টাকার খেলা বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টাকাই হয়ে দাঁড়িয়েছে সবচেয়ে বড় অনিশ্চয়তার নাম! মাঠে নেমে বিপিএল সেমিফাইনালের কাছাকাছি চলে এলেও মাঠের বাইরে হাবুডুব খাচ্ছে অনিশ্চয়তার সাগরে। ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে চুক্তি, ফ্র্যাঞ্চাইজি বিক্রি থেকে অর্থপ্রাপ্তি, খেলোয়াড়দের পারিশ্রমিক প্রদানের নিশ্চয়তাসহ আরও অনেক বিষয় অসম্পূর্ণ রেখেই এগিয়ে চলছে এই টুর্নামেন্ট।নিলামের পর ছয় ফ্র্যাঞ্চাইজির মালিকদের সঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিল ও আয়োজক সংস্থা গেম অন স্পোর্টসের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি হওয়ার কথা। সেই চুক্তিই ঠিক করে দেবে খেলোয়াড় এবং বিপিএল কর্তৃপক্ষের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলোর লেনদেনের সম্পর্ক। কিন্তু কাগজ-কলমের কাজ শেষ না করে টুর্নামেন্ট শুরু করে দেওয়ায় ক্রমেই ভরে উঠছে বিপিএলের ‘বাকির খাতা’।বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান ও বিসিবি পরিচালক গাজী আশরাফ হোসেন কাল স্বীকার করেছেন, ছয় ফ্র্যাঞ্চাইজির কারও সঙ্গেই এখনো লিখিত চুক্তি হয়নি তাঁদের। তবে একে বড় সমস্যা মনে হচ্ছে না তাঁর কাছে, ‘এখনো চুক্তি স্বাক্ষর না হলেও ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আমাদের নীতিগত সমস্যা নেই। তারা যথেষ্ট আন্তরিক, দুই পক্ষের বোঝাপড়াও ভালো। বিপিএলের খেলা চট্টগ্রামে এসে পড়ায় প্রক্রিয়া শেষ করতে একটু দেরি হচ্ছে। তবে চুক্তি স্বাক্ষর হওয়াটা এখন সময়ের ব্যাপার।’ফ্র্যাঞ্চাইজি বিক্রির সব টাকা এখনো নির্ধারিত ব্যাংক হিসাবে জমা পড়েনি বলে খবর। গাজী আশরাফ তবু আশায়, বিশ্বাস রাখছেন ফ্র্যাঞ্চাইজি মালিকদের ওপর, ‘এখানে সবাই লম্বা সময়ের জন্য এসেছে, কেউ পালিয়ে যেতে আসেনি। প্রত্যেকেরই একটা নিজস্ব পরিচিতি আছে। আশা করছি দু-তিন দিনের মধ্যে সব গুছিয়ে আনতে পারব।’ ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে চুক্তি হওয়ার কথা ছয় বছরের জন্য। প্রতিবছর তারা নবায়ন ফি দেবে আট কোটি টাকা করে। তবে তিন বছর পর চাইলে যে কেউ বিক্রি করে দিতে পারবে মালিকানা।বড় বাজেট এবং বড় অঙ্কের আর্থিক লেনদেনের এ রকম একটা টুর্নামেন্টের সাফল্যের জন্য শক্ত ভিত থাকা জরুরি। সবকিছু হওয়া উচিত পেশাদারি মনোভাবে এবং সেটার জন্য দ্বিপক্ষীয় সমঝোতা বা চুক্তির লিখিত রূপ থাকাও বাঞ্ছনীয়। অথচ বিস্ময়কর ব্যাপার, বিপিএলের ব্যবসায়িক সম্পর্কগুলো এখনো ‘আন্তরিকতা’ ‘আস্থা’ ‘বিশ্বাস’ ‘বোঝাপড়া’র মতো ধোঁয়াটে শব্দমালার ওপরই দাঁড়িয়ে আছে!