‘আমি শচীনের ধারেকাছেও নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আত্মজীবনী নিয়ে এখন তিনি তুমুল আলোচনায়। খেলোয়াড়ি জীবনে বিতর্ক ছিল নিত্যসঙ্গী, তেমনি বিতর্কের ঝড় তুলেছে তাঁর কন্ট্রোভার্সিয়ালি ইয়োরস। ভারতীয় টিভি চ্যানেল সিএনএন-আইবিএনের সঙ্গে সাক্ষাৎকারেও দারুণ খোলামেলা কথা বলেছেন শোয়েব আখতার আপনি লিখেছেন বল টেম্পারিং হরহামেশাই হচ্ছে। নিজে করার কথাও স্বীকার করেছেন...শোয়েব: বইয়ে লিখেছি ক্রিকেটে দুটো জিনিস হয়ে আসছে—বল টেম্পারিং ও ম্যাচ ফিক্সিং। পাকিস্তানি পেসারদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে টেম্পারিংয়ের যে অভিযোগ চলে আসছে, সেটা তাহলে সত্যি?শোয়েব: হ্যাঁ, এবং ইংলিশ ক্রিকেটাররাও টেম্পারিং করে। শচীন করেছে, কিউই ক্রিকেটাররা করেছে। পুরো বিশ্বই করে। সব সময়ই এটা হয়ে আসছে। তবে আমি এটাকে বলি বলের যত্ন নেওয়া। বলের নোংরা পাশটাকে আরও নোংরা করা। এই অংশকে ভেজানো যাবে না, তেলতেলে করা যাবে না, হাতের তালুতে নেওয়া যাবে না। বল এই অবস্থায় এলে সেটিকে সুইং করাতে জানতে হয়, রিভার্স সুইং করানোর মতো পেস লাগে। ওয়াসিম-ওয়াকার কাউন্টি ক্রিকেটে এটা করেছে, কাউন্টির ক্রিকেটাররাও টেম্পারিং শিখেছে। আপনি তো টেম্পারিংয়ের বৈধতা দাবি করেছেন?শোয়েব: বিশ্বাস করুন, যাদের সঙ্গে ও বিপক্ষে খেলেছি, ভারতীয়, পাকিস্তানি, ইংলিশ কিংবা অন্যরা—সবাই বলে বিশেষ কিছু ব্যবহার করে। হয় জিপার দিয়ে আঁচড় কাটে অথবা চকচকে করার জন্য কিছু ব্যবহার করে। প্রতিদিনই এটা হচ্ছে। এবার ম্যাচ ফিক্সিং প্রসঙ্গ...শোয়েব: ম্যাচ ফিক্সিং সব জায়গায় হচ্ছে—ডানে, বাঁয়ে, মাঝে। আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি যে সময়ে খেলেছি, ম্যাচ ফিক্সিং পাকিস্তান ক্রিকেটকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছিল। আমি নিজে প্রতিজ্ঞা করেছিলাম কখনো ম্যাচ ফিক্সিং, বুকি এসব ব্যাপারে জড়াব না।  পাকিস্তান দলের কতভাগ ফিক্সিংয়ে জড়িত ছিল?শোয়েব: দেখুন, অস্ট্রেলিয়ায় ম্যাচ ফিক্সিং হয়েছে, দক্ষিণ আফ্রিকায় হয়েছে, ভারত-পাকিস্তানে হয়েছে। এই রোগে সবাই আক্রান্ত, কোনো একজন নয়। ইংল্যান্ডে ক্রিকেটাররা অবসরের পর নানা কাজ করতে পারে, একা বা গার্লফ্রেন্ডকে নিয়ে থাকতে পারে। তাদের শুধু নিজেদের দিকে খেয়াল রাখলেই হয়, কোনো সমস্যা নেই। আমাদের জীবনযাত্রা বুঝতে হবে। মনে করেন এই আমি যদি একটু নিচু পরিবার থেকে উঠে আসি, পরিবার ভালোভাবে গড়ে তুলতে পারব না, তাদের ফিক্সিংয়ে জড়ানো খুবই স্বাভাবিক। তাহলে ফিক্সিংয়ে জড়িতদের নাম বলেননি কেন?শোয়েব: পর্দার আড়ালে কী হচ্ছে, আমি তো জানি না। আমার আলাদিনের জিন নেই যে দোষীদের ধরে আনব। ফিক্সিং নিয়ে সিনেমাও হয়েছে। আমার তাই বিশ্বাস, এটা হচ্ছে, স্পষ্ট করেই বলছি। আর আমাদের সংস্কৃতির কথা তো বললামই। পাকিস্তানে একজন লোক ২ হাজার রুপি আয় করে ছয় ছেলেমেয়ের সংসার চালায়। কাজেই উপযুক্ত শিক্ষাটা তারা পায় না। আপনি শচীনকে লারা-পন্টিং-রিচার্ডসদের কাতারে রাখেন না, ম্যাচ উইনার মানেন না, আবার শচীনকে গ্রেট ব্যাটসম্যানও বলেছেন!