‘আর্জেন্টিনার হয়ে প্রথম ট্রফিটা ছুঁতে চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটু অন্তর্মুখী মানুষ বলেই পরিচিত, কথা বলেন মেপে। কিন্তু নিজেকে নিয়ে, আর্জেন্টিনাকে নিয়ে, বার্সেলোনা-রিয়াল মাদ্রিদকে নিয়ে ‘ফিফা ডট কম’কে দেওয়া দুই পর্বের সাক্ষাৎকারে অনেক কথা বলেছেন লিওনেল মেসি— সাক্ষাৎকারের ঈষৎ সংক্ষেপিত ভাষান্তর আপনি প্রায়ই বলেন, নতুন নতুন চ্যালেঞ্জ থেকে নতুন জয়ের অনুপ্রেরণা নেন। কিন্তু আপনার তো জেতার মতো তেমন কিছু আর বাকি নেই!লিওনেল মেসি: তা ঠিক। যা যা জিততে চেয়েছিলাম, সবই জিতেছি—শুধু বিশ্বকাপ জিততে পারিনি। জার্মানির বিপক্ষে ম্যাচ থেকে যেভাবে ছিটকে গেছি, তাতে সত্যিই খুব খারাপ লেগেছিল। আমরা আরও অনেক দূর যেতে চেয়েছিলাম। কিন্তু ওই সময়টাতে গিয়ে সব জট পাকিয়ে গেল। আপনার বার্সেলোনা-সতীর্থ জাভি ও ইনিয়েস্তা স্বীকার করেছেন, আর্জেন্টিনা জার্মানির কাছে হেরে যাওয়ায় তাঁরা স্বস্তি পেয়েছিলেন। তাঁদের ধারণা ছিল, আর্জেন্টিনা সেমিফাইনালে কঠিন প্রতিপক্ষ হবে...মেসি: সত্যি কথা। আমরা খুব ভালো ছন্দ নিয়ে টুর্নামেন্ট শুরু করিনি। কিন্তু প্রতি ম্যাচে দারুণ উন্নতি করছিলাম, সেরা ফর্মে পৌঁছে গিয়েছিলাম। আমরা যে ফুটবল খেলেছি, তাতে সবার সমীহ পাচ্ছিলাম। আর জাভি-ইনিয়েস্তা খুব ভালো করেই জানে, আর্জেন্টিনার ফর্ম যেমনই থাকুক, তারা কত বড় হুমকি হতে পারে। সেটা তো আমরা বুয়েনস এইরেসের প্রীতি ম্যাচেই স্পেনকে গুঁড়িয়ে দিয়ে প্রমাণ করেছি। ফিফা ব্যালন ডি’অর জয়ের জন্য কি আপনার স্প্যানিশ সতীর্থরাই ফেবারিট?মেসি: আমার কাছে পরিষ্কার, এবার বিশ্বকাপটা এই বিবেচনায় খুব প্রভাব ফেলবে। এতে ওরা (স্প্যানিশরা) একটু এগিয়েই থাকবে। আমি যদি না জিতি, তাহলে আমার আন্তরিক কামনা থাকবে কোনো বার্সা সতীর্থই যেন জেতে। সম্প্রতি বলেছেন যে কেউ কেউ আর্জেন্টিনা দলে ভাঙন ধরাতে চাইছে। আপনি সত্যিই তাই মনে করেন?মেসি: অবশ্যই। মনে হচ্ছে, কিছু লোক সবকিছুর জন্য আমাকে দায় দিচ্ছে। কিছু একটা ঘটলেই বলা হচ্ছে, আমি ঘটনার সঙ্গে জড়িত; যদিও এসবের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। এখন আমি খুব সতর্ক হয়ে কথা বলি। কারণ মানুষ সব সময় কথার দ্ব্যর্থবোধক অর্থ করার চেষ্টা করে। তারা সব সময় কথার লুকানো অর্থ বের করার চেষ্টা করে, যদিও আমার কথায় কোনো লুকোচুরি থাকে না। এতেই আমার খুব বিরক্তি লাগে। ম্যারাডোনার সঙ্গে সম্প্রতি কথা হয়েছে?