'ইতালিয়ান লিগ আমাকে টানে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

দারুণ একটা বছর কাটছে ক্রিস্টিয়ানো রোনালদোর। স্কাই ইতালিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ফিফা-ব্যালন ডি’অর বিজয়ী রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড কথা বলেছেন নিজের সাম্প্রতিক সাফল্য, ক্লাবের চ্যাম্পিয়নস লিগ সম্ভাবনার মতো কিছু বিষয় নিয়ে। ইতালিয়ান টিভি বলে এসেছে সিরি ‘আ’র প্রসঙ্গও
লা দেসিমা
দশম ইউরোপিয়ান কাপ জেতার জন্য একেবারে পাগলপারা হয়ে ওঠা উচিত হবে না। ভক্ত ও খেলোয়াড়েরা এটার জন্য অনেক অপেক্ষা করেছে। রিয়াল মাদ্রিদের মতো একটা ক্লাব সব সময়ই এটা জিততে চাইবে। কিন্তু এটা সত্যি, অন্য ক্লাবগুলোও এই শিরোপা জিততে পারে। আমি মোটামুটি নিশ্চিত, আমাদের জন্য সেই বছর হতে পারে এটাই। আমাদের দারুণ একটা দল ও একজন কোচ আছে। আর আনচেলত্তি খুবই সৌভাগ্যবান একজন মানুষ। আমি আশা করব, তিনি আমাদের দুর্ভাগ্যটা এবার মুছে ফেলতে পারবেন।
দ্বিতীয়বার ব্যালন ডি’অর জয়
আমি আশা করিনি, এটা জিতব। এটা ছিল আমার জন্য অসাধারণ একটা মুহূর্ত, বিশেষ করে যখন আমার ছেলে আমার সঙ্গে স্টেজে উঠে গেল। আবেগে আমার চোখ জলে ভরে উঠেছিল। আমি অবশ্য খুশিও ছিলাম। আমার চোখের জল পুরোপুরি খাঁটি ছিল। আমি সেদিন একটু স্নায়ুচাপে ভুগছিলাম। যতই নাম ঘোষণার সময় এগিয়ে আসছিল, ততই একটা অনিশ্চয়তা ও কৌতূহল ঘিরে ধরছিল। নিজের নাম শোনার মাত্র যেন মুক্তির আনন্দ হলো, লম্বা একটা শ্বাস নিলাম, আবেগের একটা ঢেউ অনুভব করলাম। আমি সত্যি এটা আশা করিনি, অবশেষে আমি নিজের অফুরান আনন্দটা প্রকাশ করতে পারছি! একজন খেলোয়াড়ের জন্য ব্যালন ডি’অর পুরস্কারটাই সবচেয়ে বড়। বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হওয়াটা তো অনন্য। আমি দুবার এটা জিতেছি, দেখা যাক ভবিষ্যতে কী হয়!
মারিও বালোতেল্লি
আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না। সে মাঠের বাইরে কী করে সেটা নিয়েও আমার খুব একটা কৌতূহল নেই। কিন্তু আমি মনে করি সে ভালো খেলোয়াড়। এসি মিলান ও ইতালির হয়ে নিজের ছাপ রাখার সামর্থ্য তার আছে। এর মধ্যেই সে এই সামর্থ্যের প্রমাণ রাখছেও।
ইউরোপের বড় লিগগুলো প্রসঙ্গে
সত্যিটা হচ্ছে আমি আসলে ইতালিয়ান লিগের খুব বড় ভক্ত নই। এটা নিয়মিত আমার দেখা হয় না, তবে আমি জানি সিরি ‘আ’র মান কতটা ওপরে। এটা সব সময়ই ইউরোপের সবচেয়ে শক্তিশালী লিগগুলোর একটি, বিশ্বকাপ বা ইউরোপিয়ান প্রতিযোগতায় এই লিগের অনেক খেলোয়াড় থাকে। আমি বলছি না ইতালিয়ান লিগ খারাপ, তবে এটা আমাকে তেমন একটা টানে না। অনেক ভালো ভালো খেলোয়াড় ও দল আছে এই লিগে। তার পরও খুব একটা আগ্রহ আমি পাই না। আমি লা লিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগই বেশি দেখি। কে জানে, এক দিন হয়তো আমি নিজের মত বদলাব!