদেশ ইংল্যান্ডের সঙ্গে সিরিজ খেলছে, আপনারও তো এর অংশ হওয়ার কথা ছিল। খারাপ লাগছে না?রকিবুল: চট্টগ্রাম টেস্ট দেখেছি টিভিতে, আজও (কাল) দেখেছি। দলের বাইরে থাকলে তো খারাপ লাগারই কথা। মাঠের ক্রিকেট, প্র্যাকটিস, মাঠের বাইরের আবহ, দলের পরিবেশ, সবাই মিলে মজা করা, সবকিছুই খুব মিস করছি। ক্রিকেট বোর্ড তো চুক্তি বাতিলসহ তিন মাস দলে নিষিদ্ধ করল। আপনার প্রতিক্রিয়া কী?রকিবুল: একজন খেলোয়াড়ের জন্য মাঠের বাইরে বসে থাকার মতো কষ্টের কাজ আর নেই, তিন মাস তো অনেক সময়। তার পরও আমি এটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছি। ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক, অবশ্যই ক্রিকেটের ভালো চায় তারা। নিশ্চয়ই ভেবেচিন্তে ক্রিকেটের ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। ইংল্যান্ডে ওয়ানডে সিরিজের আগেই নিষেধাজ্ঞার মেয়াদকাল শেষ হবে, ওই সিরিজেই ফেরার আশা করছেন?রকিবুল: আসলে আমি কোনো লক্ষ্য ঠিক করছি না। কবে ফিরতে পারব জানি না, শুধু জানি যত তাড়াতাড়ি সম্ভব ফিরতে হবে।