শোয়েব: তাকে পছন্দ করার জন্য আমার ওপর কি কোনো চাপ আছে? সে ক্রিকেটের জন্য, দেশের জন্য যা, এটার প্রশংসা করতেই হবে। তার অবদান ও অর্জনকে তো অস্বীকার করার উপায় নেই। কিন্তু সে সর্বকালের সেরা নয়। আমি আগেই বলেছি, টেন্ডুলকারের প্রতি ক্রিকেট-বিশ্বের কৃতজ্ঞ থাকা উচিত। কিন্তু আমার প্রিয় ব্রায়ান লারা। শচীনের সঙ্গে তো আপনার অনেক লড়াই হয়েছে, সেই লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতেছে?শোয়েব: আমি জয়-হার কিছু বলব না। কখনো কখনো ও এগিয়ে থেকেছে কখনো আমি। বিশেষ করে ওর টেনিস এলবোর সময়ে। সে সময় আমি ছিলাম ফিট, গতি ছিল দুর্দান্ত। তবে ২০০৩ বিশ্বকাপের সময় আমি ফিট ছিলাম না। ও আমাকে তুলোধুনো করে ছেড়েছে। ও গ্রেট ক্রিকেটার। আমি শচীনের ধারেকাছেও নেই। ও ক্রিকেটের জন্য যা করেছে, তুলনায় আমি কিছুই করিনি। ব্যাপারটাকে এভাবেই থাকতে দিন! আপনি লিখেছেন, শুরুতে ওয়াসিম আকরাম আপনাকে সমর্থন দেননি, আপনাকে দলে চাননি!শোয়েব: হ্যাঁ, আমার প্রথম টেস্ট ম্যাচে। ক্যারিয়ারজুড়েই কি এমন ছিল?শোয়েব: আমি সত্যিই বিশ্বাস করি, আমার সময়ের পাকিস্তান দলে প্রয়োজন ছিল একজন ইমরান খান। ইমরান থাকলে সবকিছুই অন্য রকম হতো। এমনকি এখনো যদি ইমরান পাকিস্তান ক্রিকেটের দায়িত্ব নেয়, পাকিস্তান বিশ্ব চ্যাম্পিয়ন হবে, আমি লিখে দিতে পারি। আপনি লিখেছেন ওয়াকার-ইনজামাম-মিয়াঁদাদের সঙ্গেও আপনার সম্পর্ক ভালো ছিল না। সমস্যাটা কি তাহলে শোয়েবেরই নয়?শোয়েব: এত এত লোকের শোয়েবের সঙ্গে এত এত সমস্যা ছিল, এভাবে বলুন! বল হাতে দৌড়ে যাওয়ার সময় নিজের দেশ ছাড়া অন্য কিছু ভাবতাম না। মাঠে আমি নিজের সর্বোচ্চটা দিয়েছি, মাঠের বাইরে আমাকে নিজের মতো থাকতে দিন! দেশের প্রতি আমার অবদান না দেখে লোকে মিডিয়াকে আমার পেছনে লাগিয়েছে। অথচ ৪৬ টেস্ট খেলে আমি দেশকে ২৫টির বেশি ম্যাচ জিতিয়েছি। তাঁদের সঙ্গে সম্পর্কটা তাহলে এখনো ভালো নয়?শোয়েব: তাঁরা যা করেছেন, সেটার প্রতি আমার শ্রদ্ধা আছে। ওয়াসিম তাঁর জুতোর ধুলো থেকে আমার মতো ১০০ বোলারকে তুলে আনতে পারে। তাঁর জাত এমনই! কিন্তু সঙ্গে এটাও বুঝতে হবে যেটা ঠিক নয়, সেটা ঠিক নয়। অবসর জীবন কেমন চলছে, ক্রিকেটে জড়ানোর সম্ভাবনা আছে?শোয়েব: মোটেও না, পথের এখানেই সমাপ্তি! মা-বাবার যত্ন নিচ্ছি, এভাবেই কেটে যাচ্ছে। পেছনে ফিরে তাকালে আক্ষেপ, না গর্ব কোনটা বেশি হয়?শোয়েব: আমি ভীষণ গর্বিত, কারণ শুরুর দিনটি থেকে জানতাম আন্তর্জাতিক ক্রিকেটের চাপ আমার হাঁটু নিতে পারবে না। এখন আমি সকালে ঘুম থেকে উঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি। গত ১০ বছর ধরেই। কেউ জানে, কেউ দেখেনি। ওই ম্যাচগুলো খেললে এত দিনে হয়তো কবরে চলে যেতাম!