‘ইউক্রেনের প্রতি অবিচার হয়ে গেল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাড়া মাথায় ভ্রুহীন নেত্রে ফুটবল পরিচালনা করে তারকা বনে যাওয়া ইতালীয় রেফারি পিয়ারলুইগি কলিনা এখন উয়েফার রেফারি প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। অসম্ভব ফুটবলীয় প্রজ্ঞা আর ব্যক্তিত্বের কারণে খ্যাতিমান এই সাবেক রেফারি জানিয়েছেন, ইউক্রেন-ইংল্যান্ড ম্যাচে ইউক্রেনকে একটি ন্যায্য গোল থেকেই বঞ্চিত করা হয়েছে।মঙ্গলবার ইউক্রেনের মার্কো ডেভিচের একটি শট ইংলিশ ডিফেন্ডার জন টেরি গোল লাইন থেকে ফিরিয়ে দেন। টেলিভিশন রিপ্লেতে পরিস্কার দেখা গেছে যে ডেভিচের শটের বল গোললাইন অতিক্রম করেছিল। এই অন্যায্য সিদ্ধান্তে গোল বঞ্চিত হয়ে ইউক্রেন বিদায় নিয়েছে ইউরো চ্যাম্পিয়নশিপ থেকে। স্বাগতিক ইউক্রেনের এই বিদায় ক্ষুব্ধ করে তুলেছে তাদের সমর্থকদের। গুরুত্বপূর্ণ ম্যাচে এই ভুল সমালোচনার ঝড় তুলেছে গোটা ফুটবলবিশ্বে।২০০৮-এর ইউরো ও ২০১০-এর বিশ্বকাপে এ ধরনের পরিস্থিতির শিকার হয়েছিল ইংল্যান্ড নিজেই। গেল বিশ্বকাপে জার্মানির বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের শট গোললাইন অতিক্রম করলেও ইংল্যান্ডকে গোলবঞ্চিত করেছিলেন রেফারি। এর পর থেকেই ফুটবলে গোললাইন প্রযুক্তি চালুর দাবি জানিয়ে আসছে সবাই। ফুটবলের প্রতিটি বড় প্রতিযোগিতায়ই এ ধরনের বিতর্ক দানা বাঁধলেও গোললাইন প্রযুক্তির ব্যাপারে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার কালক্ষেপণ ক্ষুব্ধ করে তুলেছে অনেককেই। এবারের ইউরোয় গোললাইনে একজন অতিরিক্ত লাইন্সম্যান নিয়োগ দেওয়ার পরও ইংল্যান্ড-ইউক্রেন ম্যাচে এ ধরনের ঘটনা ইউক্রেন-সমর্থকদের অক্ষম ক্ষোভের মাত্রাই কেবল বাড়িয়েছে। ‘মনুষ্য ভুল’ বলে ব্যাপারটি এড়িয়ে যাওয়ার চেষ্টা হলেও ভুক্তভোগীদের প্রশ্ন, এই ‘মনুষ্য ভুলের’ ফলে দলগুলোর ভাগ্য বিপর্যয়ের দায়ভার আসলে কার?সব দেখে-শুনে সাবেক ইতালীয় রেফারি মনে করেন, সেদিনের ম্যাচে রেফারি ভিক্টর ক্যাসাই সত্যিই বড় ধরনের ভুল করে ফেলেছেন। উয়েফার রেফারি প্রধান হিসেবে এবারের ইউরোয় এ ধরনের তিনটি পরিস্থিতির উদ্ভব হলেও এই একটি ক্ষেত্রেই রেফারি ভুল করলেন। তিনি বলেন, ‘সত্যিই সেদিন বলটি গোললাইন অতিক্রম করেছিল। ইউক্রেনের প্রতি একটা অবিচারই হয়ে গেল।’ইউক্রেন ও ইংল্যান্ডের ম্যাচের এই ঘটনা বিতর্ক তুলেছে গোললাইন প্রযুক্তি নিয়ে। একই সঙ্গে গোললাইন প্রযুক্তির পথে না হেঁটে এক ম্যাচে পাঁচ রেফারি নিয়োগের ব্যাপারটি নিয়েও চলছে জোর বিতর্ক। তবে কলিনা মনে করেন, গত তিনটি চ্যাম্পিয়নস লিগ, দুটি ইউরোপা লিগ ও ইউরো চ্যাম্পিয়নশিপের ২৪টি ম্যাচের মধ্যে ইংল্যান্ড-ইউক্রেন ম্যাচে ঘটনাটিই এ ধরনের একমাত্র ঘটনা। তিনি এটিকে দুর্ঘটনা হিসেবেই ধরে নিতে চান বলে জানিয়েছেন।এদিকে, ফিফার সভাপতি সেপ ব্ল্যাটার এক টুইটার বার্তায় জানিয়েছেন, ইংল্যান্ড-ইউক্রেন ম্যাচের এই ঘটনাটি প্রমাণ করেছে ফুটবলে গোললাইন প্রযুক্তিটা বড্ড জরুরি হয়ে দেখা দিয়েছে। ওয়েবসাইট।