ডাবল জয়ের স্বপ্নে বিভোর লিভারপুল। চেলসিরও একই স্বপ্ন। তবে আজ ফুটবল-তীর্থ ওয়েম্বলিতে এফএ কাপের ফাইনাল জিতলেই লিভারপুলের ডাবল হয়ে যাবে। কার্লিং কাপটা যে আগেই জেতা হয়ে গেছে প্রিমিয়ার লিগে হাবুডুবু খাওয়া লিভারপুলের। অন্যদিকে বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল টুর্নামেন্টটা জিতলেই শুধু এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগের ডাবল জয়ের স্বপ্ন দেখতে পারবে চেলসি।১৮৭১-৭২ সালে শুরু হওয়া এফএ কাপের প্রথম ৯৪ বছরে একবারও ট্রফি হাতে তুলতে পারেনি চেলসি-লিভারপুল কেউই। ১৯৬৫ সালে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার পর লিভারপুল আরও ছয়বার জিতেছে ইংলিশ ফুটবলের প্রতীক এই ট্রফি। চেলসির ছয়টি শিরোপার প্রথমটি এসেছিল ১৯৭০ সালে। তবে ওয়েম্বলির নতুন স্টেডিয়ামে গত পাঁচবারের তিনবারই বিজয়ী দলের নাম ছিল চেলসি। লিভারপুল সর্বশেষ জিতেছে ২০০৬ সালে।বাংলাদেশ সময় রাত সোয়া ১০টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে বিশ্বের ১২০টি দেশে। এফএ কাপের ১৪১ বছরের ইতিহাসে এবারই সবচেয়ে দেরিতে শুরু হচ্ছে ফাইনাল। আজকের ফাইনালটাকে দেখা হচ্ছে দুই দলের দুই ব্যর্থ তারকা ফার্নান্দো তোরেস ও অ্যান্ডি ক্যারলের ইতিহাসে নাম লেখানোর সুযোগ হিসেবে। ২০১১ সালের জানুয়ারির দলবদলে অনেক হইচই ফেলে এই দুই স্ট্রাইকারকে দলে টেনেছে চেলসি ও লিভারপুল। ব্রিটিশ রেকর্ড ট্রান্সফার ফিতে (৫০ মিলিয়ন পাউন্ড) লিভারপুল ছেড়ে চেলসিতে যাওয়া তোরেস ও ৩৫ মিলিয়ন পাউন্ডে নিউক্যাসল থেকে লিভারপুলে আসা ক্যারলের কেউই নিজেদের চেনাতে পারেননি। গত দেড় বছরে তোরেস ১২টি ও ক্যারল ১১টি গোল করেছেন।লিগে নিজেদের সর্বশেষ ম্যাচে হেরেছে দুই দলই। চেলসি হেরেছে নিউক্যাসলের কাছে ও লিভারপুলকে হারিয়েছে ফুলহাম। অলরেড কোচ কেনি ডালগ্লিস অবশ্য আজকের ফাইনালকে ওই ম্যাচের পাল্লায় মাপতে নারাজ। এফএ কাপের জন্যই সেদিন মূল চার খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া ডালগ্লিসের কাছে ব্যর্থতা পেছনে ফেলার শেষ সুযোগ, ‘কাপ জেতাটা অবশ্যই তৃপ্তিকর। এই তৃপ্তিটা লিগে পঞ্চম বা ষষ্ঠ হয়ে পাওয়া যায় না।’চেলসি কোচ ডি মাত্তেওর সামনে অন্য রকম এক হ্যাটট্রিকের সুযোগ। গত দুবারই এই প্রতিযোগিতা জিতেছেন দুই ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি (চেলসি) ও রবার্তো মানচিনি (ম্যান সিটি)। আজ জিতলেই ‘ইতালিয়ান হ্যাটট্রিক’ পুরো করে ফেলবেন মাত্তেও। তবে চেলসি কোচ সতর্ক, ‘আমরা এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগ জিততে চাই। আমরা ফাইনালে উঠেছি, তবে এখনো কিন্তু কিছুই জিতিনি।’ডালগ্লিস খেলোয়াড় ও কোচ দুই ভূমিকাতেই জিতেছেন এফএ কাপ। চেলসির হয়ে দুটি এফএ কাপ জেতা মাত্তেওর সামনে এবার সুযোগ ডালগ্লিসের সমকক্ষ হওয়ার। এএফপি, রয়টার্স। এক নজরে এফএ কাপ বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল প্রতিযোগিতা এফএ কাপ। ১৮৭১ সালে শুরু হয় ইংল্যান্ডের এই কাপ টুর্নামেন্ট। ১৮৭২ সালে এফএ কাপের প্রথম ফাইনালটি হয় এখনকার টেস্ট ভেন্যু লন্ডনের কেনিংটন ওভালে। রয়্যাল ইঞ্জিনিয়ার্সকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল দ্য ওয়ান্ডারার্স। ১৪১ বছরের ইতিহাসে দুই বিশ্বযুদ্ধের জন্যই শুধু ১০ বার হতে পারেনি এই প্রতিযোগিতা। খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি ছয়বার ট্রফি জিতেছেন অ্যাশলি কোল। চেলসি ও আর্সেনালের হয়ে তিনবার করে। এবার নিয়ে চেলসি ১১ বার ও লিভারপুল ১৪ বার ফাইনালে উঠলেও এবারই প্রথম মুখোমুখি দল দুইটি।