জার্মান ক্লাব এফসি ফ্রেইবুর্গের কোচ ছিলেন টানা ১৬ বছর। গত বছর ক্যামেরুনের দায়িত্ব পান ভলকার ফিনকে। ৬৬ বছর বয়সী জার্মানের এটাই প্রথম কোনো জাতীয় দলের কোচ হওয়া। ওয়ার্ল্ড সকারকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন অদম্য সিংহদের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে

বিশ্বকাপে আপনাদের সম্ভাবনা কেমন?
ভলকার ফিনকে: মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে আমরা বিশ্বকাপ শুরু করছি। এরপর ক্রোয়েশিয়া। শেষে ব্রাসিলিয়ায় ব্রাজিলের সঙ্গে ম্যাচ, যেটিকে বলা যায় বোনাস। দ্বিতীয় রাউন্ডে ওঠার জন্য মেক্সিকো ও ক্রোয়েশিয়ার বিপক্ষে আমাদের যথেষ্ট পয়েন্ট পেতে হবে, যাতে ব্রাজিলের বিপক্ষে ফল নিয়ে আমাদের ভাবতে না হয়।
স্বাগতিকদের সঙ্গে খেলার আগে আপনার ভাবনা কেমন?
ফিনকে: কোচ হিসেবে আসলে আলাদা কোনো প্রণোদনার দরকার নেই। ব্রাজিলের সঙ্গে খেলা মানেই যেকোনো খেলোয়াড়ের ক্যারিয়ারের চুম্বক অংশই। আপনি হয়তো ২০ বা ৩০ বছর ধরে ফুটবলের সঙ্গে জড়িত আছেন, কিন্তু ব্রাজিলে বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ আপনি সারা জীবনে একবারই পাবেন। এটা আসলেই অসাধারণ একটি অভিযান, সারা জীবনে এমন সুযোগ একবারই আসে। ফুটবলের দেশ এটাই। এখানকার আবেগ, টেকনিক, সংগীত, ছন্দ, নৃত্য সবকিছুসহ। ব্রাজিল কাতার বা অন্য দেশগুলোর চেয়ে অনেক অন্যরকম। এখানে খেলাটা হবে দারুণ মজার।
ক্যামেরুন স্যামুয়েল ইতোর ওপর আসলে কতটুকু নির্ভরশীল?
ফিনকে: ইতো আমাদের সেরা খেলোয়াড়। সে আসলেই ব্যবধান গড়ে দিতে পারে। আমি খুবই খুশি, সে রাশিয়ার অভিজ্ঞতা পেছনে ফেলে এসেছে। আমি মনে করি, চেলসিতে সে নিজের সেরা রূপে ফিরে আসার পথে আছে। এ জন্যই আশা করছি বিশ্বকাপে সে আমাদের জন্য ব্যবধান গড়ে দিতে পারে।
কিন্তু দলের বাকিদের সঙ্গে ওর আগে যে সমস্যা হয়েছিল, সেটা কি এখন অতীত?
ফিনকে: আমি আনন্দের সঙ্গে বলছি, ‘হ্যাঁ’। সে এখনো একজন ম্যাচজয়ী খেলোয়াড়। কিন্তু যখনই কোনো একটা সংঘাত হয়েছে, খেলোয়াড়েরা সেটা পেছনে ফেলেই মাঠে নেমেছে।
ক্যামেরুন কি ব্রাজিলে চমক দেখাতে পারবে?
ফিনকে: কে-ই বা চমক দেখাতে পারবে? ফুটবলে এখন দলে সর্বোচ্চ পর্যায়ের অন্তত ১০-১২ জন খেলোয়াড় দরকার। দলের জন্য তাদের নিজেদের উজাড় করে দিতে হবে। এটা আসলে এক বা দুজন খেলোয়াড়ের ব্যাপার না। এটা অনেকজনের ব্যাপার, যাদের যে কেউ-ই ব্যবধান গড়ে দিতে পারে।
এটা বলা কি ঠিক হবে, ক্যামেরুন বাছাইপর্বে সেভাবে আলো ছড়াতে পারেনি?
ফিনকে: আমরা সব সময় নিজেদের সেরাটা খেলতে পারিনি, কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে দল খুবই ভালো করেছে। কিনশাসায় গোলশূন্য ড্রয়ের ম্যাচটা ধরুন (কঙ্গোর বিপক্ষে), একটা হার মানে যখন মহা বিপর্যয়। অথবা লিবিয়ার সঙ্গে ১-০ গোলের জয়টা (যেটি জিতে ক্যামেরুন গ্রুপের শীর্ষে), বিশেষ করে তিউনিসিয়ার সঙ্গে ৪-১ গোলের সেই জয় (প্লে অফের মাধ্যমে ব্রাজিলে টিকিট পাওয়া)। এসব প্রমাণ করে দরকারের সময় তারা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পেরেছে।
ক্যামেরুনে ফুটবল প্রশাসন তো ভেঙে পড়েছে, কাজ চালাচ্ছে অন্তর্বর্তী ফেডারেশন। এটা আপনার কাজে কতটুকু প্রভাব ফেলেছে?
ফিনকে: এটা পুরোপুরি রাজনৈতিক। এ নিয়ে আমি কিছু বলতে চাই না। আমাকে প্রশ্নটা সব সময় করা হয়। এটা নিয়ে কিছু বললে সেটি দলের কোনো উপকারে আসবে না।