'আয়োজন অসাধারণ হয়েছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনামুল হক
এনামুল হক

বাংলাদেশের হতাশার টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ছিলেন মন্দের ভালো। আপাতত ক্রিকেট থেকে খানিকটা দূরে আছেন, ছুটি কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। দল ভালো না করলেও আয়োজনে আরও একবার সফল বাংলাদেশ। সেটিতে তৃপ্ত বাংলাদেশ দলের ওপেনার এনামুল হক
 অবসর কেমন কাটছে?
এনামুল হক: খুব ভালো। বাবা-মাকে সময় দিচ্ছি, পিচ্চিদের সঙ্গে খেলছি, সবাই একসঙ্গে বসে খাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, অটোগ্রাফ দিচ্ছি..এই তো! সব মিলিয়ে দারুণ সময় কাটছে।
 একটু যদি পেছন ফিরে তাকাতে বলা হয়, ব্যক্তিগতভাবে আপনার টি-টোয়েন্টি বিশ্বকাপ কেমন কাটল মনে হয়?
এনামুল: আমি বলব ভালোই, তবে আরও ভালো হতে পারত। বেশ কয়েকটি ইনিংসে রান পেয়েছি, কিন্তু বড় করতে পারিনি। বড় ইনিংস খেলতে পারলে পুরোপুরি ভালো বলতে পারতাম।
 কেন ইনিংস বড় করতে পারেননি বলে মনে হয়?
এনামুল: তিনটি ইনিংসে ৪০ পার করেছি। একটিতে তো অপরাজিতই ছিলাম, আরেকটিতে রানআউট, আরেকটি খুব ভালো বলে আউট হয়ে গেছি (অমিত মিশ্রর গুগলি)।
 ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি, যে ইনিংসগুলোয় রান পেয়েছেন, দেখা গেছে চার-ছয় বেশ কটি থাকে, কিন্তু ডট বলও অনেক থাকে। স্ট্রাইক আরেকটু বেশি বদল করতে পারলে স্ট্রাইকরেটও তো বাড়ে!
এনামুল: তা তো অবশ্যই। এই জায়গায় আমাকে উন্নতি করতে হবে, এক-দুই রান আরেকটু বেশি নিতে শিখতে হবে। শুধু এখানেই বা কেন, উন্নতির অবকাশ আছে আরও অনেক জায়গাতেই।
 বিশ্বকাপের ফাইনাল দেখেছেন নিশ্চয়ই?
এনামুল: দেখেছি তো বটেই। ভারত বরাবরই ফাইনালে লাকি দল, এ জন্যই হয়তো সবার মনে হচ্ছিল ভারতই ট্রফি জিতবে। কিন্তু আমার বারবারই মনে হচ্ছিল, শ্রীলঙ্কা কোনোভাবেই ছাড় দেবে না। ওরা এত দিন ধরে বাংলাদেশে আছে, এটা বড় একটা সুবিধা। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। ম্যাচটাও ভালো হয়েছে। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা সহজে জিতেছে, কিন্তু একটা সময় পর্যন্ত ভারতও ভালোই লড়াই করেছে। আমি বলব, এটি ছিল উপভোগ্য ফাইনালই।
 সব মিলিয়ে বাংলাদেশের আয়োজনটা কেমন হলো?
এনামুল: দারুণ, অসাধারণ! একটা সময় বিশ্বকাপ হওয়া নিয়েই সংশয় ছিল, অথচ আমরা কত সফলভাবে আয়োজন করে ফেললাম! আর ক্রিকেট আমাদের এখানে এত জনপ্রিয় যে খেলা ছাপিয়ে এটা একটা উৎসবে পরিণত হয়েছিল। একটা সাজ সাজ রব ছিল চারপাশে। সব মিলিয়ে খুব ভালো লেগেছে।
 ২০১১ বিশ্বকাপে দলে ছিলেন না। তখনকার আয়োজনের উৎসবটা তো বাইরে থেকে দেখেছিলেন...
এনামুল: সেবার বাংলাদেশে বিশ্বকাপ হলো প্রথমবার। সেটার একটা অন্যরকম আনন্দ ছিল। এবারের আনন্দটাও আবার অন্যরকম, এককভাবেই আমরা বিশ্বকাপ আয়োজন করেছি। আইসিসির ইতিহাসে সবচেয়ে বড় টুর্নামেন্ট আমরা দারুণ সফলভাবে আয়োজন করেছি। আমার তো মনে হয়, দুবারই গোটা দেশে বিশ্বকাপ অনেকটা উৎসবে রূপ নিয়েছে।
 বাংলাদেশের পারফরম্যান্স ভালো হলে উৎসবটা আরও বর্ণিল হতো না?
এনামুল: অবশ্যই হতো। তবে কখনো ভালো হয়, কখনো হয় না। ক্রিকেট খেলাটাই তো এমন। আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। সবাই শতভাগ চেষ্টা করেছে, এটাই আসল কথা।
 নিজের লক্ষ্য কী এখন, ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট দলে ফেরা?
এনামুল: খুব বেশি কিছু ভাবতে চাই না। ১২ তারিখ থেকে জাতীয় লিগ শুরু। ১০ তারিখ থেকে আবার অনুশলিন শুরু করব। টেস্ট দলে ফেরা এত সহজ হবে না। জাতীয় লিগে রান করতে হবে। যেখানেই খেলি, অনেক অনেক রান করতে হবে। এই তো!