‘ইনজুরিই আমার সবচেয়ে বড় শত্রু’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বড় বড় ওয়ানডে জয়গুলোতে তাঁর ভূমিকা প্রায়ই পার্শ্বনায়কের। মিতব্যয়ী বোলিং আর শুরুতেই ব্রেক থ্রু এনে দেওয়ার ক্ষমতা দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। কিন্তু ইনজুরি তাঁকে প্রায়ই দলের বাইরে নিয়ে যায়। আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ফেরা সৈয়দ রাসেল জানাচ্ছেন নিজের কথা খুলনার খেলোয়াড় আপনি, অথচ এনসিএলে খেলবেন বরিশালের হয়ে। কেমন লাগছে?সৈয়দ রাসেল: ব্যাপারটা পেশাদারি মনোভাবেই বিচার করতে হবে। বিভিন্ন সময়ে বিভিন্ন ক্লাবের হয়ে যেমন খেলি, এখানেও সেভাবে খেলব। যখন যে ক্লাবের হয়ে খেলি, সেখানেই শতভাগ দিয়ে দিই। এখানেও তাই দিতে হবে। খুলনার হয়ে খেলতে পারলেই ভালো লাগত। কিন্তু কী আর করা! আপাতত এটা ভুলে বরিশালকে ভালো ফল এনে দেওয়ার চেষ্টা করতে হবে। ভালো করতে পারবে বরিশাল ব্লেজার্স?রাসেল: আমি আশাবাদী। বরিশালের দলটা খুব ব্যালান্সড হয়েছে। অনূর্ধ্ব-১৯ দলের দারুণ কয়েকজন খেলোয়াড় আছে। আমরা আছি। আমার মনে হয় আমরা ভালো করব। এখন এই দলের সঙ্গে দু-একজন ভালো বিদেশি খেলোয়াড় যোগ হলে খুবই ভালো হবে দলটা। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ফিরেছেন। অনুভূতি কী?রাসেল: নিঃসন্দেহে ভালো। জাতীয় দলে যেকোনো ফরম্যাটের দলে ফেরাই ভালো অনুভূতি। এখন এটাকে কাজে লাগাতে চাই। আমার হিসাব সোজা। প্রথম ম্যাচে সুযোগ পেলে এমন পারফরম্যান্স করতে হবে যেন পরের ম্যাচে যাতে দলে থাকি। সেটা পারবেন?রাসেল: আশা তো করছি। টি-টোয়েন্টিতে একটু মিতব্যয়ী বোলার খোঁজা হয়। আমি তো রানটা একটু কম দেওয়ারই চেষ্টা করি। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে আমরা যে ম্যাচে হারিয়েছিলাম, ওই ম্যাচে ৪ ওভারে ১০ রান দিয়েছিলাম। আশা করি, এবার সে রকম কিছু করতে পারব। আপনার ওয়েস্ট ইন্ডিজ অভিজ্ঞতা তো ভালোই...রাসেল: হ্যাঁ, বিশ্বকাপে ভালোই করেছিলাম। ওখানকার উইকেট সাধারণত আমাদের মতো হয়। আমার মতো বোলারের জন্য ওই ধরনের উইকেট বেশ ভালোই। এখন দেখা যাক, কী হয়। সুযোগ পেলে মাঠে কেমন করি, তার ওপরই সব নির্ভর করছে। সুযোগ তো পান। কিন্তু বারবার ইনজুরির জন্য আবার জাতীয় দল থেকে ছিটকে পড়েন...রাসেল: খানিকটা সত্যি। কিন্তু সর্বশেষ জাতীয় দল থেকে ইনজুরির জন্য বাদ পড়িনি। বাদ পড়েছিলাম টিম কম্বিনেশনের কারণে।  ইংল্যান্ডের বিপক্ষে ‘এ’ দলের ম্যাচ থেকে সেই ইনজুরি নিয়েই ঢাকায় ফিরলেন।রাসেল: হ্যাঁ, তা ঠিক। ওই যে ছোট্ট একটা ইনজুরি ভোগাচ্ছিল।  এই নিয়ে কতবার ম্যাচ চলা অবস্থায় বা সফর থেকে ইনজুরির জন্য দলের বাইরে থাকতে হয়েছে?রাসেল: হুমমম...সেই নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা। তার পর... দেশে জিম্বাবুয়ের বিপক্ষে...না সব মনে করতে পারছি না। অনেকবার হয়েছে এমন। আপনারই বারবার এমন হয় কেন? ফিটনেসের সমস্যা?রাসেল: আমার তো ফিটনেসের সমস্যা বলে মনে হয় না। সবাই যে ট্রেনিং করে আমিও তাই করি। কোনো জায়গায় কোনো ফাঁকি দিই না। তাহলে আমার কেন বারবার হবে? আর কী সব ইনজুরি! কখনো দড়িতে বেঁধে পড়ে গিয়ে ইনজুরি, কখনো বলের ওপর পড়ে। এসব কি ফিটনেসের অভাবে হয়! আমার মনে হয় ভাগ্যটাও সঙ্গে থাকে না। কী জানি! তারপরও ফিটনেস নিয়ে বিশেষ কিছু করেন না?রাসেল: করছি। একটা পুনর্বাসন কোর্স করছি। আর এখন বুঝতে পারছি, ইনজুরিই আমার সবচেয়ে বড় শত্রু। তাই ফিটনেসের জন্য এখন বাড়তি পরিশ্রম করছি। ইনজুরি ছাড়া দল থেকে বাদ পড়লে কেমন লাগে?রাসেল: বাদ পড়লে কি আর ভালো লাগে! যখনই দলে সুযোগ পাই, পারফর্ম খুব খারাপ করি না। হ্যাঁ, হয়তো সেরা পারফরম্যান্স করি না। কিন্তু কিছু ভূমিকা তো রাখি। তার পরও কেন যেন বাদ পড়ে যাই। শেষবার বলা হলো ‘কম্বিনেশনের’ কারণে বাদ। সেটাই মেনে নিয়েছি।