‘আমিও তো টেস্ট খেলতে পারতাম!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজই তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দিন। কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেনে জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচটি খেলতে নামার আগে একটি বিরাট আক্ষেপ স্টিভ টিকোলোর থেকে যাচ্ছেই। সেই আক্ষেপ দুর্দান্ত এক ক্রিকেটার হয়েও কখনো টেস্ট খেলতে না পারার। আক্ষেপ কেনিয়ার ক্রিকেটকে একটি ভালো পর্যায়ে নিয়ে যেতে না পারার। বিদায়ী ম্যাচের প্রাক্কালে টিকোলো বললেন, ‘আমি যে মানের ক্রিকেটার ছিলাম, তাতে একটি বা দুটি টেস্ট ম্যাচ তো আমি খেলতে পারতামই।’‘একজন ক্রিকেটারের চূড়ান্ত লক্ষ্য থাকে টেস্ট খেলা। কারণ, টেস্টম্যাচই ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ মাধ্যম। আমিও টেস্ট খেলতে পারলে খুশিই হতাম।’ টিকোলোর মন্তব্য।গত ১৫ বছরে কেনিয়ার পক্ষে ১৩৩টি ওয়ানডে ম্যাচ খেলেছেন স্টিভ টিকোলো। খেলেছেন পাঁচটি বিশ্বকাপ। এককালে টেস্ট ক্রিকেটের বাইরে তাঁকেই সেরা ক্রিকেটার হিসেবে অভিহিত করা হতো। অনেকে তো তাঁকে বলতেন টেস্ট না খেলা ক্রিকেটের অন্যতম সেরা তারকা। ৩৯ বছর বয়সে এসে সেই সেরা তারকারই ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে টেস্ট খেলতে না পারার আক্ষেপকে সঙ্গী করেই।টিকোলোর মতে, ‘যত বেশি খেলা যাবে, যত বেশি অভিজ্ঞতা হবে, একজন ক্রিকেটার নিজেকে তত বেশি পরিণত করতে পারবে। শচীন টেন্ডুলকারকেই দেখুন। তিনি সর্বমোট ৪৫০টি ওয়ানডে খেলেছেন, ক্রিকেট তাঁর চেয়ে ভালো আর কেউ জানে না।’স্টিভ টিকোলো আক্ষেপ করে বলেন, কেনিয়া কখনোই আন্তর্জাতিক অঙ্গনে বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি। বেশি ম্যাচ খেললে কেনিয়ার ক্রিকেট অন্য পর্যায়ে থাকত।টিকোলো নিজের উদাহরণ টেনে বলেন, ‘আমি ক্রিকেটে ১৫ বছর ধরে আন্তর্জাতিক অঙ্গনে খেলেছি। কিন্তু এই সময়ে আমি খেলেছি ১৩০টি ওয়ানডে ম্যাচ। এত কম খেলে আপনি একটি টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে জেতার আশা করতে পারেন না।’টিকোলো বলেন, ‘২০০৭ সালের বিশ্বকাপের পর ২০১১ সালের বিশ্বকাপে খেলতে নামার আগে মাঝখানের চার বছরে আমরা কোনো বড় দলের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাইনি। আমরা কীভাবে বিশ্বকাপে ভালো করব?’আজকের পর আর কখনোই আন্তর্জাতিক অঙ্গনে দেখা যাবে না টিকোলোকে। তবে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পরও জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটে খেলে যাবেন তিনি। আরও দু-এক বছর খেলার পর জিম্বাবুয়ে অথবা কেনিয়ায় কোচিং ক্যারিয়ার শুরু করতে চান টিকোলো। খেলোয়াড় হিসেবে কেনিয়ার ক্রিকেটকে যা দিতে পারেননি, কোচ হিসেবে তা-ই দিতে চান তিনি। টাইমস অব ইন্ডিয়া।