'আমি সেরাদের একজন'

৩৫ বছর বয়সে এসে ক্যারিয়ারের ২৩তম গ্র্যান্ড স্লাম জয়! তাঁর চেয়ে বেশি বয়সে কেউ গ্র্যান্ড স্লাম জেতেননি, উন্মুক্ত যুগে তাঁর চেয়ে বেশি গ্র্যান্ড স্লামও কেউ জেতেননি। তিনি সেরেনা উইলিয়ামস।
স্টেফি গ্রাফ পেছনে পড়ে গেছেন। একেবারে নিশ্বাস দূরত্বে মার্গারেট কোর্ট। কিন্তু তাঁর ২৪টি গ্র্যান্ড স্লামের মাত্র ১১টি উন্মুক্ত যুগে। সর্বকালের সেরার বিতর্কে এই তিনজনের সঙ্গে নাম আসতে পারে মার্টিনা নাভ্রাতিলোভা ও ক্রিস এভার্টের। তবে শেষ দুজন ১৮টি করে গ্র্যান্ড স্লাম নিয়ে বেশ পেছনে। তাহলে কি সেরেনাই সর্বকালের সেরা নারী টেনিস খেলোয়াড়?
শনিবার বোন ভেনাস উইলিয়ামসকে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হারিয়ে ইতিহাস গড়ার পর থেকেই প্রশ্নটা আরও বেশি করে উঠছে। যাঁকে নিয়ে এত কথা, উত্তরটা তাঁর মুখ থেকেই শোনা যাক। সেরেনা এখানে বেশ বিনয়ী, ‘আমি বলব, আমি সেরাদের একজন। মানে, এই বিতর্কে তো মার্টিনা, স্টেফি আর আমার নামটাই বেশি শোনা যায়।’ অবশ্য খুব একটা পিছিয়ে রাখেননি তিনি কোর্ট-এভার্টকেও, ‘সব চ্যাম্পিয়নের মধ্যেই একটি ব্যাপার থাকে—লড়াই করে যাওয়ার মানসিকতা। আমি মনে করি বাকি চারজন দারুণ লড়াকু খেলোয়াড়। ওরা মানসিকভাবে খুবই শক্ত। ওরা হার মানেনি, লড়াই চালিয়ে গেছে।’ নিজেও যে তাঁদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন, বললেন সেটাও, ‘ওদের কাছ থেকে এই বিষয়গুলো আমি শিখেছি। আমিও লড়ে যাব।’
লড়ে যাবেন—এই কথাটাই তাঁর প্রতিপক্ষদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হতে পারে। এই অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন একটা সেটও না হেরে। এ রকম ফর্মে থাকা কেউ যদি লড়ে যাওয়ার কথা বলেন, অন্যদের উপায় কী! হয়তো ফ্রেঞ্চ ওপেনেই কোর্টকে ছুঁয়ে ফেলবেন, ছাড়িয়ে যাবেন উইম্বলডনেই। তখন হয়তো তিনি সর্বকালের সেরা নারী টেনিস খেলোয়াড় কি না, এই তর্ক আর হবে না। তর্কের বিষয় হবে, তিনিই সর্বকালের সেরা নারী অ্যাথলেট কি না!
তবে সেরেনা ঠিক কাউকে ছাড়িয়ে যাওয়ার জন্য উন্মুখ নন, ‘আমি আসলে সংখ্যা নিয়ে এত মাথা ঘামাই না। আমি যখন পথচলা শুরু করি, শুধু চেয়েছিলাম একটা গ্র্যান্ড স্লাম জিততে। এরপর শুধু জিততেই চেয়েছি, এখনো তা-ই চাই। প্রতিবার কোর্টে পা রাখার পর আমার একতাই লক্ষ্য থাকে—জয়।’
বয়স ৩৫ পেরিয়ে গেছে। এখন চাইলেও শরীর অনেক কিছুতে সায় দেয় না। টানা খেলার ধকল কিছুটা কমাতেই তাই এখন বেছে বেছে টুর্নামেন্ট খেলার সিদ্ধান্ত নিয়েছেন সেরেনা। গত বছর যেমন মাত্র আটটি টুর্নামেন্টে খেলেছেন। এবারও সে রকমই পরিকল্পনা বলে জানালেন তাঁর কোচ প্যাট্রিক মুরাতোগলু, ‘আমরা এরই মধ্যে পুরো বছরের সূচি করে ফেলেছি। এর মানে এই নয় যে সেটা আর বদলানো যাবে না। পরিস্থিতি অনুযায়ী বদলানো যাবে।’
এসবের মাঝেই অবশ্য আরেকটা ছোট কাজ সেরে নিতে হবে সেরেনাকে। বয়ফ্রেন্ড অ্যালেক্সিস ওহানিয়ানের সঙ্গে বাগদান হয়ে গেছে বেশ কিছুদিন। এবার বিয়েটা সেরে নেওয়ার পালা। সেই বিয়েতে ‘ব্রাইডসমেইড’ কে হবেন, তা-ও কিন্তু বলে দিয়েছেন সেরেনা।
কে জানেন তো? বোন ভেনাস উইলিয়ামস! এএফপি, রয়টার্স।