‘আমিও স্বপ্ন দেখি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার জীবনে সবকিছু এমন হঠাৎ হঠাৎই ঘটে যায়। হঠাৎ জেমি সিডন্স বলেছিল, আমি বোলার। আর ইনিংসে ৭ উইকেট নিয়ে ফেলেছিলাম। হঠাৎ ওয়েস্ট ইন্ডিজে অধিনায়কত্ব পেলাম; টেস্ট-ওয়ানডে সিরিজ জিতলাম।আবার হঠাৎ অধিনায়কত্ব পেলাম। যদিও যেভাবে পেলাম, সেটা কাম্য ছিল না। কারণ আবার আমরা অন্তত একটা সিরিজের জন্য মাশরাফি ভাইকে হারালাম। আন্তর্জাতিক ক্রিকেটে যেটুকু অধিনায়কত্ব এ পর্যন্ত করেছি, পুরোটাই ওই মাশরাফি ভাইয়ের ইনজুরির জন্য। অনূর্ধ্ব-১৭ দলে থাকতে মালয়েশিয়ায় একটি ত্রিদেশীয় টুর্নামেন্টে অধিনায়কত্ব করেছি। তার সঙ্গে অবশ্য জাতীয় দলের অধিনায়কত্বকে মেলানো যাবে না। সে সময় কোচ-কর্মকর্তাদের পরামর্শমতোই অধিনায়কত্ব করেছিলাম। এখানে তো আর সেটা চলে না! প্রতি মুহূর্তে নিজেকেই সিদ্ধান্ত নিতে হয়। এই নতুন কিছু করার ব্যাপারটা আমি খুবই উপভোগ করি। যদিও আগে কখনোই অধিনায়ক হওয়ার স্বপ্ন দেখিনি। ২০০৮ সালে আশরাফুল ভাইয়ের পর আমাকে অধিনায়ক করা হবে, এমন গুঞ্জন ছিল সংবাদমাধ্যমে। কিন্তু আমি কখনো এসব নিয়ে ভাবিনি। এমনকি আমাকে যখন মাশরাফি ভাইয়ের ডেপুটি করা হলো, তখনো নয়।ভাবতে হলো ওয়েস্ট ইন্ডিজে মাশরাফি ভাইয়ের ইনজুরির পর। উনি মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পর ভাবছিলাম আবার ফিরে আসবেন। পরে জানলাম, ওই ম্যাচ তো বটেই, পুরো সিরিজটাই অধিনায়কত্ব করতে হবে। এরপর ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের বিপক্ষেও অধিনায়কত্ব করেছি। এই সময়ে আমরা বেশ কিছু ম্যাচ জিতেছি, কিছু খুব কাছাকাছি গিয়ে হেরেছি। কৃতিত্ব অবশ্যই দলের। দল ওই সময় দারুণ খেলছিল। এরপর আবার মাশরাফি ভাই এসেছেন। আমি সব সময়ই বলেছি, দলে এখন মাশরাফি ভাই-ই অধিনায়কত্বের জন্য যোগ্য মানুষ। উনি ফিট থাকলে ওনাকেই অধিনায়ক করা উচিত। সতীর্থদের উদ্বুদ্ধ করতে মাশরাফি ভাইয়ের কোনো তুলনা নেই। অবশ্য সংবাদমাধ্যমে আমার আর মাশরাফি ভাইয়ের সম্পর্ক নিয়ে অনেক লেখালেখি হয়েছে। আমরা এমনিতে এগুলো এড়িয়ে যাই। কিন্তু বিশ্বাস করুন, এসব খবর পড়ে দুজন এক জায়গায় বসে হেসেছি। শুধু মাশরাফি ভাই বলে বলছি না, আমাদের দলের সিনিয়র খেলোয়াড়েরা সবাই-ই আসলে খুব ভালো। এটা কথার কথা নয়। আমি যখন অধিনায়কত্ব করেছি আশরাফুল ভাই, মাশরাফি ভাই আর রাজ ভাই (আবদুর রাজ্জাক) খেলেছেন। মাশরাফি ভাইয়ের কথা তো বললামই। আশরাফুল ভাই কোনো সময় কিছু মনে হলেই নিজে থেকে এসে পরামর্শ দেন। রাজ ভাই কেমন মানুষ, এটা সবাই জানে। সেই বিকেএসপি থেকে ওনার সঙ্গে আমার সম্পর্ক। রাজ ভাই আমাকে খুবই পছন্দ করেন।মাশরাফি ভাইয়ের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করতে গিয়ে এই ভূমিকাটা সম্পর্কে অন্তত বুঝতে শিখেছি। বাইরে থেকে মনে হয়, অধিনায়ক হলে জীবনে তেমন পরিবর্তন আসে না। শুধু চিন্তার জগৎটা আমূল বদলে যায়। সব সময় দল নিয়ে, খেলা নিয়ে ভাবতে হয়। প্রতি ওভারে, প্রতি বলে নতুন নতুন পরিকল্পনা আঁটতে হয়। সবচেয়ে বড় কাজটা মাঠের বাইরে। কথাবার্তা বলার আগেও চিন্তা করতে হয়। সবাইকে উদ্বুদ্ধ রাখতে হয়। আমাদের দলে মাঠের বাইরের কাজটা অবশ্য সতীর্থরা সহজ করে দেয়। আমিও সবকিছু সহজ করে নিতে চাই। আমি আসলে অধিনায়ক হিসেবে সতীর্থদের বন্ধু হয়ে ওঠার পক্ষে। আমাকে বাইরে থেকে দেখে একটু ‘রিজার্ভ’ মানুষ বলে মনে হয়। ড্রেসিংরুমে আমার চেহারা অন্যরকম থাকে। হইচই করি, দুষ্টুমি করি, সতীর্থদের আস্থা অর্জনের চেষ্টা করি। সব মিলিয়ে অধিনায়কত্বের কাজটা উপভোগই করি।কথাটা স্ববিরোধী মনে হচ্ছে? আমি যখনই বলেছি ‘অধিনায়কত্ব উপভোগ করি না’, আসলে বোঝাতে চেয়েছি এ রকম সংক্ষিপ্ত মেয়াদে হঠাৎ হঠাৎ অধিনায়কত্ব করতে ভালো লাগে না। আমি স্বপ্ন দেখি আরেকটু অভিজ্ঞতা বাড়লে, হয়তো বিশ্বকাপের পর বা আরও পরে দলের অধিনায়ক হব। দীর্ঘ মেয়াদে অধিনায়ক হওয়ার স্বপ্ন দেখি। দীর্ঘ মেয়াদে অধিনায়ক হলে দল নিয়ে পরিকল্পনা করা যায়। দল গড়ে তোলার জন্য কাজ করা যায়। দল গড়ে তোলার কাজ মানে, দুই বছর পর দলের কী প্রয়োজন হবে, কীভাবে একজন নতুন খেলোয়াড় পাওয়া যায়—এসব নিয়েও চিন্তা করা। মোট কথা, একটা দলকে একটা পরিবারে পরিণত করতে চাইলে দীর্ঘ মেয়াদের অধিনায়কই দরকার।আমিও স্বপ্ন দেখি, দীর্ঘ মেয়াদে একসময় জাতীয় দলের অধিনায়কত্ব করব।