মেসি: হ্যাঁ। কিছুদিন আগেই আমরা কথা বলেছি। আমি এখন ‘এল চেচো’ বাতিস্তার অধীনে যেমন সন্তুষ্ট আছি, তেমনই সন্তুষ্ট ছিলাম ডিয়েগোর অধীনেও। ফুটবলের বাইরে ম্যারাডোনার সঙ্গে আপনার সম্পর্ক কেমন?মেসি: খুবই ভালো। আমি আগেও বলেছি, আবারও বলব—আমাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক ছিল এবং আছে। বাইরের লোকেরা অবশ্য সব সময় এসব নিয়ে কথা বলে। আর এসব তৃতীয় পক্ষই আসল ঘটনা বিকৃত করে ঝামেলা পাকায়। কিন্তু আমি আবারও বলছি, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে আমাদের অসাধারণ সময় কেটেছে। রিকেলমে কি আবার জাতীয় দলে ফিরবেন?মেসি: গ্রেট খেলোয়াড়দের জন্য সব সময় দরজা খোলা থাকে। কিন্তু আবারও বলি, সিদ্ধান্ত নেওয়ার আমি কেউ না। আমার সঙ্গে তার (রিকেলমে) কোনো সমস্যা নেই। কিন্তু সিদ্ধান্ত তো নেবেন বাতিস্তা। আপনার চূড়ান্ত লক্ষ্য নিশ্চয়ই ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ। কিন্তু ২০১১ কোপা আমেরিকা তো আর্জেন্টিনার পরবর্তী বড় লক্ষ্য...মেসি: এ নিয়ে কোনো সন্দেহই নেই। আমরা দেশে খেলছি বলে কোপা আমেরিকা এবার আরও গুরুত্বপূর্ণ। কারণ এতে শিরোপা জয়ের জন্য আমাদের ওপর দ্বিগুণ চাপ থাকবে। আমাদের নিজেদের কাজটা করতে হবে এবং শিরোপা জিততে হবে। শিরোপা জয়ের পথে বড় বাধা কারা?মেসি: সব সময়ের মতো ব্রাজিল। হ্যাঁ, দক্ষিণ আফ্রিকার পারফরম্যান্স এবং আক্রমণে লুই সুয়ারেজ ও ডিয়েগো ফোরলানের উপস্থিতি উরুগুয়েকেও এগিয়ে রাখবে। আমি প্যারাগুয়ের কথা ভুলে যাচ্ছি না। বিশ্বকাপে স্পেনের ঘাম বের করে দিয়েছিল ওরা। এরপর চিলিও আছে; যদিও আমি জানি না, বিয়েলসা চলে যাওয়ার ধাক্কা ওরা কীভাবে সামলাবে। ২০১১ সালটা কি লক্ষ্য নিয়ে শুরু করতে চান?মেসি: গত বছরের মতো একই লক্ষ্য—যত বেশি সম্ভব জেতা। আমি সব সময় আরও বেশি ট্রফি জিততে চাই। এ বছর বিশেষ করে কোপা আমেরিকাটা জিতে চাই, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আমার প্রথম ট্রফিটা ছুঁতে চাই। হ্যাঁ, সঙ্গে ইনজুরিমুক্ত থাকতে চাই।  ফ্রাঞ্জ বেকেনবাওয়ার কিছুদিন আগে বলেছেন, একুশ শতকে অনুসরণ করার মতো ফুটবল খেলছে বার্সেলোনাই। আপনার কী মনে হয়?মেসি: আমার ধারণা, উনি ঠিক বলেছেন। এখন দেখবেন অনেক দলই ‘গার্দিওলা সিস্টেম’ অনুসরণ করার চেষ্টা করছে। কিন্তু কাজটা সোজা নয়। এই কৌশলে খেলার মতো যোগ্য খেলোয়াড় এবং সাহসী কোচ দরকার। গার্দিওলা আপনাকে প্রতি ম্যাচে একটু ভিন্নতর পজিশনে খেলিয়ে থাকেন...