‘ইউনাইটেড ভূত’ তাড়াল টটেনহাম
একটি জয়ের জন্য অপেক্ষার প্রহরটা একটু বেশিই হয়ে গিয়েছিল। অবশেষে অধরা সেই জয়টা পেল টটেনহাম, ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়ে খুলল ২৩ বছরের গেরো। প্রিমিয়ার লিগে আগের ২২টি ম্যাচে ইউনাইটেডকে হারাতে পারেনি স্পাররা। পরশু খেলার আগে তাই ইউনাইটেডের জয়ের পক্ষেই হয়তো বাজি ধরেছিল ফুটবল-ভক্তরা। কিন্তু স্পাররা সব ছক কী দুর্দান্তভাবেই না পাল্টে দিল!শুরু থেকেই ম্যাচটা ছিল উত্তেজনায় ঠাসা। তবে খেলার দুই অর্ধের চিত্র ছিল সম্পূর্ণ দুই রকম। প্রথমার্ধে ছড়ি ঘুরিয়েছিল স্পার, জাঁ ভেট্রোগেন ও ক্রিশ্চিয়ান বেল দারুণ দুটি গোল করে এগিয়ে নেন স্পারদের। মাঠে জার্সি দেখেই চিনতে হচ্ছিল যেন ইউনাইটেডকে। তবে দ্বিতীয়ার্ধে যেন জাদুমন্ত্রের বলে খোলস ছেড়ে বেরিয়ে এল রেড ডেভিলরা। রুনির ক্রসে নানির গোলে এগিয়ে যাওয়ার পর আবার এগিয়ে যায় টটেনহাম। তবে ডেম্পসির করা গোলের পরপরই আবার ম্যাচে ফেরে ইউনাইটেড, ব্যবধান কমান শিনজি কাগাওয়া। এরপর পুরো ম্যাচে সাঁড়াশি আক্রমণ চালিয়েও গোলবঞ্চিতই থেকে যান ফার্গুসনের শিষ্যরা। দুবার বারে না লাগলে আর রেফারি বার কয়েক পেনাল্টির আবেদন নাকচ না করলে অবশ্য ফলটা অন্য রকমই হতে পারত। ম্যাচ শেষে আন্দ্রে ভিলাস-বোয়াসকে দেখেই টের পাওয়া যাচ্ছিল উচ্ছ্বাসটা, ‘আমরা আজকে দুর্দান্ত ছিলাম। খেলোয়াড়েরা সেরাটাই ঢেলে দিয়েছিল, শুরু থেকেই তাদের প্রতিজ্ঞাটা বোঝা যাচ্ছিল। এটা আমাদের জন্য আসলেই একটা “স্পেশাল, স্পেশাল” রাত।’ চেলসি থেকে একরকম ছুড়েই ফেলা হয়েছিল এভিবিকে। টটেনহামের দায়িত্ব নেওয়ার পর নিজেকে চেনানোর আলাদা একটা জেদ তো ছিলই। তার ওপর ইউনাইটেডের মাঠে গিয়ে তাদেরই হারানো, এভিবি তো উচ্ছ্বাসে ভাসবেনই।তবে দিনটা ছিল বর্ণবাদ বিতর্কে ঘেরা দুজনের আলোয় উজ্জ্বল। জন টেরি তো আর্সেনালের বিপক্ষে দারুণ খেলেছেনই, তবে তাঁকেও ছাপিয়ে গেছেন লিভারপুলের লুইস সুয়ারেজ। ১০১ বছরের ইতিহাসের জঘন্যতম শুরুর পর ব্রেন্ডন রজার্সের চাকরিটা ঝুলছিল সুতোয়। তবে সুয়ারেজের দুর্দান্ত এক হ্যাটট্রিকে বহুল প্রার্থিত সেই জয়টা পেয়েছে অল রেডরা। নরউইচের মাঠে গিয়ে তাদের বিধ্বস্ত করেছে ৫-২ গোলে। উইসডোম, সুসো, স্টারলিংয়ের মতো টিনএজারদের খেলিয়ে রজার্স একটা ফাটকাই খেলেছিলেন। তবে তাঁরা নিরাশ করেননি। অধিনায়ক স্টিভেন জেরার্ড ও রিয়াল থেকে ধারে আসা নুরি সাহিনও করেছেন গোল। ফুলহামের মাঠে রবার্তো মানচিনি দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। ৮৭ মিনিট পর্যন্ত ১-১ গোলে অমীমাংসিত ছিল ম্যানচেস্টার সিটি-ফুলহামের ম্যাচ। এরপরই দৃশ্যপটে আবির্ভাব এডিন জেকোর। বদলি নামা জেকোর গোলেই জিতল সিটি। এর আগে পেত্রিচের গোলে এগিয়ে যাওয়া ফুলহামকে সমতায় এনেছিলেন আগুয়েরো। অন্তিম মুহূর্তের গোলে জয় মানচিনিকে আনন্দের চেয়ে স্বস্তিই দিয়েছে বেশি ‘ফুলহামের সঙ্গে জেতাটা সব সময়ই কঠিন। তবে ড্র করাটা আমাদের প্রাপ্য ছিল না।’ এএফপি, রয়টার্স।