‘আমি মেসির চেয়েও ভালো ফুটবলার’
ফুটবল জগতে সবচেয়ে আলোচিত বিতর্ক—কে এই সময়ের সেরা ফুটবলার? লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো? টানা তিনবার ফিফার বর্ষসেরা পুরস্কার জিতে নিজেকে রোনালদোর থেকে কিছুটা এগিয়েই রেখেছেন মেসি। তবে এবারের মৌসুমে বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ লিগের শিরোপা জেতার পর নিজেকেই সেরা বলে ঘোষণা করেছেন রিয়াল মাদ্রিদের তারকা স্ট্রাইকার রোনালদো। তবে তাঁদের মধ্যে তুলনা করাটা সব সময় ঠিক না বলেও সতর্ক করে দিয়েছেন এই পর্তুগিজ ফুটবলার।ইউরোপিয়ান ফুটবলের এবারের মৌসুমে রোনালদোর দুর্দান্ত পারফরমেন্সে সওয়ার হয়ে লা লিগার শিরোপা নিজেদের ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লিগের এক মৌসুমে নিজের সর্বোচ্চ ৪৬টি গোল করেছেন রোনালদো। সব প্রতিযোগিতা মিলিয়ে তাঁর গোল সংখ্যা ৬০। এবারের মৌসুমের এই দুর্দান্ত পারফরমেন্সের পর সিএনএনের সঙ্গে এক বিশেষ সাক্ষাত্কারে রোনালদো বলেছেন, ‘কেউ বলে আমি ভালো, অন্যরা বলে মেসির কথা। কিন্তু সবশেষে সবাই হিসেব করতে বসে যে কে এসময়ের সেরা ফুটবলার। আর এই মুহূর্তে আমার মনে হয়, এটা আমিই।’ তবে সব সময় যে এই সেরার বিচার করাটা ঠিকও না, সেটাও স্মরণ করিয়ে দিয়েছেন রোনালদো। তাঁর মতে, ‘কিছু কিছু সময় এই তুলনা করার ব্যাপারটাতে আমি খুব ক্লান্ত বোধ করি। আপনি একটা ফেরারির সঙ্গে পোরশের তুলনা করতে পারবেন না। কারণ, দুটি গাড়িই সম্পূর্ণ ভিন্ন দুটি ইঞ্জিনে চলে। মেসি বার্সেলোনার জন্য সেরা খেলাটা খেলে। আমি নিজের সেরাটা খেলতে চাই রিয়াল মাদ্রিদের পক্ষে।’এবারের মৌসুমটাকে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা মৌসুম বলেও বিবেচনা করছেন রোনালদো। কারণ, এবারই প্রথমবারের মতো স্প্যানিশ লিগের শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন এই পর্তুগিজ স্ট্রাইকার। তিনি বলেছেন, ‘আমার ক্যারিয়ারের একটা স্বপ্ন ছিল এখানে মাদ্রিদের পক্ষে স্প্যানিশ লিগ শিরোপা জয়। এটাই আমার ক্যারিয়ারের প্রথম। ফলে আমি খুবই খুশি। ব্যক্তি পারফরমেন্স বিবেচনা করলেও এই মৌসুমটা আমার জন্য ছিল দুর্দান্ত। আমি নিজের আগের সব রেকর্ড ভেঙে দিতে পেরেছি। বার্সেলোনার সঙ্গে প্রতিযোগিতাটা সব সময়ই খুব কঠিন। আর আমরা তাদের থেকে নয় পয়েন্ট বেশি নিয়ে শিরোপা জিততে পেরেছি। সব মিলিয়ে এটা একটা দারুণ মৌসুম ছিল।’