বায়ার্ন মিউনিখের সোনালি যুগের অন্যতম সারথি কার্ল-হেইঞ্জ রুমেনিগে। দীর্ঘ ক্যারিয়ারে বুন্দেসলিগার সবচেয়ে সফল ক্লাবটিকে অনেক সাফল্য এনে দিয়েছেন এই স্ট্রাইকার। খেলা ছাড়ার পর নির্বাহী বোর্ড চেয়ারম্যান হিসেবেও অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন জার্মানির সাবেক এই খেলোয়াড়। ভারতের একটি পত্রিকার সঙ্গে সাবেক এই তারকা কথা বলেছেন বায়ার্নে পেপ গার্দিওলার আগমন, স্বপ্নের মতো যাওয়া চলতি মৌসুম নিয়ে। এটি সেই সাক্ষাৎকারেরই সংক্ষিপ্ত রূপ
‘আর যা-ই হোক, গার্দিওলা উদ্ধত নয়’
চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে জুভেন্টাসের বিপক্ষে পাওয়া জয়টিকে কীভাবে দেখছেন?কার্ল-হেইঞ্জ রুমেনিগে: জুভেন্টাসের বিপক্ষের ফলটা স্বপ্নের মতো ছিল। তবে আমাদের সতর্ক হতে হবে, কারণ আমরা জানি ইতালিয়ানরা দারুণভাবে ফিরে আসতে পারে। নিজেদের নিরাপদ রাখতে হলে দ্বিতীয় লেগে আমাদের দরকার একটি গোল। বায়ার্নের সামনে ‘ট্রেবলের’ হাতছানি। ওটা পেতে আপনি কতটা আত্মবিশ্বাসী?রুমেনিগে: আমরা কখনোই ট্রেবল জিতিনি। আমরা অতটা আশাবাদী নই, তাই বলে হতাশাবাদীও নই। চ্যাম্পিয়নস লিগে খুব উঁচু মানের ফুটবল হয়। যেখানে আমরা তিন বছরে দুটি ফাইনালে পারিনি। তাই বলছি, আমরা আত্মবিশ্বাসী নই, তবে স্বপ্ন তো দেখিই। ডর্টমুন্ডের কাছে টানা দুই বছর শিরোপা হারানোর পর এবার তো বায়ার্ন অসাধারণ খেলছে। ভাগ্যটা কীভাবে বদলাল?রুমেনিগে: পাঁচজন খেলোয়াড় বদলে আমরা দলে ছোটখাটো একটা পরিবর্তন এনেছি। দলবদলে আমরা ৭ কোটি ইউরো বিনিয়োগ করেছি। বায়ার্নের মতো ক্লাবের জন্যও টাকার অঙ্কটা খুব বড়। কিন্তু এখন তো আমাদের মান বেড়েছে। কোচের কাছে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর মতো যথেষ্ট খেলোয়াড় আছে। আর সবার মধ্যেই দলে নিজের জায়গা ধরে রাখার একটা তাড়না কাজ করছে। অন্যান্য সব বড় ক্লাবকে ফেলে বায়ার্নকে বেছে নিতে পেপ গার্দিওলাকে কীভাবে রাজি করালেন?রুমেনিগে: গত জুলাইয়ে বার্সেলোনায় তার সঙ্গে আমার দেখা হয়। কিছু কথাবার্তা হওয়ার পর সে আমাকে ইঙ্গিত দেয় সে বায়ার্নে কোচিং করাতে পারে। পেপ বলেছিল এই ক্লাবটাকে সে পছন্দ করে। এ ছাড়া এটি নাকি তার দর্শনটাকেই অনুসরণ করে। এটা একটা ভালোবাসার ব্যাপার। সে বায়ার্নের সংস্কৃতি ও দর্শনকে সম্মান করে। আর এ জন্যই সে সফল হতে পারে। আপনার কি মনে হয় পেপ ক্লাবের খেলার ধরন পাল্টাবে?রুমেনিগে: পেপ বার্সেলোনাকে রায়ো ভায়েকানো ও রিয়াল মাদ্রিদ দুই দলের বিপক্ষের ম্যাচকেই সমান গুরুত্ব দিত। তার মানসিকতাই এ রকম। তাকে নিয়ে আগামী বছর আমরা ইতিহাসের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় লিখতে পারি। আর যা-ই হোক সে উদ্ধত নয়। সে বাভারিয়ান সংস্কৃতিকে সম্মান করে। এ ছাড়া দর্শনটাকে সে বদলাতে চায় না। আপনার খেলোয়াড়ি জীবনের সময়ের চেয়ে বায়ার্ন এখন কতটা উন্নতি করেছে?রুমেনিগে: ’৭০ ও ’৮০-এর দশকে আমি যখন খেলতাম, ফুটবলটা পুরোপুরিই অন্য রকম ছিল—কৌশলগত ও আর্থিক দুভাবেই। তখন আমাদের মোট বাজেট হতো ১ কোটি ২০ লাখ ডয়েচে মার্কের মতো। এখন যেটা ১০ কোটি ইউরো। বায়ার্নে আমরা মাঠে এবং মাঠের বাইরে ভালো কাজ করার চেষ্টা করি। আমাদের যত অর্থকড়ি তার পুরোটাই দলের মান বাড়ানোর জন্য। তবে খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতার সঙ্গে দ্বিতীয় ক্যারিয়ারের তুলনা হয় না। বায়ার্ন অনেক সাবেক তারকাকেই বিভিন্ন ভূমিকায় ক্লাবে ফিরিয়ে এনেছে। ক্লাবের সাফল্যের পেছনে এটার ভূমিকা কতটুকু?রুমেনিগে: ক্লাব এবং এর দর্শনটাকে জানে এ রকম অনেক সাবেক খেলোয়াড় আমাদের সঙ্গে আছে। সমর্থকেরাও এটা পছন্দ করে। অনেক ক্লাবই ব্যাপারটাকে অনুকরণ করার চেষ্টা করেছে, কিন্তু সাফল্য পায়নি। আমাদের বর্তমান দলটায় এমন অনেক খেলোয়াড় আছে যারা রীতিটা অনুসরণ করতে পারে। নয়্যার, লাম, শোয়েনস্টেইগার—এই ছেলেগুলো খেলা ছাড়ার পরও ক্লাবে ভূমিকা রাখতে পারে। তবে আমরা আশা করছি, তারা এত তাড়াতাড়ি খেলা ছাড়ছে না!