‘ইংল্যান্ড ছিঁচকাঁদুনে’
ইংলিশ মিডিয়ার ধারালো দাঁত এই কদিন ভালোই কামড়েছে ফিফাকে। ফিফা মোটামুটি ভদ্র ভাষায় আত্মপক্ষ সমর্থন করে গেছে। কিন্তু ইংলিশ মিডিয়ার অব্যাহত সমালোচনায় বোধ হয় ধৈর্যচ্যুতি ঘটল সেপ ব্ল্যাটারের। ফিফা সভাপতি এবার পাল্টা সমালোচনা করলেন ইংল্যান্ডের। বিশ্বকাপ আয়োজনের প্রার্থিতায় পরাজয়ের পর ইংল্যান্ডের প্রতিক্রিয়ায় ব্ল্যাটার প্রকারান্তরে ইংল্যান্ডকে বলেছেন ছিঁচকাঁদুনে, ‘সত্যি বলছি, হেরে যাওয়ার পর ইংল্যান্ডের পক্ষ থেকে যেসব অভিযোগ তোলা হয়েছে তাতে আমি বিস্মিত। অথচ ইংল্যান্ড হলো ফেয়ার প্লের জন্মভূমি। কারও কারও আচরণে বোঝা যাচ্ছে, পরাজয় মেনে নেওয়ার মানসিকতা এদের নেই।’নির্বাচনের পর ইংল্যান্ড যেসব কথাবার্তা বলছে, তাতে ঘোর আপত্তি ব্ল্যাটারের, ‘ভোটের পরে আপনি এসব বলতে পারেন না, বলতে পারেন না ইংল্যান্ডকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি ছিল। ফল তো হয়েই গেছে। ফলাফল সবার কাছেই পরিষ্কার।’২০১৮ বিশ্বকাপ আয়োজক হওয়ার দৌড়ে সবচেয়ে ফেবারিট ছিল ইংল্যান্ড। অন্তত সে দেশের মিডিয়ার চোখে। বিশ্বকাপের আয়োজক নির্ধারণী ভোটের আগে ঘুষ কেলেঙ্কারি নিয়ে সবচেয়ে শোরগোলও হয়েছে ইংলিশ মিডিয়ায়। দুজন ভোটার ভোটও দিতে পারেননি নিষিদ্ধ হওয়ার কারণে। কিন্তু ইংল্যান্ড মাত্র দুই ভোট পেয়ে ভোটের প্রথম পর্বেই বাদ পড়ে গেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, রাজপুত্র উইলিয়াম, ফুটবল তারকা ডেভিড বেকহামদের নিয়ে গড়া বিড কমিটির সব প্রচেষ্টা বিফলে গেছে।এরপর জল অনেক দূর গড়িয়েছে। ইংলিশ ফুটবলের অভিভাবক সংস্থা এফএ থেকে পদত্যাগ করেছেন ভারপ্রাপ্ত প্রধান রজার বারডেন। বিদায়ের সময় বলে গেছেন, ফিফার নির্বাহী কমিটির সদস্যদের ওপর তাঁর বিশ্বাস নেই। ব্রিটিশ সংসদে প্রধানমন্ত্রী ক্যামেরন এই বলে ঠাট্টা করেছেন, প্রতিশ্রুতি ভঙ্গ করার দিক থেকে ফুটবলের কর্তাব্যক্তিদের ধারেকাছে নেই রাজনীতিবিদেরা!ফিফা অবশ্য দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপকে উদাহরণ হিসেবে দাঁড় করিয়ে যুক্তি দিয়েছে, ফুটবলকে আরও ছড়িয়ে দিতে হলে বিশ্বকাপ হতে হবে নতুন নতুন অঞ্চলে। সেদিক দিয়ে রাশিয়া আর কাতারই ফিফার কাছে মনে হয়েছে যোগ্য আয়োজক।ব্ল্যাটারও বলেছেন, ‘পশ্চিমা বিশ্বের খ্রিষ্টান সম্প্রদায়ের একটা অংশের প্রতিক্রিয়ায় আমি ঔদ্ধত্য দেখছি। কেউ কেউ আছে নতুন কাউকে কিছু করে দেখানোর সুযোগ দেওয়াটা যারা সহ্যই করতে পারে না। আমরা এমন অঞ্চলগুলোয় খেলাটা ছড়িয়ে দিতে চাই, যেখানে খেলাটির সীমা ছাড়িয়ে আরও অনেক দূর যাওয়ার সম্ভাবনা লুকিয়ে আছে। এর মধ্যে সমস্যা কোথায়?’ভোটারদের প্রভাবিত করার দায়ে ইংল্যান্ডের কাঠগড়ায় ব্ল্যাটার। ইংলিশ মিডিয়ায় ফিফার দুর্নীতি উন্মোচিত হওয়ায় জ্বালা ধরে গিয়েছিল ফিফার গায়ে, আর এটি তিনি মনে করিয়ে দিয়েছেন ফিফা সদস্যদের। তবে ফিফার প্রধান এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, ফিফার ভাবমূর্তি পুনরুদ্ধারে কঠোর পদক্ষেপই নেওয়া হবে। রয়টার্স।