‘আর কোনো ভুলের সুযোগ নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাগতিক ভারত-শ্রীলঙ্কার বাইরে ফেবারিট হিসেবে পাদপ্রদীপের আলোটা ইংল্যান্ডের ওপর সব সময়ই ছিল। প্রথমে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়, আর ২৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ বীরত্বের ফলে দলটির ওপর প্রত্যাশাও বেড়ে গিয়েছিল অনেকখানিই। পাশাপাশি, বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৩৩৮ রানের পাহাড় ছুঁয়ে বীরত্বপূর্ণ ‘টাই’ সেই প্রত্যাশাকে দিয়েছিল ভিন্ন মাত্রা। বেঙ্গালুরুর সেই মহাকাব্যিক ম্যাচের পর কাল সেই একই মাঠে আয়ারল্যান্ডের কাছে আত্মসমর্পণে পুরো দৃশ্যপটটাই বদলে গেছে অনেকখানি। আয়ারল্যান্ড ও কেভিন ও’ব্রায়েনের কাছে ইংল্যান্ড যেভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে, তাতে বিশ্বকাপে তাঁদের কোয়ার্টার ফাইনাল যাত্রাই প্রশ্নের সম্মুখীন করে তুলেছে। দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের বিপক্ষে তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ যে এখনো বাকি!গ্রুপ পর্বের বাকি তিনটি ম্যাচের যেকোনো একটিতেও যদি ইংল্যান্ড হেরে যায়, তাহলে তাঁদের লন্ডনের বিমান টিকিটের বুকিংটা দিয়ে দিতেই হবে। এমন একটি পরিস্থিতি দারুণভাবে ভাবিয়েও তুলেছে ইংলিশ-শিবিরকে। এই মুহূর্তে গতকাল বিশ্বকাপ ইতিহাসেরই অন্যতম বড় অঘটনটার শিকার হওয়ার পর স্ট্রাউস বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অতীতে আমরা অনেক সময়ই খুব খারাপ অবস্থা থেকেও ঘুরে দাঁড়িয়েছি। আমাদের এবারও সেটা করতে হবে। আর সত্যি বলতে, এবার আমাদের সেটা খুব দ্রুতই করতে হবে। আমাদের দুর্বলতাগুলো তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে এবং সেগুলোতে উন্নতি করতে হবে।’ইংল্যান্ডের প্রধান দুর্বলতা নিশ্চিতভাবেই তাদের নখ-দন্তহীন বোলিং আক্রমণ। অ্যাশেজ সিরিজে অ্যান্ডারসন-ব্রড-সোয়ানদের ধারালো বোলিং যেন খুঁজেই পাওয়া যাচ্ছে না। স্ট্রাউসও স্বীকার করেছেন তাঁদের এই বোলিং দুর্বলতার কথা। গতকাল ইংল্যান্ডের বাজে ফিল্ডিংও খুব করে চোখে পড়েছে। তবে এখন সবকিছু পেছনে ফেলে সামনের ম্যাচগুলোর দিকেই তাকাচ্ছেন স্ট্রাউস। বলেছেন, ‘এখন সমীকরণটা খুব সাধারণ। আমাদের আর কোনো ভুল করার সুযোগ নেই। আমাদের সব ম্যাচেই জিততে হবে।’ রয়টার্স।