‘আর্সেনালের দরকার তারকা !’
গত ছয় বছরে নতুন কোনো শিরোপা জমা পড়েনি আর্সেনালের ট্রফি কেসে। এ বছর কার্লিং কাপের ফাইনাল পর্যন্ত গেলেও শেষ পর্যন্ত বার্মিংহামের কাছে হেরে শিরোপাটা অধরাই থেকে গেছে গানারদের। দীর্ঘদিনের এই শিরোপা-খরা ঘোচানোর জন্য শুধু তরুণদের ওপর ভরসা করাটা যথেষ্ট নয় বলে মনে করছেন আর্সেনালের সাবেক ডিফেন্ডার সোল ক্যাম্পবেল। তিনি মনে করেন, সাফল্যের জন্যই আগামী মৌসুমে কয়েকজন অভিজ্ঞ ও নামী তারকাকে দলে ভেড়ানো জরুরি বলে মনে করেন তিনি।ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে থেকে মৌসুম শেষ করেছে আর্সেনাল। চ্যাম্পিয়নস লিগ আর এফএ কাপেও কোনো আশাব্যঞ্জক পারফরমেন্স দেখাতে পারেননি আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। পরবর্তী মৌসুমে তাই সাফল্য পাওয়াটা জরুরি হয়ে পড়েছে গানারসদের জন্য। ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাত্কারে ক্যাম্পবেল বলেছেন, ‘এই মুহূর্তে আর্সেনালে অবশ্যই কিছু বড়মাপের ফুটবলার নিয়ে আসা দরকার; যারা প্রিমিয়ার লিগে তো বটেই, চ্যাম্পিয়নস লিগেও চাপ সামলে ভালো খেলতে পারবে। ওয়েঙ্গারের এখন অবশ্যই একজন ভালো গোলরক্ষক দরকার। ক্লাবের সেন্টার ব্যাকে বেশ কিছু ভালো খেলোয়াড় আছে। কিন্তু মাঝেমধ্যে ম্যাচের পরিস্থিতি প্রতিটা খেলোয়াড়ের কাছ থেকেই একটু ভিন্ন ধরনের পারফরমেন্স দাবি করে; যেগুলো বড়মাপের ফুটবলার ছাড়া হয়তো সম্ভব হবে না। আশা করছি, পরবর্তী মৌসুম শুরুর আগেই ওয়েঙ্গার এ রকম কিছু অভিজ্ঞ ফুটবলারকে দলে ভেড়াতে পারবেন।’ ইএসপিএন