মেসি: উনি আমার জন্য প্রতি ম্যাচে সেরা পজিশনটা খুঁজে বের করার চেষ্টা করেন, যাতে আমি আরও বেশি করে বল পাই এবং যারা আমাকে কড়া মার্কিংয়ে রাখে সেসব প্রতিপক্ষ চমকে যায়।  আপনার কি মনে হয়, রিয়াল মাদ্রিদ এবার গতবারের চেয়ে শক্ত দল?মেসি: হ্যাঁ। ওরা এবার গত মৌসুমের প্রায় সব খেলোয়াড়কে রেখে দিয়েছে। সঙ্গে দুই জার্মানকে (মেসুত ওজিল ও স্যামি খেদিরা) এবং বিশেষ করে আমার বন্ধু অ্যাঙ্গেল ডি মারিয়াকে দলে এনে শক্তি বাড়িয়েছে। তবে সবচেয়ে লক্ষণীয়, হোসে মরিনহো আসায় ওদের যে মানসিক পরিবর্তনটা হয়েছে, সেটা। এবারের চ্যাম্পিয়নস লিগ নিয়ে বলুন। বার্সেলোনাই কি ফেবারিট?মেসি: ফুটবলীয় যোগ্যতার দিক থেকে তো তাই। আমরা নিজেদের মানটা ধরে রাখতে পারলে শিরোপার দৌড়ে থাকব। যেমন থাকবে চেলসি, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন ও ইন্টার।  ম্যানচেস্টার ইউনাইটের কথা বললেন না!মেসি: ওরা শক্তিশালী দল। কিন্তু এখন মনে হয় ওরা একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তার পরও ওরা ফেবারিটের মধ্যে থাকবে, যেমন থাকবে আমার বন্ধু সেস ফ্যাব্রিগাসের আর্সেনালও।  পুরোনো বন্ধুদের প্রসঙ্গে বলা যাক। স্যামুয়েল ইতোকে কি বার্সেলোনা মিস করে?মেসি: ‘স্যামু’ আমাদের রণকৌশলে খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় ছিল। ও শুধু গোলই করত না, ও-ই প্রথম প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করত। আমি আবারও বলছি, আমার মনে হয়, ইন্টারের শিরোপাত্রয়ীর পেছনে ও অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ছিল।জ্লাতান ইব্রাহিমোভিচ বার্সেলোনায় তাঁর ক্যারিয়ার নিয়ে যা বলেছেন, তাতে কষ্ট পেয়েছেন?মেসি: সত্যি কথা বলি, একটুও না। আমার ‘ইব্রা’র সঙ্গে কোনো সমস্যা ছিল না এবং আমার মনে হয় দলের কারও সঙ্গেই ওর কোনো সমস্যা ছিল না।  ফুটবলের বাইরে যাওয়া যাক। আপনি তো কিছু দাতব্য কাজ করে থাকেন।মেসি: হ্যাঁ, আমার নামে একটা প্রতিষ্ঠান (লা ফাউন্ডেশন লিও মেসি) চলে। আমার বাবা হোর্হে ও ভাই রদ্রিগো এটা দেখাশোনা করে। আমার জায়গা থেকে আমি চাই কিছু মানুষের বেঁচে থাকাটা যেন সহজ করা যায়, বিশেষ করে বিশ্বজুড়ে যেসব শিশু সমস্যায় আছে তাদের জীবন। একটা সুখী ও হাসিমুখের শিশুকে দেখার চেয়ে তৃপ্তির আর কিছু নেই। আমি একটা অটোগ্রাফ দিয়ে হলেও এই হাসির জন্য যখন যেভাবে পারি কাজ করতে চাই। এই বিশ্বের সব অর্থের চেয়ে আমার কাছে একটা শিশুর হাসির দাম বেশি।