
২৬ বছর তেমন কিছুই নয়৷ এই ছোট্ট কাঁধ এরই মধ্যে হয়ে উঠেছে অনেক চওড়া, ছাড়িয়ে গেছেন অনেক তারকাকে৷ সামনে অমরত্ব লাভের হাতছানি৷ তার পরও লিওনেল মেসিকে পুরোপুরি মূল্যায়নের সময় হয়তো এখনো হয়নি৷ এই বিশ্বকাপই অনেকটা বলে দেবে, ইতিহাসে কোথায় জায়গা পাবেন আর্জেন্টাইন জাদুকর৷ মেসি কিন্তু তাঁর লক্ষ্যে অবিচল৷ উপভোগ করতে চান প্রতিটা মুহূর্ত৷ ঢেলে দিতে চান সামর্থ্যের সবটুকু৷
ইতালিয়ান ক্রীড়ালেখক লুকা কাইয়োলিকে সাক্ষাৎকার দিয়েছেন সময়ের এই সেরা খেলোয়াড়৷ সেখানেই উঠে এসেছে তাঁর ব্যক্তিগত, পারিবারিক ও পেশাদার জীবনের নানা কিছু৷
কাইয়োলি: জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত েকানটি?
মেসি: আর্জেন্টিনা থেকে স্পেনে পাড়ি দেওয়া৷ আমি আমার বাড়ি, বন্ধুবান্ধব ও দেশের মানুষকে ছেড়ে চলে আসি৷ স্পেনে প্রথম কয়েক বছর খুবই কষ্টে কেটেছে৷ এমনও সময় গেছে, আমি ও আমার বাবাই শুধু স্পেনে৷ বাকিরা রোজারিওতে৷ আমার মা, দুই ভাই ও ছোট বোনকে খুব মিস করেছি৷ ঘরে বসে একা কেঁদেছি৷
কাইয়োলি: আর সবচেয়ে আনন্দময় মুহূর্ত?
মেসি: আমার ছেলে থিয়াগোর জন্ম৷
কাইয়োলি: পেশাদারি জীবনের আনন্দময় মুহূর্ত কোনটি?
মেসি: বার্সেলোনা ও আর্জেন্টিনার হয়ে শিরোপা জয়৷
কাইয়োলি: ব্যালন ডি’অর ট্রফি জয়টা কীভাবে দেখছেন?
মেসি: একটা ব্যালন ডি’অর জয়ই যেখানে অবিশ্বাস্য কিছু, সেখানে চারটি ব্যালন ডি’অর! এটা অসাধারণ৷
কাইয়োলি: আপনি তো এখন বিশ্ব ফুটবলের রাজা...
মেসি: আমি আগের মতোই আছি৷ বড় একটি দলের অংশ হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি৷
কাইয়োলি: এবার অতীতে ফেরা যাক৷ আপনার ফুটবলজীবনের প্রথম স্মরণীয় মুহূর্ত কোনটি?
মেসি: গ্রানদোলিতে একেবারে গোড়ার দিকের কথা৷ আফি লিগের অ্যামানিসের বিরুদ্ধে খেলা৷ সবাই বলাবলি করছিল, তারাই (অ্যামানিসের) সেরা, তারাই হবে চ্যাম্পিয়ন৷ আমার গোটা পরিবার মাঠে বসে খেলা দেখছিল৷ আমি চার গোল করলাম৷ এর একটি ছিল আবার অসাধারণ৷
কাইয়োলি: ফুটবলের প্রতি কেন এত ভালোবাসা?
মেসি: আমি নিজেও জানি না৷ অন্য সবার মতো শৈশবে আমারও এটির প্রতি প্রথম ভালোবাসা জন্মে৷ আমি এখনো এটি উপভোগ করি৷ ফুটবল খেলাটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসের একটি৷
কাইয়োলি: কোথা থেকে এত সব কৌশল শিখলেন?
মেসি: প্রতিটা মুহূর্ত বলের সঙ্গে কাটিয়ে৷ আমি যখন ছোট ছিলাম, সারাক্ষণ বল নিয়ে কারিকুরি করতাম৷
কাইয়োলি: ফুটবলের প্রতি আপনার ভালোবাসার উৎস কে?
মেসি: আমার নানি সেলিয়া৷ তিনিই আমাকে প্রথম মাঠে নিয়ে গিয়েছিলেন৷ তিনি ছিলেন আমাদের সবার কাছে
বিশেষ কিছু৷ আমার ভাই রদ্রিগো ও আমার কাজিনরা আমার কাছে রোল মডেল৷ আমার বাবাও আমাকে অনেক সমর্থন জুগিয়েছেন৷
কাইয়োলি: আজকের এ পর্যায়ে পেঁৗছাতে নিশ্চয়ই অনেক কাঠখড় পোড়াতে হয়েছে?
