
বিকেএসপিতে দুজন ছিলেন রুমমেট। একই সঙ্গে এগিয়ে চলা। হঠাৎই রাসেল মাহমুদ জিমির জাতীয় হকি দল থেকে সরে যাওয়ার ঘোষণা শুনে কষ্ট পাচ্ছেন জাহিদ হোসেন। সর্বশেষ জাতীয় দলের অধিনায়ক কাল মওলানা ভাসানী স্টেডিয়ামে দাঁড়িয়ে দুজনের সম্পর্কের নানা অজানা কথা তুলে আনলেন স্মৃতিতে
জিমি জাতীয় দলে আর খেলতে চান না বলেছেন। এটা কখন জেনেছেন আপনি?
জাহিদ হোসেন: একটু পেছন থেকে শুরু করি। আমাকে ও চাচা বলে ডাকে। ১৯৯৮ সালে বিকেএসপিতে আমরা যখন একসঙ্গে ঢুকি, তখন জিমি আমার চেয়ে অনেক ছোট। তখন থেকেই আমরা রুমমেট। এখন মুঠোফোনে হুমকি পাওয়ার পর ও আমাকে বলল, ‘চাচা, জীবনের ঝুঁকি নিয়ে আমি কি জাতীয় দলে খেলব? তুমি কী বলো?’
আপনি কী বললেন?
জাহিদ: আমি বললাম, জীবনের ঝুঁকি কেন নেবে? সবকিছুর আগে তো জীবন। জিমির মুঠোফোনে প্রথম আসা মেসেজটাই সে আমাকে দেখিয়েছে। ওখানে সব খেলোয়াড়ের বাসায়ই র্যাব পাঠানোর হুমকি ছিল। কথা হলো, জীবনের ঝুঁকি কে নিতে যাবে বলেন! আমি যদি জানি কোথাও আগুন আছে, তাহলে সেই আগুনে ঝাঁপ দিয়ে নিজেকে পোড়ানোর কোনো মানে হয় না।
তাহলে কি আমরা জিমির মতো একজন খেলোয়াড়কে হারাতে যাচ্ছি?
জাহিদ: আমি চাই না, সে চলে যাক। কিন্তু পরিস্থিতি তো খারাপ। বাংলাদেশের হকিতে জিমি অনেক বড় খেলোয়াড়। বিশ্ব হকি লিগে সে সেরা মিডফিল্ডার হয়ে নিজেকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। বিদেশে টুর্নামেন্ট হলে জিমিকে একটা না একটা পুরস্কার দিতেই হয়। এমন খেলোয়াড় দলে খুব দরকার আমাদের।
কিন্তু জিমি বলছেন, তাঁর মা জাতীয় দলে আর খেলতে দিতে চান না...
জাহিদ: যেকোনো মা-ই এমন অবস্থায় তাঁর সন্তানের জন্য চিন্তায় পড়বেন। ওর বাবা অসুস্থ। ব্রেনস্ট্রোক হয়েছে। আগেই যেটা বললাম, সবকিছুর আগে তো মানুষের জীবন। মায়ের চাওয়া ও ফেলবে কী করে?
জিমিকে অবসর নিতে দেবেন না বলেছেন চয়ন-বিপ্লবরা। আপনি কী বলেন?
জাহিদ: আমিও বলব, ও যাতে থাকে। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, ইসা-মুসা এখন খেলছে না জাতীয় দলে। ওদের ওপর কোনো হুমকিও নেই। মামুন ভাই, কামাল ভাইরা একসময় নেতৃত্ব দিয়েছেন খেলোয়াড়দের, তখন তাঁদের ওপরও নানা হুমকি এসেছে। এখন কি তাঁদের কোনো শত্রু আছে? নেই। এখন সবার স্বার্থে বলতে গিয়ে জিমি বা আমরা সিনিয়ররা কেন রোষানলে পড়ব?
জিমি তো আপনার খুব ঘনিষ্ঠ। এই মুহূর্তে তাঁর মানসিক অবস্থা কেমন?
জাহিদ: ও এখন মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছে। অনুশীলন শেষে একসঙ্গেই বাসায় যাই। ও বলে, ওর গার্মেন্ট আইটেমের একটা দোকান আছে, একা একা ফেরার সময় যদি ওর ওপর হামলা হয়? এসব নিয়ে ও ভীষণ ভয়ের মধ্যে আছে।
খেলোয়াড় জিমি সম্পর্কে বলুন। তাঁর সঙ্গে খেলার অভিজ্ঞতা কেমন?
জাহিদ: দারুণ অভিজ্ঞতা। ২০০৪ সালে ভারতে খেলতে গেলে সে দেশের কোচ অজয় বানসাল জিমিকে বলেছিলেন, ‘তুমি যে দেশেই খেলো, সেখানেই সেরা হবে।’ ২০০৭ সালে চেন্নাইতে এশিয়া কাপে খেলার সময় পাকিস্তান দলের ম্যানেজার ছিলেন জিমির বাবার বন্ধু, ভদ্রলোক বিস্মিত হয়ে বলেছিলেন, ‘বাংলা কা টাইগার সোনা মিয়া কা ব্যাটা হ্যায়...টাইগার টাইগারই জনম দিয়া।’