‘আর্জেন্টিনার মুখে হাসি আনতে চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল ছিল তাঁর ২৪তম জন্মদিন। আর্জেন্টিনাতেই পরিবারের পাশে, স্বজন-বন্ধুদের সঙ্গে মিলে জন্মদিনটা উদ্যাপন করেছেন। কিন্তু জন্মদিনের উৎসবেও ভুলে যাননি মিশন কোপা আমেরিকা। এই সাক্ষাৎকারে লিওনেল মেসি কোপা আমেরিকা, বার্সেলোনার হয়ে গত মৌসুমের অর্জন আর আগামী মৌসুমের লক্ষ্য নিয়ে কথা বললেন গত মৌসুমের ধকল কি এরই মধ্যে সামলে উঠতে পেরেছেন?মেসি: গত মৌসুমে আমরা গুরুত্বপূর্ণ, বড় কিছু অর্জনের জন্য খেলেছি। এরপর বেশ কিছুদিন বিশ্রাম পেয়েছি। মানসিকভাবে এটা গুরুত্বপূর্ণ। এখন ঠান্ডা মাথায় কোপা আমেরিকা নিয়ে ভাবতে পারছি। এত এত শিরোপা...কীভাবে সাফল্যের পথে নিজেকে ধরে রাখেন?মেসি: আমরা দারুণ একটা দল হয়ে উঠেছি। মাঠে নেমে আমরা নিজেদের মতো করে খেলি। এখন কোপা আমেরিকাও একইভাবে জিততে চাই।  আপনার ক্যারিয়ারে গার্দিওলার প্রভাব কতটা?মেসি: গার্দিওলা থাকায় আমি খেলোয়াড় হিসেবে অনেক কিছুই শিখতে পারছি। হ্যাঁ, কোনো সন্দেহ নেই, আমি আগের চেয়ে অনেক পরিণত হয়েছি। আমারও উপলব্ধি, আমার পক্ষে আরও ভালো কিছু করা সম্ভব। প্রতিদিনই আমি একটু একটু করে উন্নতি করতে চাই। কোচ সব সময়ই এমন কিছু করেন যাতে আপনি আরও ভালো হয়ে উঠতে পারেন, খেলোয়াড় হিসেবে আপনি এগিয়ে যান। সবাই যে আপনাকে বিশ্বের সেরা বলে, এটা কীভাবে দেখেন?মেসি: হা হা হা...সত্যি বলতে কি, আমি নিজে এটা মনে করি না। আমি শুধু যেমন আছি তেমন থেকেই এগিয়ে যেতে চাই। আরও অনেক শিরোপা জিততে চাই। আমি চাই, দল এভাবেই এগিয়ে যাক। আমি দলের লক্ষ্য নিয়েই ভাবি, বার্সেলোনা যেন শিরোপা জয় থেকে বঞ্চিত না হয়। লিগ শিরোপা ধরে রাখা, চ্যাম্পিয়নস লিগ জেতা এবং বাকি সবকিছু মিলিয়ে মৌসুমটা ছিল খুবই কঠিন, কিন্তু একই সঙ্গে অবিস্মরণীয়।  চারটি এল ক্লাসিকোও নিশ্চয়ই একটা কারণ?মেসি: আমি এটা পেছনেই ফেলে এসেছি। তবে এগুলো মনে হয় শেষ হওয়ার নয়। কোপা ডেল রে হেরে যাওয়ার পর আমরা ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছিলাম। সব মিলিয়ে দেখলে, আমরা ভালোই করেছি। কোপা ডেল রে জিততে না পারাটা দুঃখজনক। তবে বাকি যা কিছু পেয়েছি আমরা তাতেই খুশি। আমাদের কিন্তু এই গৌরব অর্জনের ক্ষুধাটা মরে যায়নি। আমরা নির্ভার হয়ে থাকতে চাই না। আমরা সবাই আরও কিছু অর্জন করতে চাই। বার্সেলোনার আসল রহস্যটা কী?মেসি: দলের আকাঙ্ক্ষাটাই আসল রহস্য। কোচ চায় আপনি সব সময়ই জিতুন, দিনে দিনে আরও উন্নতি করুন। এই দলটা কোনো অর্জনেই তৃপ্ত হয় না। এই দলটা কেবল জেতার কথাই ভাবে। আর আপনি যা অর্জন করেছেন তাতেই তৃপ্ত হতে পারেন না। একই সঙ্গে খেলোয়াড়, কোচের মান—সব একসঙ্গে মিলেই এই সাফল্য এনে দেয়। সবাই জানে বার্সেলোনা কীভাবে খেলে। তার পরও কেন তাদের খেলাটা, বল দখলে রাখাটা ঠেকিয়ে রাখা যায় না?মেসি: বেশির ভাগ সময় বল দখলে রাখা, প্রতিপক্ষের অর্ধে গিয়ে খেলা—যেভাবে আমরা খেলি, সেটার পাল্টা কিছু করা প্রতিপক্ষ দলগুলোর পক্ষে সম্ভব হয়ে ওঠে না। কোচও কিন্তু সব সময় উন্নতির কথা ভাবেন, সব সময় ভুলগুলো শুধরে দেন, তিনি একেবারেই পারফেকশনিস্ট, বিশদভাবে উন্নতির পরিকল্পনা করেন। দলের ভেতরে থেকে যেভাবে উপভোগ করেন, বাইরে থেকেও কি সেভাবেই উপভোগ করেন?মেসি: এই দলে খেলাটা তো অবশ্যই উপভোগ করি। আমার দল আর সতীর্থরাও সব সময়ই আমাকে বিস্ময় উপহার দেয়। মাঝেমধ্যে আমরা জানিই না আমরা কী করছি। আমরা বার্সেলোনা সমর্থকদেরও সুখী রাখতে চাই। আর এখন আমি চাই, আমার দেশকে সুখী রাখতে। চাই, আর্জেন্টিনার মানুষ আবার কোপা আমেরিকা জয়ের আনন্দে ভাসুক। আগামী মৌসুমে আপনার প্রত্যাশা কী?মেসি: আমি চাই, বার্সেলোনা সাফল্যের এই পথেই থাকুক। আমরা একটা দল। আমাদের মধ্যে বন্ধনটা আরও নিবিড় করে তোলার চেষ্টা থাকবে। কেউ কিন্তু একা জেতে না, পুরো দল নিয়েই তাকে জিততে হয়। আমরাও একসঙ্গেই জেতার চেষ্টা করব। গত কয়েক বছরে আমরা এই পথটাই অনুসরণ করে এসেছি। সমর্থকদের মধ্যে আনন্দ এনে দিতে সেই পথটাই আমাদের অনুসরণ করতে হবে। —ওয়েবসাইট থেকে ভাষান্তরিত