'আমিই সেরা, পেলে আবার কে!'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিটা ভুলই বোঝাচ্ছে। পেলে-ম্যারাডোনার সম্পর্ক এতটা আন্তরিক নয়!
ছবিটা ভুলই বোঝাচ্ছে। পেলে-ম্যারাডোনার সম্পর্ক এতটা আন্তরিক নয়!

পেলে যেমন ডিয়েগো ম্যারাডোনাকে পাত্তা দিতে চান না, ম্যারাডোনও দু পয়সা দামও দেন না পেলেকে। ফুটবলের সর্বকালের সেরা দুই কিংবদন্তির এই লড়াই চলছেই। সুযোগ পেলেই একে অন্যকে ক্ষতবিক্ষত করেন তাঁরা। এবার আক্রমণটা এল ম্যারাডোনার তরফ থেকেই। নিজেকে সর্বকালের সেরা খেলোয়াড় দাবি করে ম্যারাডোনা বলেছেন, পেলে এই সম্মানের ন্যূনতম যোগ্য নন।

পেলে, নাকি ম্যারাডোনা—সর্বকালের সেরা নির্বাচনে ফিফা একটি ভোটের আয়োজন করেছিল। যেখানে সারা বিশ্ব থেকে ভোট দিয়েছেন ফুটবলপ্রেমী সাধারণ মানুষ। সেই ভোটে পেলেকে হারিয়ে আমজনতার চোখে সর্বকালের সেরা হয়েছিলেন ম্যারাডোনাই। কিন্তু পরে ফিফা পেলে-ম্যারাডোনা দুজনকেই যৌথভাবে সর্বকালের সেরা ঘোষণা করে।

ফিফার এই কাণ্ডে ম্যারাডোনা তখন থেকেই নাখোশ। আবারও সেই ক্ষোভ উগড়ে দিয়ে ’৮৬ বিশ্বকাপের মহানায়ক বলেছেন, ‘২০০০ সালে সাধারণ মানুষ আমাকেই শতাব্দীর সেরা খেলোয়াড় নির্বাচন করেছিল। পেলে হয়েছিল দ্বিতীয়। শুধু তা-ই নয়, পেলে কিন্তু ব্রাজিলেরও সর্বকালের সেরা ক্রীড়াবিদ হতে পারেনি। সেটি জিতেছিল সেনা (আয়ারটন সেনা, তিনবার ফর্মুলা ওয়ানজয়ী ব্রাজিলিয়ান চালক)। ফিফা পেলেকে যে পুরস্কারটি দিয়েছে, সেটার সে সামান্যতম যোগ্যও নয়।’

ফিফার ওপর নিজের রাগটাও আবার ঝেড়েছেন ম্যারাডোনা। ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার এবং ফিফার নির্বাহী কমিটির সদস্যদের বয়সের দিকে ইঙ্গিত করে ম্যারাডোনা বলেছেন, ‘ফিফার পরিচালকদের সবার বয়সই তো ৯৫ বছরের ওপরে। এরা এতটাই বুড়ো, একটা গাড়ি চালানোরই সামর্থ্য নেই, ফিফা চালাবে কী করে?’