‘আসিফ, আমির ও বাটের বিকল্প পাওয়া কঠিন’
চলতি মাসের শেষের দিকে আবুধাবিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ। কিন্তু নিষেধাজ্ঞায় আছেন তিন তারকা ক্রিকেটার—সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ। এ তিনজনের শূন্যতা কীভাবে পূরণ করবে পাকিস্তান? দলটির প্রধান নির্বাচক মহসিন খান রাখঢাক না রেখে সরাসরিই বলছেন, ‘আসিফ, আমির ও বাটের বিকল্প পাওয়া কঠিন।’লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের অভিযোগে চলতি মাসের গোড়ার দিকে তিন ক্রিকেটারকে সাময়িকভাবে নিষিদ্ধ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দুর্নীতিবিরোধী আইনের ২ নম্বর ধারা অনুযায়ী আইসিসির সাময়িক নিষেধাজ্ঞায় বলা হয়েছিল, নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেটে অংশগ্রহণ থেকে বিরত থাকতে হবে ক্রিকেটারদের। এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছেন অধিনায়ক বাট, বাকি দুজন এখনো করেননি।ইংল্যান্ডে বিতর্কে মোড়ানো সফরের পর ২৬ অক্টোবর থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান দল। এ সফরে দুটি টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচে অংশ নেবে তারা। মহসিন খান ক্রিকইনফোকে বলেন, ‘এ তিনজন আমাদের সেরা খেলোয়াড়। আইসিসির ছাড়পত্র পেলেই দলে নেওয়া হবে তাঁদের।’ এরপর পাকিস্তানের এই প্রধান নির্বাচক যোগ করেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে আসিফ, আমির ও বাটকে না পাওয়া গেলে তাঁদের বিকল্প বের করা কঠিন হবে।’