'আম্মু-বাবা ভেবো না, আমি দ্রুতই ফিরব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা-মাকে আশ্বস্ত করলেন তাসকিন, তিনি দ্রুতই ফিরবেন। ছবি: প্রথম আলো।
বাবা-মাকে আশ্বস্ত করলেন তাসকিন, তিনি দ্রুতই ফিরবেন। ছবি: প্রথম আলো।

মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের বাড়িটায় এখন যেন রাজ্যের অন্ধকার। অথচ এই সেদিনও বাড়ির প্রতিটি মানুষের মুখ ঝলমল করত এ বাড়ির ছোট্ট ছেলেটির অর্জনে। কিন্তু সেই ছেলেটিই যখন এগিয়ে যাওয়ার অধিকার থেকে বঞ্চিত, বাড়িতে আলো থাকে কী করে!
অবৈধ বোলিং অ্যাকশনের দায় মাথায় নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আপাতত সরে থাকতে হচ্ছে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদকে। কিন্তু ব্যাপারটাকে অনেকেই দেখছেন ‘ষড়যন্ত্র’ হিসেবে। ২০১৪ সাল থেকে যিনি দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন, যিনি বিশ্বকাপ খেলেছেন, একের পর এক সিরিজ খেলেছেন, সে খেলোয়াড়ের বোলিং অ্যাকশন নিয়ে হঠাৎ এখন কেন সন্দেহ! আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাসকিনের নিষিদ্ধ হওয়াটা যেন কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁর বাবা আবদুর রশিদ ও মা সাবিনা ইয়াসমিন। মানসিকভাবে রীতিমতো ভেঙে পড়েছেন তাঁরা।
গতকাল রোববার দেশের একটি বেসরকারি টেলিভিশনে নিজেদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তাসকিনের বাবা-মা। তাঁদের বুকফাটা সেই কান্না কাঁদিয়েছে সারা দেশকেও। বাড়ি থেকে দূরে বেঙ্গালুরুতে বসে তাসকিনও কাঁদলেন। তবে চিরদিনের লড়িয়ে ছেলে তাসকিন কিন্তু ঠিকই সাহস জুগিয়ে যাচ্ছেন তাঁর বাবা-মাকে। ফেসবুকে নিজের পেজে বাবা-মায়ের কান্নার ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আম্মু-বাবা ভেবো না, আমি দ্রুতই ফিরব।’
তাসকিন ফিরবেনই। ফিরতে যে তাঁকে হবেই!