'আমি যা করেছি, তা নিয়ে গর্বিত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যাক ক্যালিস
জ্যাক ক্যালিস

জ্যাক ক্যালিস বিদায় নিলেন ক্যালিসের মতো করেই, আরও একবার নিভৃতে সেঞ্চুরি করে দলের জয়ে অবদান রেখে। দেখালেন, কীভাবে বিদায়মঞ্চটাও নিজের করে নিতে হয়। পেশাদার ক্রিকেটারের মতো আজীবন মাঠে আবেগ সামলে এসেছেন। কিন্তু পরশু ডারবান টেস্ট শেষে সংবাদ সম্মেলনে প্রোটিয়া এই অলরাউন্ডার ছিলেন ভীষণ আবেগাপ্লুত

 অবসরের সিদ্ধান্ত প্রসঙ্গে
দিনটা কঠিন ছিল আমার জন্য, সিদ্ধান্তটাও। তবে এ এক অসাধারণ পথচলা। যেভাবে মানুষ আমার পাশে দাঁড়িয়েছে, যেভাবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমাকে সম্মান দিয়েছে, সেটা দারুণ এক অনুভূতি। আমার সতীর্থরা আমাকে একটা দারুণ ম্যাচ উপহার দিয়েছে। এর চেয়ে ভালো বিদায় আর হতে পারে না। আমার মনে হয়, আমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছি।
আমার নিজের কাছেই মনে হচ্ছিল কিছুটা ধার কমে গেছে, কারণ পাঁচ দিন ধরে খেলাটা মানসিকভাবে খুব কঠিন হয়ে পড়ছিল। শতভাগ দিতে না পারলে দলে থাকাটা ঠিক নয়।
আমি অসাধারণ ১৮ বছর কাটিয়েছি। এরপর একদিন ঘুম ভাঙার পর মনে হলো, এটাই সময়। আমি যখন শুরু করেছিলাম তখন ভেবেছিলাম, এর চেয়ে ভালো অবস্থায় থেকে শেষ করব। আমার মনে হয়, আমি সেটা করতে পেরেছি।
 বিদায়ের অনুভূতি
এই মুহূর্তটা আমার জন্য খুব আবেগময়। আমার বাবা মাঠে বসে আমার খেলা দেখছিলেন। আমার বোনও এসেছিল দেখতে। আমি খুব আনন্দিত যে আমার পরিবার আমার প্রথম টেস্ট এবং ডারবানে শেষ টেস্ট—দুটোই দেখেছে।
 মাঠে ভারতীয়দের গার্ড অব অনার পাওয়ার অনুভূতি
আমি মহেন্দ্র সিং ধোনি ও তার দলকে ধন্যবাদ দিতে চাই গার্ড অব অনারের জন্য। এটা আমার জন্য বিশেষ কিছু এবং আমি কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। মনে মনে আমি খুশি হয়েছি আমাকে মাঠে গিয়েই পরের বলটার মুখোমুখি হতে হয়নি বলে। কারণ ওই সময়ে আমি খুব আবেগাপ্লুত ছিলাম।
 ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিটাই সেরা কি না
বেছে নেওয়া কঠিন। তবে ক্যারিয়ারের শুরুর দিকে আমি যেভাবে প্রস্তুতি নিতাম, এখনো সেভাবেই প্রস্তুত হই। আমার খুব বেশি কিছু বদলায়নি। প্রথম টেস্টে আমার ভালো করার যে প্রবল ইচ্ছা ছিল, সেটা শেষ টেস্টেও ছিল।
 টেস্টে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হওয়া প্রসঙ্গে
আমি কখনো রেকর্ড বা পরিসংখ্যানের জন্য খেলিনি। আমি পরিস্থিতি বুঝে সেরাটা খেলার চেষ্টা করেছি। রেকর্ড আমার কাছে কখনো খুব গুরুত্বপূর্ণ ছিল না। আমি মনে করি, টেন্ডুলকারের রেকর্ড খুব সহজে কেউ ভাঙতে পারবে না। তবে আমি যা করেছি, তা নিয়ে আমি গর্বিত।
 এখন যার অভাব অনুভব করবেন
বলা কঠিন। ক্রিকেটের অভাব তো কিছুটা অনুভব করবই। তবে সবচেয় বেশি অনুভব করব বন্ধুত্ব। ড্রেসিং রুমে আমাদের সময়গুলো—ভালো সময়, কঠিন সময়, হারের সময়। সবার সহযোগিতাটাও মিস করব অনেক। আমি খুব ভাগ্যবান যে বব উলমার আর ডানকান ফ্লেচারের মতো কোচের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি।
 যাদের ধন্যবাদ দিতে চান
এমন অনেক সময় গেছে, যখন আমি আমার বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটাতে পারিনি। ওই সময়গুলোতে আমাকে বোঝার জন্য তাদের সবাইকে ধন্যবাদ। আমি জানি, অনেকে আমার খেলা দেখার জন্য অনেক দূর থেকে ডারবানে এসেছে। আমি তাদের ধন্যবাদ দিতে চাই।
ডেভ রান্ডল একজন দারুণ কোচ এবং আমি তার কাছে কৃতজ্ঞ। সব শেষে আমি ধন্যবাদ দিতে চাই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন মানুষকে। ছোটবেলায় আমাদের সবার স্বপ্ন থাকে বাবা-মাকে গর্বিত করার। বাবা, মা—আমার মনে হয় আমি তোমাদের গর্বিত করতে পেরেছি।
 জ্যাক ক্যালিস ফাউন্ডেশন প্রসঙ্গে
আমি শুরুতেই স্পনসরদের ধন্যবাদ দিতে চাই, ওরা আমার এই ফাউন্ডেশনের জন্য অর্থ সংগ্রহ করে দিয়েছে। ফাউন্ডেশনের ছেলেমেয়েরা এর জন্য তাদের কাছে কৃতজ্ঞ। এই ফাউন্ডেশনটা আমার খুব প্রিয় এবং আমি এখন এটার সঙ্গে আরও ভালোভাবে যুক্ত হব। স্পনসরদের অর্থটা ফাউন্ডেশনকে অনেক দূর এগিয়ে দেবে।
(দ্য টেলিগ্রাফ থেকে ভাষান্তর)