
জয়টা অভাবনীয়। অবিশ্বাস্য তো বটেই। শ্রীলঙ্কা বিমানবাহিনী দলকে পরশু তাদেরই মাঠে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে শেখ রাসেল! আজ ভুটানের উগেন একাডেমির সঙ্গে ড্র করলেই এএফসি প্রেসিডেন্টস কাপে চূড়ান্ত পর্বে উঠবে বাংলাদেশের লিগ চ্যাম্পিয়নরা। কলম্বো থেকে কাল ফোনে শেখ রাসেল অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য বললেন সেই স্বপ্নের কথাই
আপনারা তো তাক লাগিয়ে দিলেন। শ্রীলঙ্কার দলকে তাদেরই মাঠে ৫ গোল...।
বিপ্লব ভট্টাচার্য: শ্রীলঙ্কার একটা দলকে ওদের মাঠে ৫ গোল দেওয়া অনেক বড় ব্যাপার। তাই বলে ভাববেন না, ওরা খারাপ দল। ওদের সমস্যাটা হয়েছে, আক্রমণাত্মক খেলতে গিয়ে দ্রুত রক্ষণে নামতে পারেনি। প্রথম ১০ মিনিটে ওরা এমন চাপ দিয়েছে আমাদের ওপর, আমরা গোল খেলে বলার কিছুই থাকত না। পাল্টা-আক্রমণ থেকে আমরা পোল পেয়ে যাই।
তাই বলে নিশ্চয়ই এত বড় জয় ভাবেননি?
বিপ্লব: শুধু আমরা কেন, কেউই ভাবেনি শ্রীলঙ্কার দলটা ৫ গোল খাবে। আমাদের দ্বিতীয় গোলটাই টার্নিং পয়েন্ট। শাকিল প্রথম গোল করার পর ওরা সবাই আক্রমণে এসেছে। আমরাও প্রতি-আক্রমণ থেকে আবার গোল পেয়ে যাই। ওই গোল হয়েছে মাত্র তিনটি পাসে। আমি বল দিয়েছি প্যাসকেলকে, ও বক্সে স্কয়ার পাস দেয় মিঠুনকে। মিঠুন দারুণ ফিনিশ করেছে। এই গোলেই ওরা অনেক চাপে পড়ে যায়। দ্বিতীয়ার্ধে আক্রমণে এসেছে আর পাল্টা-আক্রমণে গোল খেয়েছে।
ম্যাচের পর ওদের শরীরী ভাষাটা কেমন দেখলেন?
বিপ্লব: স্থানীয় দর্শক, খেলোয়াড়, কোচ সবাই অবাক। অনেক দর্শক এসেছিল মাঠে। দর্শকদের দেখলাম খুবই মন খারাপ। সবাই বিব্রত। কোচ সামান্থা পেরেরা আমাকে বললেন, ‘তোমরা এভাবে জয় পাবে কল্পনাও করিনি।’ ওঁকে আগে থেকেই চিনি আমি। শ্রীলঙ্কা জাতীয় দলের অনেক খেলোয়াড়ই এই দলে, যাঁদের সঙ্গে আমার পরিচয় আছে। সবাই আসলে আপসেট ছিল।
আন্তর্জাতিক ফুটবলে অনেক দিন খেলছেন। নিশ্চয়ই নতুন অভিজ্ঞতা হলো এবার?
বিপ্লব: মালদ্বীপের ভ্যালেন্সিয়াকে ৮-১ গোলে হারিয়েছিল আবাহনী, যেটি ক্লাব পর্যায়ে বাংলাদেশের কোনো ক্লাবের সবচেয়ে বড় জয়। মোহামেডানেরও ৭ গোলের জয় আছে শুনেছি ছোটবেলায়। আমাদের প্রজন্মে পাঁচ গোলে জয় এটাই প্রথম।
কোচ দুকানোভিচ খুব খুশি নিশ্চয়ই? তাঁর কৌশলটাই বা কী ছিল?
বিপ্লব: কোচ খুব খুশি। তিনি দায়িত্ব নেওয়ার পর ঘরোয়া লিগে আমরা দুই ম্যাচের একটি ড্র, একটি হেরেছি। অবশেষে তাঁর অধীনে চতুর্থ ম্যাচ জিতলাম। আমরা পজেশনাল ফুটবল খেলেছি। পাকিস্তানি দলের সঙ্গে গোলশূন্য ড্র ম্যাচেও তাই। কোচের পরিকল্পনা অনুযায়ী আমরা পায়ে বল রাখতে চেয়েছি এবং সেটা পেরেছি।
ভুটানের উগেন দলের বিপক্ষে কাল (আজ) শেষ ম্যাচ। দ্বিতীয় রাউন্ডে যেতে একটা পয়েন্ট চাই। কী ভাবছেন?
বিপ্লব: ভুটানের দলটিকে হারিয়েই চূড়ান্ত পর্বে যেতে চাই। তাই শেষ ম্যাচ হালকাভাবে নিচ্ছি না। ভুটানের দলটি দুই ম্যাচে হারলেও বেশ ভালো দল। আমাদের মতো পজেশনাল ফুটবল খেলে।
দেশে কিন্তু সবাই বেশ আশাবাদী আপনারা লক্ষ্যপূরণ করেই ফিরবেন...
বিপ্লব: জানি, আসলে লক্ষ্যটা পূরণ করতে পারলে আমাদের ফুটবলের জন্য অনেক ভালো হবে। আমাদের ঘরোয়া ফুটবল এই অঞ্চলে ভারতের পরই শক্তিশালী, সেটা আমরা প্রমাণ করতে পারব। এএফসি প্রেসিডেন্টস কাপে বাংলাদেশের কোনো দল দ্বিতীয় রাউন্ডে যেতে পারেনি আগে। আমরা ইতিহাস গড়েই ফিরতে চাই।
শ্রীলঙ্কায় যাওয়া মানে পাকির আলীর কথা চলেই আসে। তাঁর সঙ্গে কথা হয়েছে?
বিপ্লব: ফোনে আমাদের শুভকামনা জানিয়েছেন। তবে তিনি এখন কলম্বোর বাইরে।