'ইনিয়েস্তা প্রজন্ম'
যদি দায় হয় তবে সেটা আন্দ্রেস ইনিয়েস্তার। কৃতিত্ব হলে তার প্রশংসাও বার্সেলোনা মিডফিল্ডারই পাবেন।
প্রশংসা পাওয়ার সম্ভাবনাই বেশি, জনসংখ্যা বৃদ্ধি তো আর স্পেনে সমস্যা হয়ে ওঠেনি এখনো।
ভাবছেন স্পেনের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে আন্দ্রেস ইনিয়েস্তার সম্পর্ক কী? সম্প্রতি ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত একটা গবেষণায় চোখ বোলানো যাক তাহলে। বার্সেলোনার মানরেসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হেসাস মন্তেসিনোসের সেই গবেষণায় দেখা যাচ্ছে, ২০১০ সালের ফেব্রুয়ারিতে আকস্মিক কাতালান রাজ্যগুলোতে জন্মহার বেড়ে গেছে স্বাভাবিকের চেয়ে শতকরা ১৬.১ ভাগ। পরের মাসেও শিশুর জন্ম হয়েছে স্বাভাবিকের চেয়ে ১১ ভাগ বেশি। এর আগে-পরে সংখ্যাটা আবার স্বাভাবিকের কাছাকাছি। হঠাৎ করে ওই দুই মাসে জন্মহার বেড়ে যাওয়ার কারণ আর এর সঙ্গে ইনিয়েস্তার সম্পর্ক এখনো পরিষ্কার হচ্ছে না?
স্মৃতির ভেলায় ভেসে মাস দশেক পেছনে ফিরে যান। ৬ মে, ২০০৯। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে চেলসির বিপক্ষে খেলছে বার্সেলোনা। স্ট্যামফোর্ড ব্রিজে এক গোলে এগিয়ে থাকা চেলসির সঙ্গে একেবারে শেষ মুহূর্তে গোল করে কাতালানদের উচ্ছ্বাসের বন্যায় ভাসিয়ে দিলেন ইনিয়েস্তা। দুই লেগ মিলিয়ে অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে বার্সেলোনা গেল ফাইনালে। সপ্তাহ তিনেক পরে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে শিরোপা জয়ের বীজও বপণ করল ইনিয়েস্তার ওই গোল। ১০ মাস পরে যে শিশুদের জন্ম হয়েছিল ওদের বীজ বপণও হয়েছিল হয়তো এই বাঁধনহারা আনন্দ উদ্যাপনের সময়টাতেই।
এটা নিছকই একটা তত্ত্ব। তবে এই তত্ত্বটাকে আরেকটু জোরালো করতেই যেন হেসাস মন্তেসিনোসের ব্যাখ্যা, ‘মানুষের আবেগ জনসংখ্যার ওঠানামায় বড় ভূমিকা রাখে। জাতীয় কিংবা আঞ্চলিক কোনো উৎসবের মুহূর্ত মানুষের উদ্বেগ অনেক কমিয়ে দেয়, ভালোবাসা বাড়িয়ে দেয়।’ ইনিয়েস্তার গোল তো সেই রকমই একটা মুহূর্ত হয়ে এসেছিল কাতালানদের জীবনে।
তার মাস দশেক পরে জন্ম নেওয়া ওই শিশুগুলোকে তাই গবেষণায় কী বলা হয়েছে জানেন তো?
‘ইনিয়েস্তা প্রজন্ম।’ এএফপি।