
দর্শকদের জন্য খুব দুঃখ করলেন মুশফিকুর রহিম। গাঁটের পয়সায় টিকিট কেটে এত কষ্ট করে মাঠে আসেন। অথচ খেলোয়াড়েরা দর্শকদের দিচ্ছেন শুধুই হতাশা। কাল ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক সমব্যথী হলেন দর্শকদের, ‘আমরা ভাগ্যবান যে তার পরও তারা মাঠে এসে আমাদের সমর্থন দিচ্ছে। কিন্তু গত কয়েক মাসে আমরা যে রকম খেলছি, তাতে তাদের প্রতি দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই করার নেই। আশা করি সামনের ম্যাচগুলোতে ভালো কিছু করতে পারব।’ সত্যি বলতে কি, এখন শুধু এই আশাটাই বাঁচিয়ে রেখেছে বাংলাদেশের ক্রিকেটকে। নইলে একের পর এক বাজে হারে দলটার ঠাঁই হওয়া উচিত আইসিইউতে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের হারটাই স্বাভাবিক ফলাফল, জিতলে সেটাই হতো অঘটন। কিন্তু হারারও তো একটা ধরন থাকে! ১৭১ রানের জবাবে এলোমেলো ব্যাটিং করে ৯৮ রানে অলআউট হওয়ার কী ব্যাখ্যা দেবেন মুশফিকুর রহিম? বাংলাদেশ অধিনায়ক ব্যাটিং-বোলিংয়ের দিকে পরে গিয়ে আগে বললেন ফিল্ডিংয়ের কথা, ‘ফিল্ডিংয়েই আমাদের বেশি করে উন্নতি করতে হবে। এই একটা জায়গায় উন্নতিটা দ্রুত করা যায়। এই মুহূর্তে আমাদের কিছু ভালো পারফরম্যান্স দরকার। তাতে খেলার মানটা যদি একটু ওপরে তোলা যায়।’
অধিনায়কের কাজটাই বুঝি এমন। পরাজয়ের শত গ্লানি মেখেও শেষটায় আশার সুর শোনাতে হয়। মুশফিকও টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি ম্যাচগুলো নিয়ে আশাবাদী, ‘পরের ম্যাচগুলোতে আমাদের লক্ষ্য থাকবে পুরো ম্যাচ খেলা, যাতে দেখাতে পারি যে আমাদের খেলায় কিছুটা হলেও উন্নতি আছে। আমাদের ভালো খেলার সামর্থ্য আছে। সে জন্য ব্যাটে-বলে খুব ভালো শুরু দরকার। আর ফিল্ডিংটা তো অবশ্যই ভালো হতে হবে।’
ঘরের মাঠে খেলার একটা সমস্যা হলো, আপনার দিকে লক্ষ-কোটি চোখ সারাক্ষণ তাকিয়ে থাকবে। সারাক্ষণই শুনতে হবে এই হচ্ছে না, ওই হচ্ছে না। বাংলাদেশ দলের ধারাবাহিক ব্যর্থতায় বিসিবি সভাপতি যেমন গত ১৫ দিনের মধ্যে দুবার আলোচনায় বসেছেন কোচ-অধিনায়কের সঙ্গে। কে জানে, দর্শক-সমর্থকদের প্রত্যাশার সঙ্গে এটাও চাপ হয়ে বসে গেল কিনা দলের ওপর! মুশফিক সরাসরি সেটা না বললেও বলেছেন, ‘গত দুই বছর এই দলটাই ভালো খেলেছে। কিন্তু এখন দলে জায়গা নিয়েই অনেকে একধরনের উদ্বেগের মধ্যে আছে।’ অধিনায়কের এমন কথার পর সরাসরিই প্রশ্ন হলো, তাহলে কি বাইরের চাপেই নুয়ে পড়ছে দলটা? মুশফিক উত্তরটা দিলেন কূটনৈতিক কায়দায়, ‘আমরা ভালো খেলছি না সেটাই বড় কথা। যেভাবেই হোক, আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনতে হবে। আমার বিশ্বাস, সবাই সবার স্বাভাবিক খেলাটা খেলতে পারলে ভাগ্যও আমাদের দিকে আসবে।’
বাংলাদেশের গেম প্ল্যানের একটা বড় অংশজুড়ে ক্রিস গেইল থাকলেও কাল ওয়েস্ট ইন্ডিজের হয়ে আসল কাজটা করে দিয়েছেন গেইলের ওপেনিং সঙ্গী ডোয়াইন স্মিথ। ম্যান অব দ্য ম্যাচ হয়ে সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজ দলের প্রতিনিধি হিসেবে এলেন তিনিই। স্মিথ যা বলে গেলেন, বাংলাদেশ চাইলে অনুপ্রেরণা খুঁজতে পারে সেটা থেকেও, ‘প্রথম ম্যাচে হারের পর আমাদের মধ্যে যেসব কথাবার্তা হয়েছিল, তাতে আমি বিস্মিত হয়েছিলাম। এসব ক্ষেত্রে সাধারণত আমরা ভেঙে পড়ি, কিন্তু আমি দেখলাম সবাই মাথা উঁচু করেই কথা বলছে। আমার খুব ভালো লেগেছে সেটা। আমরা এখনো আত্মবিশ্বাসী এবং এই জয় আমাদের আরও আত্মবিশ্বাসী করে তুলবে।’
৩ টি-টোয়েন্টিতে কোনো বল না খেলেই স্টাম্পড হওয়া তৃতীয় ব্যাটসম্যান লেন্ডল সিমন্স।
৪ এই প্রথম প্রতিপক্ষের চার ব্যাটসম্যানকে শূন্য রানে আউট করল বাংলাদেশ।
৪/১৫ বাংলাদেশের বিপক্ষে সেরা বোলিং স্যামুয়েল বদ্রির।
৭২ ডোয়াইন স্মিথের ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংস।