‘আমিও মানুষ’—উসাইন বোল্ট
ট্রিপল অলিম্পিক চ্যাম্পিয়ন। বিশ্বের দ্রুততম মানব। ১০০ ও ২০০ মিটারের বিশ্ব রেকর্ডের মালিক। নিজেকে এমন উচ্চতায় নিয়ে গেছেন, যেখানে এখন তাঁর লড়াই শুধুই নিজেকে ছাপিয়ে যাওয়ার। কিন্তু উসাইন বোল্টকে যে স্বরূপে দেখা যায়নি অনেক দিন! চোট কাটিয়ে ফেরার পর জিতছেন ঠিকই, কিন্তু টাইমিং তাঁর মানদণ্ডে খুবই সাধারণ। গত পরশু যেমন ১৩ মাস পর ২০০ মিটারে নেমে অসলোতে ডায়মন্ড লিগের পঞ্চম মিটে জিতলেন ১৯.৮৬ সেকেন্ডে। এই ইভেন্টে তাঁর টানা ১৪তম জয়, কিন্তু তাঁর ১৯.১৯ সেকেন্ডের বিশ্ব রেকর্ডের তুলনায় কী ম্লানই না দেখাচ্ছে টাইমিংটা! বোল্ট নিজেও তা জানেন। জানেন বলেই ২৪ বছর বয়সী জ্যামাইকান বলেছেন, ‘লোকজন আমার কাছ থেকে মাত্রাতিরিক্ত প্রত্যাশা করে। এটা ঠিক, আমি নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে গেছি, কিন্তু তার পরও আমি একজন মানুষই। তাই আমি চোটে পড়েছি এবং চেষ্টা করছি ফিরে আসতে। আপনাকে এক পা-দুই পা করে এগোতে হবে, আপনি প্রথমেই লাফ দিতে পারবেন না। ভালো লাগছে যে আমি এখানে আসতে পেরেছি।’গত বছরের প্রায় পুরোটাই খেয়ে নিয়েছে চোট। ১০০ মিটারের র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানটি হারিয়েছেন টাইসন গের কাছে। বেইজিং অলিম্পিক ও এর পর কিছুদিন তাঁকে দেখে সবার মনে যে সংশয় জাগত, সেটিই যেন দূর হলো এতে। হ্যাঁ, উসাইন বোল্টও মানুষ!প্রতিদ্বন্দ্বী টাইসন গে গত সপ্তাহে ৯.৭৯ সেকেন্ডে দৌড়ে ১০০ মিটারে বছরের সেরা সময় করেছেন। চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন বোল্টকে। ২৭ আগস্ট দক্ষিণ কোরিয়ার দায়েগুতে শুরু বিশ্ব অ্যাথলেটিকসে বোল্ট-গে দ্বৈরথের অধীর অপেক্ষায় এখন সবাই। বোল্ট কি একটু চাপও অনুভব করছেন না? বোল্ট উড়িয়েই দিয়েছেন প্রশ্নটা, ‘আমার কাছে চাপ বলে কিছু নেই। এখনো আড়াই মাস বাকি। আমি মোটেই চিন্তিত নই।’ এএফপি।