'আশা ছিল পদক জিতব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল্লাহ হেল বাকি
আবদুল্লাহ হেল বাকি

বড় প্রতিযোগিতায় সেভাবে ভালো করতে পারছিলেন না। সেই হতাশা কাল অনেকটা দূর করলেন। স্কটল্যান্ডের গ্লাসগোতে ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল আবদুল্লাহ হেল বাকি। রুপা জিতছেন ১০ মিটার এয়াররাইফেলে। গ্লাসগো থেকে টেলিফোনে তাই উচ্ছ্বসিত শোনাল তরুণ এই শ্যুটারের কণ্ঠ
:কমনওয়েলথ গেমসে রুপা জিতলেন। গ্লাসগো যাওয়ার আগে এতটা প্রত্যাশা করেছিলেন?
আবদুল্লাহ হেল বাকি: অন্তত একটা পদক জিতব সেই আশা করে গ্লাসগোর বিমানে উঠি। যেভাবে এবার অনুশীলন করেছি তাতে আমি আত্মবিশ্বাসী ছিলাম। জানতাম, কিছু একটা এবার করতে পারি। আমাদের সবার প্রস্তুতিও এবার ভালোই হয়েছে। তাই আমার এই পদকটা প্রত্যাশিতই বলব।
:বিদেশি কোচ পেয়েছেন, এই পদক জয় কি সেটিরই প্রভাব?
আবদুল্লাহ: অবশ্যই। কোচ এসে আমাদের প্রথম থেকেই একটা কথা বলেছেন, তোমরাও পারবে, তোমাদের মধ্যে সেই যোগ্যতা আছে। আমাদের এখন সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে হবে।
:ভারতের অভিনব বিন্দ্রাকে হারিয়ে এর আগে ২০০২ কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন আসিফ হোসেন খান। কখনো কি মনে হচ্ছিল আজও এমন কিছু হবে?
আবদুল্লাহ: আমি আসলে রেঞ্জের মেধ্য ঠিকভাবে কিছু বুঝতে উঠতে পারছিলাম না। একসময় ৫ নম্বরে ছিলাম। শ্যুটিংয়ের নতুন নিয়মে ফাইনালের আগে নিজের স্কোর জানার উপায় থাকে না। তাই বুঝতে পারছিলাম না বিন্দ্রা কেমন করছে।
:অভিনব বিন্দ্রার সঙ্গে কি রেঞ্জে কথা হয়েছে?
আবদুল্লাহ: হ্যাঁ। অনেক আগে থেকেই বিন্দ্রা আমাকে চেনেন। গ্লাসগোতে আসার পর অনেকবার আমার সঙ্গে কথা হয়েছে ওর। এবার এসেই আসিফের খোঁজখবর নিল। জানতে চাইল, আসিফ কেমন আছে। আমাদের শ্যুটিংয়ের কী অবস্থা, সেই সম্পর্কে অনেক কথা হলো। আমাকে ও অনেক টিপস দিয়েছে। তা ছাড়া মানসিকভাবে আমি যেন স্নায়ুচাপে না ভুগি সে জন্য অনেক উৎসাহব্যঞ্জক কথা বলেছে।
:স্নায়ুচাপে ভোগা তো আপনার পুরোনো রোগ। এবার সেটা সামাল দিলেন কীভাবে?
আবদুল্লাহ: আসলে স্নায়ুচাপে ভুগব না, এই প্রতিজ্ঞা করেই রেঞ্জে এসেছি। নিজের সঙ্গে নিজে কথা বলেছি। নিজেকে বলেছি, তোমার কাজটা তোমাকে করে যেতে হবে। বাকিটা দেখা যাবে।
:ভারতের শ্যুটারদের চেয়ে সুযোগ-সুবিধায় অনেক পিছিয়ে বাংলাদেশ। এই সাফল্য আপনাকে নিশ্চয়ই নতুন করে স্বপ্ন দেখাচ্ছে?
আবদুল্লাহ: তা তো অবশ্যই। আমাদের শ্যুটিংয়ের সেই সোনালি দিন এখন আর নেই। আমি নিজেও অনেক সময় এসব নিয়ে ভাবি। এই পদকটা আমাদের জন্য অনেক বড় প্রেরণার।