চুক্তি না হওয়ায় ফ্র্যাঞ্চাইজি ও তাদের দেশি-বিদেশি খেলোয়াড়দের আয়কর প্রদান নিয়ে তৈরি হচ্ছে অস্পষ্টতা। বিদেশি খেলোয়াড়দের টাকাপয়সা দেওয়ার প্রক্রিয়া কতটা বৈধ হবে, উঠছে সে প্রশ্নও। গাজী আশরাফ হোসেন আশ্বাস দিলেন, ‘এটুকু নিশ্চয়তা দিতে পারি, খেলোয়াড়দের পেমেন্ট বৈধভাবে দেওয়া হবে। খেলোয়াড়দের টাকা থেকে আয়কর কেটে রেখে সেটা দেবে ফ্র্যাঞ্চাইজিগুলো।’স্বাক্ষরের অপেক্ষায় থাকা চুক্তি অনুযায়ী গত ৩ ফেব্রুয়ারির মধ্যে প্রত্যেক খেলোয়াড়কে পারিশ্রমিকের ২৫ শতাংশ দিয়ে দেওয়ার কথা ফ্র্যাঞ্চাইজিগুলোর। আজ ২৩ ফেব্রুয়ারির মধ্যে ৭৫ শতাংশ এবং বাকি ২৫ শতাংশ দেওয়ার কথা টুর্নামেন্ট শেষে। কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলো মানছে না এই শর্ত। খেলোয়াড়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ১০ থেকে ৩০ শতাংশের বেশি অর্থ কেউই এখনো পায়নি। একটি ফ্র্যাঞ্চাইজি নাকি পুরো টাকাই ফেলে রেখেছে বাকির খাতায়! গভর্নিং কাউন্সিলের প্রধান তবু আস্থা হারাচ্ছেন না তাদের ওপর থেকে, ‘বিষয়টা আমাদের নজরদারিতে আছে। আমার মনে হয়, সবাই এ ব্যাপারে আন্তরিক। সময়ের স্বল্পতার কারণে কিছু কিছু জিনিস বাকি থাকলেও আমরা আশাবাদী, সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে।’বিপিএল আয়োজনে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি গেম অন স্পোর্টসের সঙ্গে ছয় বছরের জন্য সাড়ে তিন শ কোটি টাকার চুক্তি করেছে বিসিবি। এর মধ্যে প্রথম বছরের জন্য ৩১ কোটি টাকা পাওয়ার কথা থাকলেও সেটাও নাকি পুরোপুরি পাওয়া যায়নি এখনো। তবে গভর্নিং কাউন্সিলের প্রধান বলেছেন, ‘গেম অনের কাছ থেকে দুই বছরের ব্যাংক গ্যারান্টি নেওয়া আছে। টাকা পাওয়া না গেলে সেখান থেকে কেটে রাখা হবে।’ গাজী আশরাফ অবশ্য জানিয়েছেন, এসব ব্যাপারে সময়মতো সব তথ্যই প্রকাশ করা হবে।বিপিএল থেকে দুটি জিনিস চেয়েছিল বিসিবি। মাঠের ক্রিকেটটাকে সফলভাবে আয়োজন করার সঙ্গে দ্বিতীয় লক্ষ্য, দেশের ক্রিকেটকে অর্থনৈতিকভাবে লাভবান করা। মাঠের লড়াই জমজমাটই হচ্ছে। কিন্তু দ্বিতীয় প্রাপ্তিটি কি ঘটবে? অসংখ্য বাকির খাতা খুলে দেওয়া বিপিএল আসলে আর্থিক লাভের কতটুকু নিশ্চয়তা দিচ্ছে? গাজী আশরাফ হোসেনের স্বপ্নটা এখানেও এখনো দাঁড়িয়ে ‘বিশ্বাসের’ ওপর, ‘আর্থিক লাভের ক্ষেত্রেও আমরা শতভাগ সফল হব, সেই বিশ্বাস আছে।’