'আরও ১০ বছর খেলতে চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিব আল হাসান
সাকিব আল হাসান

আবারও বিতর্কের কেন্দ্রে সাকিব আল হাসান। নতুন বিতর্কটির জন্ম দিয়েছেন কোচের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে, দেশের হয়ে টেস্ট-ওয়ানডে খেলবেন না বলে। যদিও গতকাল দেশে ফিরে সাকিব বলেছেন, এসব রাগের মাথায় বলা কথা। প্রথমে বিমানবন্দর এবং পরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেও সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেশসেরা এই অলরাউন্ডার বলেছেন, দেশের হয়ে ক্রিকেট খেলতে চান আরও ১০ বছর।
শত বিতর্কও যাঁর মাঠের পারফরম্যান্সে এতটুকু প্রভাব ফেলে না, তাঁর পক্ষে আরও ১০ বছর দেশের হয়ে খেলতে পারাটা অস্বাভাবিক নয়। তবে সাম্প্রতিক বিতর্কের পরিণতিতে অদূর ভবিষ্যতে সাকিবের জন্য কী অপেক্ষা করছে, সেটা জানা যাবে বিসিবি পরিচালনা পর্ষদের আজকের সভার পর।
কাল বিমানবন্দর ও মিরপুর স্টেডিয়ামে সাম্প্রতিক বিতর্ক নিয়ে সাকিবের বক্তব্যের চুম্বক অংশ তুলে ধরা হলো এখানে—
 ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের অনাপত্তিপত্র প্রসঙ্গে—
সাকিব আল হাসান: গতকাল ইংল্যান্ডে যে ম্যাচটা (এমসিসি বনাম অবশিষ্ট বিশ্ব একাদশ) হলো, (গত পরশু) এটার জন্য তামিমের সঙ্গে আমারও এনওসি (অনাপত্তিপত্র) নেওয়া ছিল। আমার ধারণা ছিল এটার সঙ্গে বোধ হয় সিপিএলের এনওসিও নেওয়া ছিল। কিন্তু সাব্বির ভাই (বিসিবির ক্রিকেট পরিচালনা ব্যবস্থাপক) আমাকে বললেন, আমার সিপিএলের এনওসি নেওয়া হয়নি। ভালো হয় আমি যদি সুজন ভাইয়ের (বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী) সঙ্গে কথা বলি। আমি সুজন ভাইকে ফোন দিলাম। তিনি বললেন, আকরাম ভাইয়ের (বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান) সাথে কথা বলতে। আমি আকরাম ভাইয়ের সাথে কথা বলি। উনি বললেন, তুমি চলে যাও। সাব্বিরকে বলে দিচ্ছি, আমি এসে সাইন করব। এটা শুনে আমি চলে যাই। তিনি চট্টগ্রাম থাকায় সাইন করতে পারেননি। ঢাকায় থাকলে ওই দিনই এনওসি সাইন হয়ে যেত।
 বিসিবি সভাপতি বলেছেন, আপনাকে থাকতে বলার পরও আপনি চলে গেছেন—
সাকিব: এখান থেকে আমার লন্ডনের ফ্লাইট ছিল বাংলাদেশ বিমানে, ওখান থেকে ভার্জিনিয়া আটলান্টিকের ফ্লাইট। এই ফ্লাইট মিস করলে ওটাও মিস করব। এর পরের দুই দিন বাংলাদেশ বিমানের কোনো ফ্লাইট নেই। সুজন ভাইকে ফোন দিলাম, আকরাম ভাইকে ফোন দিলাম, কেউ ধরেননি। পাপন ভাইকে (বিসিবি সভাপতি নাজমুল হাসান) অবশ্য একটু পরে দিয়েছি। তার আগে কোচের সঙ্গে আমার কথা হয়েছে।
 কোচের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়—
সাকিব: একটা পরিবারের ভেতর এ রকম হয়েই থাকে। উনি বলেছেন ঈদের পর যখন ক্যাম্প শুরু হবে, তখন আমাকে যোগ দিতে হবে। অর্থাৎ আমার যাওয়া তখনো ঠিক আছে। যত দূর জানি, কোচই প্রথম বলেছিলেন আমার যাওয়ার ব্যাপারে তাঁর সঙ্গে আলাপ করে নেওয়া উচিত ছিল। আমিও মনে করি অবশ্যই তাঁর সঙ্গে আলাপ করা উচিত ছিল। কিন্তু সেটা তো আমার কাজ নয়। তার পরও আমি পাপন ভাইকে ফোন দিই। হয়তো ব্যস্ত ছিলেন, উনি কথা বলতে পারেননি। পরে তাঁকে এসএমএস দিয়ে জানাই যে আমি এয়ারপোর্টে। আসলে আমি কখনোই চিন্তা করিনি পরিস্থিতি এ রকম হবে, তাহলে আমি যেতামই না। ভেবেছিলাম লন্ডন যাওয়ার পর সব ঠিক হয়ে যাবে। কিন্তু যাওয়ার পর শুনলাম পরিস্থিতি এ রকম।
 বাংলাদেশের হয়ে আর টেস্ট-ওয়ানডে খেলতে না চাওয়া প্রসঙ্গে—
সাকিব: বাবা-মার সঙ্গে যদি আপনার ঝগড়া হয়, আপনি হয়তো বলবেন, দুই দিন খাবেন না, বাসায় থাকবেন না। রাগের মাথায় অনেক সময় অনেক কিছু বলা হয়। আমারটাও তাই। কোচকে আমি পরে স্যরি বলেছি।
 সাকিবের জন্য বাংলাদেশের হয়ে খেলা কতটা গুরুত্বপূর্ণ—
সাকিব: সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এসব আমাকে জিজ্ঞেস না করে আমার যারা সতীর্থ আছে তাদের জিজ্ঞেস করা ভালো। আইপিএল জিতে এসে ভারত সিরিজের অনুশীলনে নেমে তাদের বলছিলাম, আইপিএল জিতলাম, চ্যাম্পিয়ন হলাম, কিন্তু বাংলাদেশ দলের হয়ে একটা ম্যাচ জিতলে যে রকম মজা লাগে, আইপিএল জেতার পরও ও রকম মজা লাগেনি। আপনারা যেকোনো খেলোয়াড়কে জিজ্ঞেস করুন, তারাই বলবে আমি এগুলো বলেছি কিনা। দেশের হয়ে খেলায় যদি আমার আগ্রহই না থাকে, এ কথাগুলো আমি কেন বলব? সতীর্থদের অনেকেরই ধারণা আমি ২০১৯ বিশ্বকাপের পর অবসর নেব। আমি বলেছি আমি ২০২৩ বিশ্বকাপেও খেলব। আমার লক্ষ্য আরও ১০ বছর ক্রিকেট খেলা।