‘ইউরোপে যেতেই হবে নেইমারকে’
ফিফা ব্যালন ডি অ’র জিততে হলে ব্রাজিলীয় ক্লাব সান্তোসে পড়ে থাকলে হবে না, নেইমারকে পাড়ি জমাতে হবে ইউরোপে—কথাটা অনেকেই বিভিন্ন সময় বলেছেন। এবার একই কথা বললেন বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট সেপ ব্লাটার।এবারের ফিফা ব্যালন ডি অ’রের জন্য প্রাথমিকভাবে মনোনীত ২৩ জনের তালিকায় ছিলেন নেইমার। তবে গতকাল শুক্রবার ঘোষিত তিন জনের চূড়ান্ত তালিকায় জায়গা পাননি ২০ বছর বয়সী এই স্ট্রাইকার। চূড়ান্ত তালিকায় আছেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি, রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো ও বার্সার স্প্যানিশ মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা।৭৬ বছর বয়সী ব্লাটার মনে করেন, ব্যালন ডি অ’র জেতার সামর্থ্য ব্রাজিলীয় তারকা নেইমারের রয়েছে। তবে এটি করতে হলে দেশ ছাড়ার বিকল্প নেই সান্তোস স্ট্রাইকারের।‘নেইমার অসাধারণ খেলোয়াড়। কিন্তু ইউরোপে খেলেন না, এমন কাউকে চূড়ান্ত তালিকায় রাখা কঠিন। ব্রাজিলের ফুটবলের মান যথেষ্ট ভালো। কিন্তু এই মুহূর্তে ইউরোপীয় ফুটবল হচ্ছে ক্লাব পর্যায়ের সর্বোচ্চ মানদণ্ড। ব্যালন ডি অ’র জিততে হলে ইউরোপে যেতেই হবে নেইমারকে।’ গতকাল সাও পাওলোতে এক সংবাদ সম্মেলনে বলেছেন সেপ ব্লাটার।ফিফা প্রেসিডেন্টের বক্তব্যের সঙ্গে একমত ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো। তিনি বলেন, পুরস্কারের জন্য মনোনীত ২৩ সদস্যের তালিকায় নেইমার ছিল। এটা ওর জন্য বড় অর্জন। কিন্তু ব্যালন ডি অ’র জিততে হলে নেইমারকে অবশ্যই ইউরোপে গিয়ে খেলতে হবে অথবা ২০১৪ সালে ঘরের মাঠে অনুষ্ঠেয় বিশ্বকাপে ব্রাজিলের হয়ে অসাধারণ নৈপুণ্য দেখাতে হবে।’রোনালদো বলেন, ‘নেইমার এই মুহূর্তে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা। কিন্তু ও ইউরোপে তেমন পরিচিত নয়। ইউরোপে খেলতে যাওয়ার ব্যাপারে একবার ওর সঙ্গে কথা বলেছিলাম আমি। ওকে বলেছিলাম, বিশ্বের শীর্ষ ফুটবলারদের একজন হতে হলে ইউরোপের ক্লাবে অবশ্যই খেলতে হবে। সূত্র: গোল ডটকম।