মেসি: প্রতিটা শিশুই ফুটবলার হতে চায়৷ কিন্তু এটা হতে অনেক পরিশ্রম ও অনেক ত্যাগ স্বীকার করতে হয়৷ আমি যখন বার্সেলোনায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিই...এটা ছিল একান্তই আমার সিদ্ধান্ত৷ কেউ আমাকে বাধ্য করেনি৷
কাইয়োলি: আপনার উচ্চতা ও বেড়ে ওঠাজনিত সমস্যা কতটা প্রভাব ফেলেছে?
মেসি: আমি ছিলাম শিশু৷ আমার কী হয়েছে তা আমি বুঝতে পারতাম না৷ তবে প্রতি রাতেই আমার পায়ে যে ইনজেকশন নেওয়া লাগত, তা মনে পড়ে৷ আমি ছোটবেলাতেই বল নিয়ন্ত্রণের কৌশল রপ্ত করে ফেলি৷
কাইয়োলি: কোন ম্যাচটি আপনার কাছে স্মরণীয় হয়ে আছে?
মেসি: চ্যাম্পিয়নস লিগে চেলসির বিপক্ষে ম্যাচটি৷ এ ছাড়া রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচটিও, সেখানে আমি হ্যাটট্রিক করেছিলাম৷ আর অবশ্যই অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ ও বেইজিংয়ে ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনালও৷
কাইয়োলি: সবচেয়ে সুন্দর গোল?
মেসি: এই মুহূর্তে বললে রোমে ও ইস্তুদিয়ান্তেসের বিপক্ষে গোলের কথা বলব৷
কাইয়োলি: আর গেটাফের বিপক্ষে গোলটি?
মেসি: হ্যঁা, সেটিও সুন্দর৷
কাইয়োলি: কোন ফুটবলার আপনার আদর্শ?
মেসি: না, আমার কখনোই কোনো প্রিয় খেলোয়াড় বা আদর্শ ছিল না৷
কাইয়োলি: তাহলে ম্যারাডোনা?
মেসি: তিনি তো সেরাদের সেরা৷
কাইয়োলি: ম্যারাডোনার সঙ্গে নিজের তুলনাটা কীভাবে দেখছেন?
মেসি: এটা আমাকে খুবই আনন্দ দেয়৷ এটা বড় সম্মান৷ কিন্তু আমি তুলনা পছন্দ করি না৷ আমি কঠোর পরিশ্রম করি৷ যখন ক্যারিয়ার শেষ করব, তখন দেখা যাবে৷
কাইয়োলি: আপনার খেলার ধরন সম্পর্কে যদি কিছু বলতেন...৷
মেসি: নিজের সম্পর্কে বলা কঠিন৷ এটা অন্যদের ওপর ছেড়ে দিন৷ আমি আর কী বলব? আমি স্ট্রাইকারদের পেছনে থেকে সুযোগ ৈতরি করতে পছন্দ করি৷ পারলে গোলও করি৷
কাইয়োলি: আপনার সেরা দক্ষতা?
মেসি: হয়তো গতির বৈচিত্র্য৷
কাইয়োলি: বার্সেলোনা নিয়ে যদি কিছু বলতেন...৷
মেসি: আমি এখানে ১৩ বছর ধরে আছি৷ এখানে ভালোই আছি৷ এই দলটির হয়ে আরও শিরোপা জিততে চাই৷
কাইয়োলি: আর আর্জেন্টিনা?
মেসি: জাতীয় দলের জার্সি গায়ে পরা বিশাল কিছু৷ যদিও আমি হাজার হাজার মাইল দূরে থাকি৷ তবু সব খেলায় অংশ নিতে চাই৷ দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চাই৷
কাইয়োলি: এত যশ, খ্যাতি...৷
মেসি: আমি এটা নিয়ে চিন্তা করি না৷ আমি সব সময় একই রকম থাকার চেষ্টা করি৷
কাইয়োলি: টাকা কি আপনার জীবনে কোনো পরিবর্তন এনেছে?
মেসি: বিলাসী জীবন যাপন করে অর্থ অপচয়ের লোক আমি নই৷
কাইয়োলি: ফুটবলের বাইরে কোন জিনিসটা সবচেয়ে বেশি উপভোগ করেন?
মেসি: পিরবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো৷
কাইয়োলি: লক্ষ্য?
মেসি: আরও অারও শিরোপা জয়৷
কাইয়োলি: আর স্বপ্ন?
মেসি: আর্জেন্টিনার হয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হতে চাই৷