'আসল রোনালদো' তত্ত্বের ব্যাখ্যায় মরিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোসে মরিনহো
হোসে মরিনহো

বেশ ভালোই বিপাকে পড়েছেন হোসে মরিনহো। লোকে পর্তুগিজ কোচকে মুখরা বলেই চেনে। মুখে যা আসে বলে দিতে দুইবার ভাবেন না এবং কী বলছেন, তা নিয়ে পস্তাতেও দেখা যায় না তাঁকে। কিন্তু এবার হারই মানলেন মরিনহো। ‘আসল রোনালদো’ মন্তব্য করে রীতিমতো কোণঠাসা হয়ে পড়া চেলসি কোচ পুরো দায় সংবাদমাধ্যমের ওপর চাপিয়ে দিলেন। মরিনহোর জন্য যেটি বিরল। এর আগে আরও অনেক বিস্ফোরক মন্তব্য করেছেন, যেগুলোর দায় নিতে বিন্দুমাত্র দ্বিধান্বিত দেখা যায়নি তাঁকে।

তিনি ঠিক যেভাবে বলেছেন, সংবাদমাধ্যমে কথাটা সেভাবে উপস্থাপিত হয়নি বলেই দাবি করলেন মরিনহো। বেশি বেশি করে বাড়িয়ে দেখানো হয়েছে বলেও দাবি তাঁর। মরিনহো ‘আসল রোনালদো’ তত্ত্বের ব্যাখ্যা দিয়ে বলেছেন, তিনি এই দুই খেলোয়াড়ের মান নিয়ে তুলনা করেননি। তুলনা করেছেন বয়সের দিক দিয়ে। বয়সে বড় ব্রাজিলের রোনালদো। ফলে এই হিসাবে এক নম্বর রোনালদো তো তিনিই!

‘আমি ব্রাজিলিয়ান রোনালদোকে আসল রোনালদো বলেছি। কারণ সে-ই প্রথম রোনালদো। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আসল মুলার কে—টমাস মুলার, নাকি জার্ড মুলার, আমি তো পরের জনের কথাই বলব। আমার কাছে তিনিই আসল মুলার। কারণ এই দুজনের মধ্যে তিনিই বড়।’

মাদ্রিদের সংবাদমাধ্যমের ওপর পুরোনো রাগটাও ঝেড়েছেন ৫০ বছর বয়সী, ‘পুরোটাই আসলে একটা বানানো নাটক, যেটা মাদ্রিদে বানানো হয়েছে। ক্রিস্টিয়ানো অসাধারণ এক খেলোয়াড়। সারা জীবনই ও গোল করে গেছে। ওর গোল করাটা কোনো খবর নয়; বরং ও গোল না করলেই সেটা খবর।’