‘আমিও শিশুর মতো কাঁদছিলাম’
বিশ্বকাপ জিতেছেন, টুর্নামেন্টের সর্বোচ্চ চার গোলদাতার একজন হয়েছেন। ফিফা নিয়ম না বদলালে গোল্ডেন বুটও পেতেন। স্পেনের হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড এখন তাঁর। আর মাত্র একটি গোল করলেই হয়ে যাবেন স্পেনের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। বয়স ২৮। এখনই আর কী চান ডেভিড ভিয়া!চাওয়ার কি শেষ আছে? স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা-কে দেওয়া এক সাক্ষাৎকারে রীতিমতো প্রত্যাশার একটা ফর্দ তৈরি করে দিয়েছেন ভিয়া, ‘আরও শিরোপা জিততে চাই, আরও ব্যক্তিগত পুরস্কার জিততে চাই, আরও গোল করতে চাই। এবার লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জিততে চাই।’এসব চাওয়াকে প্রাপ্তির বিন্দুতে মেলাতে ভিয়ার সামর্থ্য নিয়ে কারও প্রশ্ন থাকার কথা নয়। আর দল বদলে ভ্যালেন্সিয়া থেকে বার্সেলোনায় চলে আসায় দলীয় চাওয়াগুলোও পূরণ হওয়া খুব সম্ভব। বার্সেলোনায় এসে ভিয়া যে কতটা আপ্লুত, সেটা কয়েক দিন ধরে নানাভাবেই বলছেন।স্প্যানিশ তারকা স্ট্রাইকারের বার্সেলোনায় আসার একটা বড় কারণ নাকি ‘এল ক্লাসিকো’। রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা লড়াই ছাড়াও কাতালান ক্লাবটিতে আসার আরেকটি কারণও এবার জানালেন—পেপ গার্দিওলা।হ্যাঁ, বার্সেলোনার এই তরুণ কোচের গল্প শুনেই নাকি তাঁকে ভালোবেসে ফেলেছেন ভিয়া, ‘গার্দিওলার সঙ্গে কাজ করার খুব ইচ্ছে ছিল আমার। কারণ, শুধু ওনার অর্জন নয়, ওনার সম্পর্কে আমি (স্প্যানিশ) সতীর্থদের কাছে যেসব গল্প শুনেছি। ওরা আমাকে বলেছে, উনি কোচ হিসেবে খেলোয়াড়দের ব্যক্তিগত এবং দলীয়ভাবে আরও ভালো করে তুলতে পারেন। (কার্লোস) পুয়োল আমাকে বলেছে, ওর জীবনে গার্দিওলার মতো কোচ আর কখনো পায়নি।’বার্সায় আসার উচ্ছ্বাস ভিয়ার সহজে কাটবে না। তাই বলে বিশ্বকাপ শেষ হওয়ার পনেরো দিন পার না হতেই সেই বিষয়ক আবেগ থিতিয়ে যাবে। তা কি হয়! সাক্ষাৎকারে ঘুরেফিরে এসেছে বিশ্বকাপের প্রসঙ্গ। বললেন, সুইজারল্যান্ডের বিপক্ষে হারের পর কেমন কঠিন সময়ের ভেতর দিয়ে গেছেন, ‘চিলির বিপক্ষে ম্যাচটার আগে তো পরিস্থিতি জঘন্য হয়ে গেল। আমরা জানতাম, এই ম্যাচেই শেষ হয়ে যেতে পারে আমাদের বিশ্বকাপ। হোটেল থেকে মাঠে যাওয়ার পথে যেমন লাগছিল, অত নার্ভাস আমার জীবনে কখনো লাগেনি।’শেষ পর্যন্ত সব স্নায়ুকাতরতা কাটিয়ে উঠেছেন ভিয়ারা। সবকিছু নিয়ে এসেছেন নিজেদের পায়ের নিচে। কেউ কেউ বলছেন, বিশ্বকাপ না জিতলেও শুধু ‘সুন্দর ফুটবলে’র জন্যই করতালি পেত স্পেন।বিশ্বাস করেন না ভিয়া। তিনি বলছেন, বিশ্বকাপ না জিতলে আগের ভালো খেলার কোনো অর্থই থাকত না, ‘কিছু সংবাদমাধ্যম বলছে, স্পেন বিশ্বকাপ না জিতলেও চ্যাম্পিয়ন বলেই গণ্য হতো। কিন্তু আমরা জানতাম, আমরা না জিততে পারলে অনন্য একটা সুযোগ নষ্ট হয়ে যাবে। আমরা আগে যা কিছু করেছি, সব শেষ হয়ে যেত জিততে না পারলে।’না শেষ হয়নি। ফাইনালের শেষ বাঁশি বেজেছে ভিয়াদের জয়গান গেয়ে। আর ভিয়ারা কান্নায় ভেঙে পড়েছেন বিশ্বজয়ের আনন্দে, ‘আমার জীবনের দীর্ঘতম ম্যাচ ছিল ওটা। শেষ বাঁশি শুনে কেমন আনন্দ লাগছিল, বলে বোঝাতে পারব না। ড্রেসিংরুমে আমরা সবাই কান্নায় ভেঙে পড়েছিলাম। যখন দেখলাম, ইকারের (ক্যাসিয়াস) মতো মানুষ কাঁদছে, তখন আর নিজেকে সামলাতে পারলাম না। পেপে রেইনাকে দেখলাম মাঠের পাশে দাঁড়িয়ে ক্যাসিয়াসকে শান্ত করার চেষ্টা করছে। চারদিকে জাভি, ইনিয়েস্তা, ক্যাপডেভিয়ার মতো খেলোয়াড়কে কাঁদতে দেখে আমিও শিশুর মতো কাঁদছিলাম। আমার স্বপ্নে বারবার ফিরে আসে ওই সময়টা।’ ওয়েবসাইট।