'আশা করি শ্রীলঙ্কায় সফল হব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্রাগান দুকানোভিচ
দ্রাগান দুকানোভিচ

কদিন আগেই মারুফুল হককে বিদায় দিয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র। নতুন কোচ দ্রাগান দুকানোভিচ দায়িত্ব নিয়ে আশা জাগানিয়া কিছু দেখাতে পারেননি। তবে এএফসি প্রেসিডেন্টস কাপকে বড় চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন এই মন্টেনেগ্রিয়ান। শ্রীলঙ্কা যাত্রার আগে কাল দলের প্রস্তুতি ও টুর্নামেন্টের খুঁটিনাটি নিয়ে বললেন ৪৫ বছর বয়সী কোচ
 ক্ষয়িষ্ণু শক্তির দল নিয়েই এএফসি প্রেসিডেন্টস কাপে যাচ্ছে শেখ রাসেল। এই দল নিয়ে কতদূর যেতে পারবেন?
দ্রাগান দুকানোভিচ: আমাদের লক্ষ্যই থাকবে বাছাইপর্বের প্রতিটি ম্যাচ জেতা। আমি মনে করি, এই টুর্নামেন্টে সেটা সম্ভব। কেউ এমনটা না ভাবলে তাঁর শ্রীলঙ্কা যাওয়ারই দরকার নেই। কারণ আমরা ঘুরতে যাচ্ছি না সেখানে। আমি বিশ্বাস করি, এই দলের ভালো কিছু করার যোগ্যতা আছে।
 আপনার এমন অতি আত্মবিশ্বাসের কারণটা কী?
দুকানোভিচ: এই কদিনে খেলোয়াড়দের সঙ্গে মেশার চেষ্টা করেছি। ওদের সমস্যা কোথায়, কে কেমন খেলে জানতে চেয়েছি। সব জেনে-বুঝে আমার মনে হয়েছে, এএফসি প্রেসিডেন্টস কাপে শেখ রাসেল ভালোই খেলবে।
 কিন্তু আপনি ঢাকায় এসে বলেছেন, এই দলে কোনো স্ট্রাইকারই নেই। তাই যদি হয়, তাহলে আত্মবিশ্বাসী হচ্ছেন কীভাবে?
দুকানোভিচ: আত্মবিশ্বাসী আমাকে হতেই হবে। হাতে যা আছে, তা নিয়েই লড়ব। এই দলের বিদেশি প্যাসকেল, ইভান, রিকার্ডো, স্থানীয় মিঠুন, বিপ্লব সবাই আমার কাছে সমান মনে হয়েছে। সবাই মিলে চেষ্টা করলে ভালো কিছু সম্ভব।
 টুর্নামেন্টে শেখ রাসেলের প্রতিপক্ষ সম্পর্কে কোনো ধারণা আছে?
দুকানোভিচ: আগে ছিল না। তবে এই কদিন আমি প্রতিপক্ষ সম্পর্কে জানার চেষ্টা করেছি ইন্টারনেট ঘেঁটে। পাকিস্তানের কেআরএল (খান রিসার্চ ল্যাবরেটরি) ক্লাব এর আগে তিনবার এই টুর্নামেন্টে খেলেছে। যথেষ্ট কঠিন প্রতিপক্ষ। শ্রীলঙ্কা এয়ার ফোর্স ও ভুটানের উগেইনও মোটামুটি ভালো দল। ওদের বিভিন্ন ম্যাচের ভিডিও জোগাড় করেছি। ছেলেদের সেই ভিডিও দেখিয়েছি এবং এই দল সম্পর্কে ওদের মূল্যায়ন জানতে চেয়েছি।
 শেখ রাসেল গতবার ট্রেবল জিতেছিল। এবার ধুঁকছে মাঠে। আপনার জন্য তো কাজটা অনেক বড় চ্যালেঞ্জ...
দুকানোভিচ: হ্যাঁ, চ্যালেঞ্জ তো বটেই। তাতে জয়ী হতে আমি আমার সব অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। খেলোয়াড়-কর্মকর্তাদের নিয়েও গুরুত্বপূর্ণ সভা করেছি এরই মধ্যে। প্রতিপক্ষ দলগুলোর ভিডিও ফুটেজ দেখিয়েছি ছেলেদের। শুধু শেখ রাসেল নয়, এটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্যও গুরুত্বপূর্ণ। বিদেশে শেখ রাসেল ভালো করলে বাংলাদেশের মানুষ খুশি হবে।
 আপনি দায়িত্ব নেওয়ার পর লিগে প্রথম ম্যাচে ড্র, পরের ম্যাচে হার। ভাগ্য তো বদলাল না শেখ রাসেল ক্রীড়াচক্রের...
দুকানোভিচ: নিশ্চয়ই ভাগ্য বদলাবে। লিগ আর টুর্নামেন্ট যেহেতু এক নয়, শ্রীলঙ্কায় আমরা সফল হব আশা করি। আমি ঢাকায় আসার আগে দলটা ধুঁকছিল। শুনেছি শেষ দশ দিন খুব বাজে খেলেছে শেখ রাসেল। আমি এসে খুব কমই সময় পেয়েছি। তবে এটা সত্যি, আমার আসার পরে খেলায় প্রতিদিনই উন্নতি হচ্ছে।
 সময়টা তো ভালো যাচ্ছে না। অচেনা পরিবেশে কেমন লাগছে?
দুকানোভিচ: খুবই ভালো লাগছে। আমি নতুন দায়িত্ব খুবই উপভোগ করছি। সবাই আমাকে সহযোগিতা করছে। ক্লাব কর্মকর্তারাও খুব ভালো।
 ঢাকার কথা বলুন। আপনার কাছে নতুন শহর...
দুকানোভিচ: ঢাকায় এলাম মাত্র। রাস্তাঘাট চিনি না। গরম একটু অস্বস্তিতে ফেলেছে। বায়তুল মোকাররমের সামনের কেএফসিতে খেতে বেশ লাগে। সার্বিয়ান দুই বিদেশি ইভান ও মিরোস্লাভকে নিয়ে কয়েক দিন এখানে খেয়েছি। বাঙালি খাবারে এখনো অভ্যস্ত হয়ে উঠিনি।