‘ইচ্ছাকৃত’ নো বল নিয়ে...
তিন-তিনবার আইসিসির ‘স্পিরিট অব দ্য গেম’ পুরস্কার জিতেছে শ্রীলঙ্কা। খেলাটার ‘স্পিরিট’ বা চেতনা এভাবে ভূলুণ্ঠিত হলো তাদের হাতেই! ওয়েবসাইট।গত পরশু ত্রিদেশীয় সিরিজের ম্যাচে সুরাজ রণদিভের ‘ইচ্ছাকৃত’ নো বল নিয়ে তোলপাড় হয়ে গেছে ভারত-শ্রীলঙ্কায়। ক্রিকেটের ‘চেতনাবিরোধী’ আচরণের অভিযোগ তুলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটাররা। সেঞ্চুরিবঞ্চিত বীরেন্দর শেবাগ শুরুতে ব্যাপারটাকে তেমন আমল দেননি। পরে ফুঁসে উঠেছেন তিনিও। ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে ঘটনা আরও খতিয়ে দেখবে বলেও জানিয়েছে ক্রিকেট শ্রীলঙ্কা। ঘটনার মূল ‘নায়ক’ রণদিভও দুঃখ প্রকাশ করেছেন শেবাগের কাছে।ভারতের জয়ের জন্য যখন প্রয়োজন ৫ রান, স্ট্রাইকে থাকা বীরেন্দর শেবাগ অপরাজিত ৯৯ রানে। প্রথমে একটি বাই চার, পরে রণদিভের ‘নো’ বলে ৫ রান হয়ে যায় ভারতের। নো বলটিকে উড়িয়ে লং অফে সীমানার বাইরে ফেললেও সেঞ্চুরি হয়নি শেবাগের।কথাবার্তা শুনে মনে হচ্ছে, শ্রীলঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা ছাড়া সবাই মোটামুটি নিশ্চিত, ‘নো’ বলটি ছিল ইচ্ছাকৃত। টিভি রিপ্লেতে দেখা গেছে, দাগের প্রায় ফুটখানেক সামনে ছিল রণদিভের পা। পেছনের পা ছিল এমন জায়গায়, যেখানে আসলে থাকা উচিত সামনের পা। অথচ এই রণদিভই টেস্ট সিরিজে ১২৭ ওভার বোলিং করে কোনো নো বল করেননি!টেন স্পোর্টসের স্টুডিওতে সাবেক নিউজিল্যান্ড অলরাউন্ডার ক্রিস হ্যারিস বললেন, ‘কোনো সন্দেহই নেই এটি ইচ্ছাকৃত নো বল।’ সন্দেহ নেই ভুক্তভোগী শেবাগেরও। ম্যাচ শেষ হওয়ার পরপরই টেন স্পোর্টসে শেবাগ বলেন, ‘রিপ্লে দেখার দরকার নেই, আমি জানি, নো বলটি ছিল ইচ্ছাকৃত। তবে ক্রিকেটে এমনটা হয়েই থাকে। কোনো দলই চায় না তাদের বিপক্ষে কেউ সেঞ্চুরি করুক। তবে সেঞ্চুরি পাইনি বলে আমার কোনো সমস্যা নেই, ৯৯-১০০ আমার কাছে কোনো ব্যাপার নয়। দলের জয়েই আমি খুশি।’তবে সময় যত এগিয়েছে, সেঞ্চুরি না পাওয়ার দুঃখটা হয়তো বেশি করে বাজতে শুরু করেছে শেবাগের বুকে। সাংবাদিকদের কাছে পরে বলেছেন, এবারই প্রথম নয়, শ্রীলঙ্কা এর আগেও এমনটি করেছে। গত ডিসেম্বরেও কটকে ৯৬ রানে অপরাজিত শচীন টেন্ডুলকারকে সেঞ্চুরি-বঞ্চিত করতে শ্রীলঙ্কা নাকি ওয়াইডসহ বাই চার দিয়েছিল ইচ্ছা করেই!তবে রণদিভ ইচ্ছা করেই অমনটা করেছে, বিশ্বাস করেন না সাঙ্গাকারা। ‘ইচ্ছাকৃত’ জাতীয় কোনো ব্যাপার থাকলে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক, ‘সুরাজকে ভালোভাবে চিনি বলেই জানি, ও খুব ভালো ছেলে। আমার কোনো সন্দেহই নেই, এটা ছিল অনিচ্ছাকৃত। তবে সত্যি যদি এ ধরনের কিছু হয়ে থাকে, বা কেউ ওকে এমন কিছু করতে বলে থাকে, তাহলে ড্রেসিংরুমে আমি কড়াভাবে কথা বলব। ক্রিকেটের চেতনার সঙ্গে এটা যায় না।’সাঙ্গাকারার বড় আপত্তি অবশ্য ক্রিকেটের এই নিয়মটা নিয়েই, ‘এই পরিস্থিতিতে নো বলে রান করলেও সেটা ব্যাটসম্যানের রানের সঙ্গে যোগ হওয়া উচিত।’ সত্যিই কিন্তু আইনের একটা ফাঁক এখানে খুঁজে বের করা যায়। এই পরিস্থিতিতেও নো বলটা যদি ব্যাটসম্যানের বলের হিসেবে যোগ হয়, তাহলে রান যোগ হবে না কেন?সাঙ্গাকারা যা-ই বলুন, ঘটনাপ্রবাহ যেদিকে গড়িয়েছে, তাতে মোটামুটি পরিষ্কার, নো বলটি ছিল ইচ্ছাকৃত। কাল সকালে ভারতের ম্যানেজার রঞ্জীব বিসওয়ালের সঙ্গে দেখা করে ক্রিকেট শ্রীলঙ্কার সচিব নিশান্থা রানাতুঙ্গা জানিয়েছেন, ‘ক্রিকেটের চেতনাবিরোধী এই ঘটনায় শ্রীলঙ্কা ক্রিকেট দুঃখিত।’ ব্যাপারটা ভালোভাবে খতিয়ে দেখতেও বলা হয়েছে দলের ম্যানেজার অনুরা টেনেকুনকে। অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন রানাতুঙ্গা। এদিকে শেবাগ তাঁর টুইটারে লিখেছেন, রণদিভ তাঁর রুমে গিয়ে দুঃখ প্রকাশ করেছেন।ক্রিকেটের চেতনাবিরোধী আচরণের জন্য রণদিভ ও শ্রীলঙ্কাকে রীতিমতো ধুয়ে দিয়েছেন অজিত ওয়াড়েকর, মদনলাল, সৈয়দ কিরমানির মতো ভারতের সাবেকরা। আবার ভিন্নমতও আছে। চান্দু বোর্দে যেমন বলেছেন, এতে খুব একটা দোষের কিছু নেই, সব দলই এমন করে থাকে। তবে ভারতের ম্যানেজার বলেছেন, ক্রিকেট শ্রীলঙ্কার দুঃখ প্রকাশেই এই অধ্যায়ের সমাপ্তি হয়েছে। বিতর্ক আর বাড়াতে চান না তাঁরা।