'আশা করি আমিই শেষ নই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিদিয়ের দেশম
দিদিয়ের দেশম

ফ্রান্স ফুটবল ফেডারেশন ও ফিফা মিলেই নিয়েছে উদ্যোগটা৷ সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্রান্স কোচ দিদিয়ের দেশমকে সরাসরি প্রশ্ন করার সুযোগ! বিশ্বের নানা প্রান্ত থেকে আসা বিচিত্র সব প্রশ্নের প্রাণবন্ত জবাব দিয়েছেন ১৯৯৮ সালে বিশ্বকাপজয়ী ফ্রান্স অধিনায়ক৷ পাঠকদের সেসব প্রশ্ন-উত্তরেরই উল্লেখযোগ্য অংশ তুলে ধরা হলো—
ফ্রান্সের কোচ হওয়ার সবচেয়ে ভালো দিক কোনটি?
দিদিয়ের দেশম: ফুটবলকে আমার আবেগ বলতে পারেন। আমার পক্ষে তো এখন আর খেলা সম্ভব নয়...কিন্তু যখন ক্লাবের কোচ হলাম, অন্য কোচদের মতো আমার সামনেও সুযোগ এল একদিন না একদিন কোনো জাতীয় দলের কোচ হওয়ার৷ আমার খেলোয়াড়ি জীবন ফ্রান্সের লাল, সাদা এবং নীল জার্সির সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত৷ ফ্রান্সের কোচ হওয়াটা আমার জন্য একই সঙ্গে আশীর্বাদ ও গৌরবের।
কয়েক দিনের মধ্যেই কোচ হিসেবে প্রথম বিশ্বকাপে যাবেন৷ তার আগের অনুভূতিটা কেমন?
দেশম: অবশ্যই আনন্দের, রোমাঞ্চকর এবং স্নায়ুক্ষয়ী একটা ব্যাপার৷ এখনো অনেকটা সময় বাকি. তার পরও মনে হচ্ছে সবকিছু দ্রুতই কাছে চলে আসছে৷ এই সময়টা বেশি আনন্দের কারণ, সবাই কঠোর পরিশ্রম করতে এবং প্রস্তুতি নিতে প্রস্তুত৷ এখন ব্রাজিলে খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা। আগে যা করেছি, এখনকার সময়ের সঙ্গে তার কোনো কিছুরই তুলনা চলে না৷
সাবেক কোন খেলোয়াড়কে দলে নেওয়ার সুযোগ থাকলে কাকে নিতেন এবং কেন নিতেন?
দেশম: কাউকেই না৷ কারণ সবারই উচিত নিজের সময়ে বাস করা। এখন যারা আছে তাদেরকেই আমি বেছে নিয়েছি, তাদের ওপর আমার আস্থাও আছে৷
বিশ্বকাপ ট্রফির ভারটা কেমন?
দেশম: আপনি হয়তো বিশ্বাস করবেন না, এটা কিন্তু বেশ ভারী! তবে আমার জন্য এটা কোনো সমস্যা না৷ আর আক্ষিরক ভারের কথা বাদ দিলেও একজন শীর্ষ খেলোয়াড়ের কাছে এর প্রতীকী ওজনটাও বেশ গুরুত্বপূর্ণ৷ বিশ্বকাপের চেয়ে বিশেষ কিছু জেতা সম্ভব নয়৷ ছোটবেলায় এই কাপটাকে কেবল টিভিতেই দেখতাম৷ ১৯৯৮ সালে এটাকে নিজের হাতেও তুলে ধরেছি। এর চেয়ে বড় আর কিছুই হতে পারে না৷ সবচেয়ে বড় কথা, ব্রাজিলের বিপক্ষে ফ্রান্স জিতেছিল এবং সেটা ফ্রান্সেরই মাটিতে৷ অধিনায়ক ছিলাম বলে আমিই প্রথম কাপটা তুলে ধরি এবং ওটা ছিল অসাধারণ একটা মূহূর্ত৷ আমি প্রথম ছিলাম এবং সব সময় প্রথমই থাকব৷ তবে আশা করি, আমিই শেষ নই৷
মৌসুমের দ্বিতীয় ভাগে হঠাৎ করে ফর্ম হারিয়ে ফেললেন ফ্রাঙ্ক রিবেরি৷ বিশ্বকাপে কতটা সফল হতে পারবেন তিনি?
দেশম: সে এখন খুব ভালো অবস্থায় আছে এবং বেশ অনুপ্রাণিতও। সব বড় খেলোয়াড়ের ক্যারিয়ারেরই খারাপ সময় আসে। এটা ঠিক যে শেষ দিকে এসে তার দল বায়ার্ন মিউনিখের মতো রিবেরির ফর্মটাও ভালো যাচ্ছে না। তবে তাঁর মানসিকতা এবং দলটাকে আর উঁচুতে নিয়ে যাওয়ার ইচ্ছা নিয়ে আমার কোনো সন্দেহই নেই৷
গ্রুপ পর্বে রক্ষণাত্মক দলগুলোর বিপক্ষে আপনার পরিকল্পনা কী থাকবে?
দেশম: বিশ্বকাপ বাছাই পর্বেও আমরা এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি৷ প্রতিপক্ষ যদি রক্ষণাত্মক হয়, তার মানে বলটা আমাদের পায়ে থাকবে৷ আমরা যেসব পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছি, তার মধ্যে এটাও আছে৷ তবে আগে থেকে শুধু অনুমানই করা যায়। বাস্তবে কী ঘটবে, আপনি জানেন না৷ রক্ষণাত্মক দলগুলো ক্ষেত্রবিশেষে সমস্যাই তৈরি করে। এ ধরনের দলের জন্য আপনাকে অনেক ধরনের কৌশল ঠিক করে রাখতে হবে।